মনের বাক্স

খুঁজে ফেরা প্রিয়মুখ
গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই গ্রামের বাড়িতে এলাম। এরপর থেকে গ্রামে আমার প্রতিটা দিন ঈদের মতো কাটে। যেদিন থেকে পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছি, সেদিন থেকেই বন্ধের জন্য প্রহর গুনতে থাকতাম কবে বাড়িতে আসতে পারব। পরিবারের সবার সঙ্গে থাকতে পারছি না, গ্রামে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারছি না—এসব কথা মনে করে শুয়ে শুয়ে কাঁদতাম। আসলে প্রিয়জনদের ছেড়ে কোথাও থাকতে হলে সবারই এই অনুভূতিটা হয়। আর এই মায়াময় আকর্ষণকে আসলে কেউই অগ্রাহ্য করতে পারে না।
প্রথম কথায় আসি, ওই গ্রীষ্মকালীন ছুটিতে যখন বাড়িতে গেলাম, তখন পরিবারের সবার সঙ্গে কথা হওয়ার পর খাওয়াদাওয়া সেরে আমার বন্ধুর বাড়ির দিকে সোজা রওনা হয়ে গেলাম। আর বন্ধুর বাড়ির ভেতরে ঢুকেই দেখলাম একটা পিচ্চি বাচ্চা হাঁটছে।ছোট শিশুদের প্রতি আমার ভালোবাসাটা খুবই বেশি, তাই ওদের নিয়ে আগ্রহটাও বেশি। তারপর বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর জানতে পারলাম, ওটা ওর বড় ভাইয়ের মেয়ে। আমি আসলে বাবুটাকে আগে কখনো দেখিনি; কারণ, বন্ধুর বড় ভাই তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন, দু-তিন বছর পরপর বাড়িতে আসেন, আর এর মধ্যে আগেও আরও আসতে পারেন কিন্তু আমি হয়তোবা বাড়িতে থাকি না বলে দেখি না।
বন্ধুর বাড়িতে প্রায় প্রতিদিনই আমার যাওয়া হতো। আর প্রায়ই দেখতাম ওর ভাইয়ের বাবুটা একা একা খেলা করছে। আর ওর নিষ্পাপ মায়াময় মুখ আর কথা আমাকে খুব টানত। একদিন হঠাৎ আধো স্বরে চাচু চাচু ডাকতে ডাকতে দৌড়ে এসে আমার কোলে উঠল, আর সেদিন থেকেই যত দিন বাড়িতে ছিলাম প্রতিদিন ওকে কোলে করে নিয়ে ঘুরতাম। নিষ্পাপ মায়াময় মুখটা নিয়ে আমার কাছে এসে যখন চাচু চাচু বলে ডাকত, তখন যে আমার কত ভালো লাগা কাজ করত, তা আমি মুখে বলে বোঝাতে পারব না। তারপর আমার ছুটিও শেষ, চলে এলাম বিশ্ববিদ্যালয়ে। এখন যখন গ্রামের বাড়িতে যাই, ওর সঙ্গে দেখা হয় না, আর সেটা প্রায় তিন বছর হবে। ওরা গ্রামে আসেও না বা যদিও বা আসে, আমার সঙ্গে সময়ের তাল মেলে না। তাই দেখাও হয় না। চাচ্চু তোমাকে না আমি বড্ড মিস করি! তোমার কি এখনো মনে হয় তোমার চাচ্চুর কথা? জীবন চলার পথে আমরা এমন কত প্রিয়মুখ হারাই, যাদের স্মৃতি আমাদের আবেগতাড়িত করে। সবাই প্রিয়মুখগুলোকে কখনো হারাতে চাই না, তাই যেখানেই থাকুক প্রিয় মানুষগুলো, সুখে থাক, এই কামনা।
রাকিব আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
ভালো থেকো বন্ধু
কয়েক বছর আগের কথা, সেদিন পড়া না পারার কারণে স্যার আমাকে দাঁড়িয়ে থাকতে বললেন, তুমি খিলখিল করে হেসে উঠলে। যার ফলে স্যার তোমাকে পাঁচটা বেতের বাড়ি দিয়েছিলেন। আমি স্যারকে বলছিলাম, স্যার ও নতুন। সে কথা না শুনে স্যার উল্টো আমাকে মেরেছিলেন। ক্লাস শেষে তুমি বললে, ‘এই তুমি খালি খালি মার খেতে গেলে কেন’, ‘তুমি যে নতুন স্যার তো জানে না তাই বলছিলাম। কিন্তু তুমি হাসলে কেন?’ ‘আরে স্যার যখন তোমাকে দাঁড়াতে বললেন, তোমার চেহারাটা যা হয়েছিল না, না হেসে আর থাকতে পারলাম না।’ বোঝাই যাচ্ছিল না যে ও আমার সঙ্গে প্রথম কথা বলছে। সেদিন স্যারের ক্লাসের সব নিয়ম বলে দিয়েছিলাম।
