মনের বাক্স

ভালোবাসি এখনো!
একই ব্যাচে ছিলাম, একসঙ্গে ক্লাস করতাম, তখন ক্লাস সেভেনে পরতাম, তখন ক্লাসে বসে শুধু তোকেই দেখতাম। তারপর আস্তে আস্তে তোর সঙ্গে কথা বলি, তখন এই তোকে কেন জানি খুব বেশি ভালোবেসে ফেলি। এভাবে চলে গেল ক্লাস সেভেন, এইট, নাইন। ক্লাস টেনে তোর সঙ্গে একটু বেশিই কথা বলি। একসঙ্গে সাইকেলে তোকে স্কুলে নিতাম, আবার আনতাম। আবার আমার বোনকে রাস্তায় দেখলে তোকে সাইকেল থেকে নামিয়ে দিতাম। একদিন আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজছিলাম স্কুল থেকে বাড়িতে আসার সময়। খুব ভালোই ছিল সেই মুহূর্তটা। একসঙ্গে সাইকেল দিয়ে স্কুলে যাওয়া-আসা। এভাবেই শেষ হয়ে যায় স্কুলজীবন। কখনো তোকে বলতে পারিনি, আমি তোকে ভালোবাসি। তুই কি কখনো বুঝতি না যে আমি তোকে ভালোবাসতাম। আমার অনুভূতি বুঝতে না তুই...? তোর কি একবারও মনে পড়ে না সেই মুহূর্ত...! জানি ভালো আছিস, ভালো থাকিস, এখনো তোকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসব সারা জীবন।
তোফাজ্জল হোসেন
কিশোরগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি, কিশোরগঞ্জ।
মনে পড়বে কি আমার কথা
তোমার কি মনে পড়ে একটি কথা, একটি রাতের কথা। কিছু সময় আমরা ফোনে কথা বলি। তুমি একটি নাম দিয়েছিলে। একটি নাম নয়, তুমি আমাকে অনেক নামে ডাকতে। তুমি হয়তো ভুলে গিয়েছ। মনে পড়ে তোমার? আমি অনেক হাসছিলাম; কারণ, নামটা আমার ভালো লেগেছিল। সত্যিই আমার জীবনটা বাবুই পাখির মতো, যে অজস্র পরিশ্রম দিয়ে একটা নীড় তৈরি করে একটু সুখের জন্য। সে কি জানত অজানা কোনো ঝড় তার নীড়টাকে ভেঙে ফেলবে? নীড় ভাঙা ছন্নছাড়া পাখির মতো বেঁচে থাকা খুবই কঠিন, যন্ত্রণাময়। হারিয়ে যাবে একদিন। মনে পড়বে কি আমার কথা? তোমার মনের উঠোনে উঁকি দিয়েছিলাম আমি। তোমাকে খুব মনে পড়ে। ভালো থেকো।
নাম প্রকাশে অনিচ্ছুক
একটু হাসবেন?
খুব একটা বৃষ্টি আজ নেই, আকাশ মেঘলা করে আছে। আপনাকে যে আকাশ দেখতে বলব, সেই অধিকারও আমার নেই। আমরা যেন শত যোজন দূরে আছি। কিন্তু মন থেকে আসলে কোনো দূরত্বই আমাদের নেই, সে কথা আপনিও জানেন, আমিও জানি। তবে কেন এই দূরত্ব আমি বুঝি না। আপনার রাগ, হাসি, অভিমান, গোমড়া মুখ—সবকিছুতে যেন নিজের অধিকার আমার। কষ্ট দিয়েছি খুব? কখনো তো মুখ ফুটে বললেন না, আমার কষ্ট হচ্ছে! এতটাই নিজের মতো আপনি। বিশ্বাস করুন, সারা বাংলাদেশের সামনে বলছি, আমি আপনার কোনো বিশ্বাস ভাঙিনি। অন্যদের কথায় ভুল ভেবে দূরে সরে থাকবেন না। কথা না বলার কষ্ট আর সহ্য করতে পারছি না। এভাবে যে অস্তিত্ব হারিয়ে যাবে! মুখের ওই হাসিটা দেখার ইচ্ছা খুব, একটু হাসবেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
চট্টগ্রাম।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’