মনের বাক্স
আশায় বাঁধি ঘর
তোমাকে খুব বেশিই ভালোবেসে ফেলেছি। আমার বিশ্বাস, তুমিও আমাকে অনেক ভালোবাস। তোমার ভালোবাসা আমার জন্য কখনো মিথ্যা ছিল না। তোমার দিকে তাকাতেও খুব লজ্জা পেতাম। নিজের ভেতর কেমন যেন একটা সংকোচ কাজ করত। কিন্তু একেবারেই যে তাকাতাম না, তা ঠিক না। মাঝে মাঝে তোমার চোখের ভাষা আমাকে শক্তি জোগাত। কিন্তু হঠাৎ করেই তুমি খুব বদলে গেলে। যে তুমি আমার সঙ্গে একদিন কথা না বলে থাকতে পারতে না, সেই তুমি আজ আমার পাঠানো এসএমএসগুলো পেয়ে বিরক্ত হও, সেটা বুঝি। তারপরও তোমাকে খুব ভালোবাসি। আমার বিশ্বাস, তুমি আবার ফিরে এসবে আমার জীবনে। দুজন একসঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেব।
মারিয়া আক্তার
চা-বিরতি নিলেও জবাবদিহি!
বস খিটখিটে মেজাজের। অকারণে রাগারাগি করেন, ঝাড়ি দেন। একটানা কাজের পর একটু চা-বিরতি নিলেও বসের কাছে জবাবদিহি করতে হয়। ভাবুন তো, আপনি এ রকম একটি অফিসে কাজ করছেন, নিশ্চয়ই আপনার মধ্যে অস্বস্তিকর অবস্থা নেমে আসবে। এমন বসের অধীনে কারইবা কাজ করতে ভালো লাগে? তাই অফিসের পরিবেশ ঠিক রাখতে নিজের যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, বসেরও কর্মীর সুবিধা-অসুবিধা বুঝতে হবে। তাহলেই অফিসের পরিবেশ ঠিক থাকবে।
মোয়াজ্জেম মোনাম

ভালোবাসি ভালোবাসি
সেদিন ছিল ১৫ ফেব্রুয়ারি। এদিনের পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি একবার তাকালেই আমার ভালোবাসা পারদের মতো বেড়ে যায়। ভেবেছিলাম কখনো তোমাকে পাব না। কিন্তু এখন তার বিপরীত ভাবতে শুরু করেছি। মনের জোর থাকলে সবই নাকি জয় করা যায়। আমি তোমাকে দিয়ে বুঝেছি ভালোবাসা কী জিনিস। এখন আমার ভাবনায় শুধু তুমি। তোমার লুকিয়ে লুকিয়ে চেয়ে থাকার কথা ভেবে এখনো পাগলের মতো একা একাই হাসি।
সোহেল রানা
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট।

আমি তার প্রাক্তন
প্রেমে ব্যর্থতা নতুন কিছু নয়, তবে আমারটা কিছুটা আলাদা। ফেসবুকে পরিচয়, টুকটাক আলাপ, দিনে দিনে একে অপরের প্রতি যত্নশীল, নির্ভরশীলতা, তারপর একসময় প্রেমে হাবুডুবু। প্রেম বিষয়টা খুব রোমাঞ্চকর, সেটা বুঝলাম এই ২৫ বছর বয়সে এসে। তবে সেই প্রেম টেকেনি বেশি দিন। মাত্র ১৬ দিনের মাথায় শুনলাম দুঃখের বার্তা। আমি তার কাছে প্রাক্তন। কারণ, সে আবার প্রেমে পড়েছে। কিছুদিনের মধ্যেই বিষয়টা আরও পরিষ্কার হলো। সে আমাকে সহ্য করতে পারে না। কথা বলতে চায় না। এখন ভাবি, সে কি সত্যিই আমাকে ভালোবেসেছে কখনো? এখনো তার কথা মনে হয়, এখনো তাকেই ভালোবাসি, হয়তো তার বর্তমান প্রেমিকার চেয়েও বেশি। প্রেম ফুরিয়ে গেছে, কিন্তু ভালোবাসা রয়ে গেছে।
ধ্রুপদি
রাজশাহী।
কেন তুমি এমন হয়ে গেলে
কেমন আছ তুমি? আশা করি ভালো আছ। আমি ভালো নেই তোমাকে ছাড়া। অনেক দিন হয়ে গেল কোনো কথা হয় না তোমার সঙ্গে। শেষ কথা হয়েছিল ২৪ অক্টোবর ২০১৫। সেদিন তুমি বলেছিলে, কিছুদিন পর নাকি তোমার বার্ষিক পরীক্ষা। পরীক্ষা শেষ হলে আবার কথা বলবে। সেটা শেষ হয়ে পরের বছর এসএসসি পরীক্ষাও দিয়েছ, কিন্তু আর কথা বলনি। আজও আমাকে কাঁদায় সেসব দিনের স্মৃতি। কথাগুলো মনে পড়লে নিজের মনকে বোঝাতে পারি না। শুধু তোমাকে খুঁজি। কিন্তু কেন কথা বল না আমার সঙ্গে? কী করেছি আমি? সত্যি তোমাকে ছাড়া আমি খুব কষ্টে আছি। তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। তোমাকে ছাড়া আমি আর অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারব না। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ফিরে আসো ভালোবাসা!
রকি
ফুলগাজী, ফেনী।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’