সেই থেকে তোমার সঙ্গে কথা শুরু, স্যারের চোখকে ফাঁকি দিয়ে কাগজ-কলম মারামারি, ক্লাস শেষে দুজনের কত কথা, একদিন ক্লাসও ফাঁকি দিয়েছিলাম। আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন যখন ফলাফল ঘোষণা হলো আমি ক্লাসে প্রথম হলাম। তুমি অভিনন্দন না জানিয়ে উল্টো বললে, এই তুমি পড়ালেখা করো না, প্রথম হলে কীভাবে! কোনো কথা না বলে আমি চলে এসেছিলাম, তুমি অনেক ডেকেছিলে। সেদিনের পর থেকে আর তোমাকে স্কুলে পাইনি। আমার এক বন্ধুর কাছে একটা গোলাপ আর একটা চিঠি রেখে গিয়েছিলে। সে অনেক বড় একটা চিঠি, কিন্তু চিঠির ভাঁজ খুলতেই মাত্র একটা লাইন ‘ভালো থেকো বন্ধু’।
মো. রুবেল
ঢাকা কলেজ
চলে গেলে না বলেই
একই বিভাগে পড়েছি দুজন। দুই মাসের বন্ধুত্ব আমাদের। তুমি সবকিছুই খুলে বলতে আমাকে। একেবারে সব কথা। আর এমনটা যেদিন থেকে উপলব্ধি করতে পেরেছিলাম, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি। সবুজ ক্যাম্পাসে দুটি মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎ একদিন ক্লাসে গিয়ে দেখি তুমি নেই। আমাকে না বলে এমনটা হয়নি আগে। এভাবে কেটে গেল বেশ কদিন। খুব কষ্ট হচ্ছিল আমার। তোমার নম্বরটাও বন্ধ। বুঝতে পেরেছিলাম আমার জন্যই বন্ধ রেখেছ। খুব জ্বালাতাম তো, তাই।
পরে জানলাম, তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছ। কথাটা শুনে কষ্ট পাইনি। কষ্ট পেয়েছিলাম আমাকে না বলে যেতে পেরেছ ভেবে। তুমি হয়তো জানতে না, আমিও ওই বিশ্ববিদ্যালয়ের ফরম তুলেছিলাম। তোমার কথা ভেবেই পরীক্ষা দিতে যাইনি। তুমি কষ্ট পাবে বলে।
কদিন পরে জানলাম ওখানে অর্থনীতিতে ভর্তি হয়ে গেছ। ভালোই তো, তোমার প্রিয় বিষয় ছিল এটা। এই বাংলা নিয়ে কে পড়ে বলো? সেদিন তুমি এখানে এসে সবকিছু নিয়ে গেলে। আমিও জানতাম তুমি এসেছ। সইতে পারছিলাম না। তোমার সামনে গিয়ে স্থির থাকতে পারব না। তাই ক্যানটিনে বসে খুব কেঁদেছিলাম সেদিন। তুমি হয়তো খুব কষ্ট পেয়েছিলে আমি যাইনি বলে। ভুলও বুঝেছ অনেকটা। তবুও যদি সম্ভব হয় ক্ষমা করে দিয়ো আমাকে।
সিয়াম বিন আহমাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
না-বলা কথা
এই নিয়ে দুই মাস! না, কিছুতেই কিছু হচ্ছে না। প্রতিদিনই কোনো এক অজানা অনুভূতির টানে ছুটে যায় পিছু পিছু, কিন্তু কোনো এক ভয়, অজানা শঙ্কার কারণে কথা বলতে পারে না। যখনই ভাবে কথা বলবে, তখনই গলা শুকিয়ে আসে, কথা বেরোয় না।
কলেজের প্রথম দিন থেকেই মেয়েটির প্রতি দুর্বল। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখা। সেদিন কবিতা আবৃত্তি করেছিল সে। কী সুন্দর আবৃত্তি! কণ্ঠে কী অপরূপ মাধুর্য! সেদিন থেকে তার ছায়া যেন সরতেই চায় না। কখনো কি সুযোগ হবে সেই ওর সঙ্গে দুটি কথা বলার?
