মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটা সুযোগ দাও

তোমার আর আমার ধর্ম ছিল আলাদা, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল খুব গভীর। কখনো আমরা ভাবিনি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তুমি তোমার কোচিং ফেলে আমার সঙ্গে দেখা করতে চলে আসতে। আমি নয়ন ভাইয়ের আর্টের দোকানে দুপুরের খাবার না খেয়ে তোমার জন্য অপেক্ষা করতাম বসে বসে। তোমাকে একনজর দেখলে আমার সব ক্ষুধা শেষ হয়ে যেত। তোমার মিষ্টি হাসিটা আমার সব কষ্ট ভুলিয়ে দিত।

কী অদ্ভুত ছিল তোমার ভালোবাসা। তোমার স্কুলের সব শিক্ষক জানতেন আমাদের সম্পর্কের কথা। তারপরও তুমি শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে আমার সঙ্গে দেখা করতে চলে আসতে। তোমাকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম। হঠাৎ করে আমার কী হলো জানি না, ধীরে ধীরে তোমাকে অবহেলা করতে শুরু করলাম। আস্তে আস্তে নষ্ট হতে শুরু করল আমাদের দীর্ঘ চার বছরের সম্পর্ক। কত কষ্ট দিয়েছি তোমাকে। তারপরও তুমি আমাকে ভুলে থাকতে পারতে না। মোবাইলে কল করতে বারবার। দেখা করতে চাইলে আমি তোমাকে অবহেলা করতাম। আমার অবহেলা পেয়ে পেয়ে একটা সময় তুমি বাধ্য হলে আমাকে ভুলে যেতে। আর আমি যখন আমার ভুলটা বুঝতে পেরে তোমাকে ফিরে পেতে চেয়েছিলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি কী হারিয়েছি, এখন বুঝতে পারছি। তোমাকে আর কোনো দিন ফিরে পাব না জানি, তোমাকে কষ্ট দেওয়ার কারণে প্রতিটি মুহূর্ত কষ্টে কাটছে এখন আমার। একটিবারের জন্য হলেও তোমার সঙ্গে দেখা করতে চাই। শুধু একটিবার আমাকে সুযোগ দাও। অনেক চেষ্টা করেও তোমার মোবাইল নম্বরটা খুঁজে পাইনি কারও কাছ থেকে। একটা সুযোগ দাও আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইবার। না হয় আমি মরণেও শান্তি পাব না।

ইউনুস আবির

খাগড়াছড়ি

জানি তুমি অনেক ভালো আছ

তোমার সঙ্গে ব্রেকআপের পর কেমন যেন সাহসী হয়ে উঠেছিলাম। তোমাকে রাস্তাঘাটে আটকাতে কোনো ভয় পেতাম না। সেদিনকার ঘটনা তোমার মনে আছে? রাস্তায় হঠাৎ করে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে ফেরার কেমন আকুতি-মিনতি করেছিলাম। এক বয়স্ক চাচা এতে কত অপমান করল আমাকে। কিন্তু সেসব অপমান আমার গায়ে লাগাইনি। কারণ, আমি জানতাম, আমি কখনোই তোমাকে বিরক্ত করছিলাম না। চাচা কি-না-কি বুঝে যা-তা বলল। আমি নাকি তোমাকে উত্ত্যক্ত করছিলাম। তুমি কেমন নীরব শ্রোতার মতো শুনে গেলে, সেদিন কোনো কথা বললে না। আচ্ছা, তখন কি আমাদের আদৌ ব্রেকআপ হয়েছিল? জানি তুমি অনেক ভালো আছ। কারণ, ভালো না থাকলে নিশ্চয় আমি কেমন আছি, সেটা তোমার জানতে ইচ্ছে করত। সবকিছু এত তাড়াতাড়ি কেমন করে ভুলতে পারলে তুমি? কখনো কি ভুল করেও আমার কথা মনে হয় না তোমার? কত কথা জমা আছে কিন্তু তোমাকে বলার সুযোগটাই জীবনে আর আমার হবে না হয়তো। তোমাকে না বলতে পারা কথাগুলোই এখন আমার ফেসবুকের স্ট্যাটাস। পারলে পড়ে নিয়ো। ভালো থেকো।

স্বপন কুমার ঘোষ

দিনাজপুর সরকারি কলেজ।

তারপরও ভালোবাসি

সকালে উঠব, প্রেম করব। আহা, কী মজাই না। সকালে উঠে ভালোভাবে কথা না বলে ঝগড়া শুরু করলে সেই দিনটা পুরো মাটি। তেমনি আজকের দিনটাও ঝগড়া দিয়ে শুরু হয়েছে। একজন ফোন বন্ধ করে বসে আছে। কিন্তু যে ফোন বন্ধ করে আছে, সে তো বুঝল না। তারপরও তাকে অনেক ভালোবাসি।

মিলি

রংপুর।

তুমি কি সত্যিই বোঝো না?

দিনটি ছিল ২০১৫ সালের ১ ডিসেম্বর। যেদিন প্রথম তোমায় দেখেছিলাম। ব্যালকনির পাশে বসে বাইরে তাকিয়ে আছ। মৃদুমন্দ বাতাস এসে তোমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারবার। এত সুন্দর চুল হতে পারে মানুষের! সে দিন থেকে তোমার প্রেমে পড়ে যাই। তোমার দিকে তাকাতেই পুরো শরীর অবশ হয়ে যায়। পাগলের মতো তাকিয়ে থাকি। তোমার জন্য কলেজের দেয়ালিকায় কবিতা লেখা, প্রথম আলো পত্রিকায় ছবি ছাপানো, তারপরও তুমি কি সত্যিই বোঝো না? তোমাকে আমি কতটা...।

মিজানুর রহমান

ভোলা সরকারি কলেজ, ভোলা।

বলে দিলাম যা বলার ছিল...

আমি ব্যর্থ শুধু তোমায় ভালোবেসে। তোমাকে আমি ২ বছর ধরে চিনি এবং যেদিন তোমায় প্রথমবারের মতো দেখি, সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে যাই। আমি শতবার চেষ্টা করি সব ভয়-ভীতি ছেড়ে সত্যিটা বলে দেব। কিন্তু তা আজও সম্ভব হয়নি। ভয় থাকে, যদি দূরে চলে যাও। তাই আমি খরায় পোড়া হৃদয় নিয়ে তোমার অপেক্ষায় আছি। কেন জানি তোমায় দেখার পর আমার আবেগ শতভাগ বেড়ে যায়। তাই না বলতে চেয়েও বলে ফেলতে পারি মনের কথা। তাই তোমায় ভোলার জন্য তোমার সঙ্গে এক বছর যাবৎ দেখা করি না। তারপরও যেন তোমায় ভুলতে পারি না। বরং তোমার স্মৃতি যেন আরও বেশি মনে পড়ে যায়। কিন্তু না, আমি আর অপেক্ষা করব না। আমার একটাই ভয় ছিল, যদি তা শোনার পর আমার প্রতি রাগান্বিত হও। কিন্তু আর নয়।

বলে দিলাম যা বলার ছিল। এই লেখাটি যদি অধুনায় ছাপা হয়, তবেই তুমি সব জানতে পারবে ও সব বুঝতে পারবে। হয়তো তুমি আমাকে কাছে টানবে, নয়তো আমাকে বহু দূরে সরিয়ে দেবে। তবু বলছি, আমি তোমায় ভালোবাসি।

আলবার খান

নেত্রকোনা।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’