না, তার কিন্তু সাহসের অভাব নেই। সব সময় দুঃসাহসী যত কাজ, সে ছিল সামনের সারিতে। কিন্তু যখনই ওর সামনে যায়, আর কোনো কথা খুঁজে পায় না। নিজেকে অসহায় মনে হয়। ছেলেটিকে অনেক প্রেমিক-বন্ধু অনেক টিপস দিয়েছে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না।
অবশেষে নিরুপায় ছেলেটি একটি সুযোগ পায়। মনের কথা বলার সাহস নেই, তাতে কি, কলম তো আছে! না, গতানুগতিক কোনো প্রেমপত্র নয়। কলেজের রজতজয়ন্তী উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পরিকল্পনা করে। তাই কলেজের সব শিক্ষার্থীর কাছ থেকে লেখা আহ্বান করে। এই তো সুযোগ!
সেই ক্রোড়পত্রে সে ‘না-বলা কথা’ শিরোনামে একটি গল্প লেখে। সবাই সেটাকে রূপক অর্থে বুঝলেও কেউ একজন ঠিকই বোঝে তার না-বলা কথা!
কিছুদিন পর একটি মেসেজ এল ছেলেটির মোবাইলে। নবীনবরণের দিন যে কবিতাটি শুনে সে প্রেমে পড়েছিল, সেই কবিতাটিই লিখে পাঠিয়েছে একজন কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, সেদিন আবৃত্তির মধ্যে যে মাধুর্য ছিল, যে অপরূপ টান ছিল, আজকের লেখার মধ্যে তার বিন্দুমাত্র ঘাটতি নেই! হয়তো সে তার না-বলা কথার উত্তর পেয়ে গেছে।
শাহ লোকমান চৌধুরী
গোলাপগঞ্জ, সিলেট
রাতে মনের গভীরে
এখন গভীর রাত। চারপাশটা নিস্তব্ধ, অন্ধকার। রাত যত গভীর হয়, ততই পৃথিবীর সব নিয়মকানুন ভেঙে তোমার হৃদয়ে একটু জায়গা করে নিই। বিশ্বাস করো, এই ইচ্ছার প্রাচীর দিনের আলোতেই ভেঙে যাবে। গভীর রাতে যখন নিঃসঙ্গতা আঁকড়ে ধরে, তখন তোমাকে বড্ড প্রয়োজন হয়। সবকিছু হারানোর ভয়টা কাটানোর জন্য হলেও তোমাকে বড্ড প্রয়োজন।
ফারিয়া হোসাইন
বাকৃবি, ময়মনসিংহ।
তোমার জন্য খোলা চিঠি
তোমার জন্য খোলা চিঠি, দুচোখ বুলিয়ে দেখে নিয়ো। তুমি মন দিয়ে পড়াশোনা কোরো আর নিজের প্রতি খেয়াল রেখো। তোমার ভালো থাকাতেই তো ভালো থাকে বাবা, ভাই, পরিবার আর সবশেষে আমি।
মনে জমা এক বাক্স ভালোবাসা তোমায় দিলাম, পত্রিকার ভাঁজে না হয় রেখে দাও।
মো. তানভীর হাসান
উকিলপাড়া, নেত্রকোনা।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’