মনের বাক্স

ফিরে পেতে বড় ইচ্ছে করে
একটা সময় ছিল, যখন নির্দিষ্ট একজন মানুষ সবসময় ফ্রেন্ডলিস্টের প্রথমেই থাকত। তাকে খুঁজতে ফ্রেন্ডলিস্টে বা খুদেবার্তার বক্সে যাওয়ার প্রয়োজন হতো না। সত্য যে, সময়ের অবিরাম ধেয়ে চলায় সবকিছু একসময় পাল্টে যায়। সময়ের এই বদলে জীবনের গতিপথও পাল্টে যায়। সেই বন্ধু তালিকার প্রথম পাতার মানুষটি একটা সময় চলে যায় ফ্রেন্ডলিস্টের অন্য পাতায়। তারপর চলে যায় আরও পেছন থেকে পেছনে। এভাবে একটা সময় ফ্রেন্ডলিস্ট, খুদেবার্তায় মানুষটিকে আর দেখা যায় না। যোগাযোগ না করায় অবহেলা-অনাদরে মানুষটা তখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিছক ফ্রেন্ড হয়ে পড়ে থাকে। মাঝেমধ্যে আইডিটাতে খুদেবার্তা দিতে বড্ড ইচ্ছে করে। সার্চ দিয়ে আইডিটা খুঁজে বের করে বার্তা পাঠাব কি পাঠাব, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে কিছু সময় কেটে যায়। তারপর ভাবি—না থাক, কী দরকার, থাক না যে যার মতো। নানা কিছু চিন্তা করে আর খুদেবার্তা দেওয়া হয় না। এরপর এমন একটা সময় আসে, যখন আর খুদেবার্তা দেওয়ার কথা ভাবতেও ইচ্ছে হয় না। ফেসবুক-চ্যাটিংয়ের অজস্র আনন্দ-বেদনার স্মৃতিতে সময়ের স্রোতে পলি এসে জমে, ঝাপসা হয়ে আসে ফেসবুকের কিছু অতীত, কিছু আলাপন।
এর অনেক পরে এমন একটা সময় আসে, যখন সেই আইডিটা আর খুঁজেই পাওয়া যায় না। হয়তো আইডিটা নাম পরিবর্তন করেছে, প্রোফাইল পিকচারটা বদলে ফেলেছে। অবস্থাটা এমন হয়—যে আইডির নামের স্পেলিং, লিংক এত ভালো করে মুখস্থ ছিল—তার ফাস্ট নেম, লাস্ট নেম, নিক নেম কোনোটাই আর মনে পড়ে না। হয়তো বা আইডিটা ফ্রেন্ডলিস্টেই আছে। তালিকায় অনেক দূরে হলেও হয়তো আজও কোনো এক ফ্রেন্ডের আইডির পাশেই সে আছে। লিস্ট তন্নতন্ন করে আইডিটা যদিও বা পাই, কিন্তু খুদেবার্তা দেওয়ার অধিকারটুকু তখন আর বুঝি নেই, এমনই মনে হয়। কী করে লিখি তুমি কেমন আছ, খুব বোরিং লাগছে...। এত কিছুর পরও, কোনো এক বিষণ্ন বিকেলে বা নির্ঘুম গভীর রজনীতে আইডির মানুষটির প্রোফাইল পিকচারটি হঠাৎ মনের ক্যানভাসে ভেসে ওঠে। হয়তো বা তখন একটু একটু বৃষ্টি পড়ছে, একঘেয়ে ঝিরিঝিরি বৃষ্টি। সঙ্গে সঙ্গে কেন জানি মনটা বিষন্ন হয়ে পড়ে, বুকের ভেতর কোথায় যেন চিনচিন একটা ব্যথা অনুভূত হয়, খুব গভীর থেকে একটি আনফ্রেন্ডের হাহাকার জেগে ওঠে। আচ্ছা সে মানুষটি কি আদৌ ফেসবুক ব্যবহার করে? এখনো কি রাত জেগে ফেসবুকে ব্রাউজ করে?
জীবনে বন্ধুত্বের বাস্তবতা টিকিয়ে রাখা খুব বেদনাময়। ছোট্ট এই জীবনে সবকিছুর বিনিময়ে যাকে চাওয়া হয়, সে মানুষটির ধীরে ধীরে দৃষ্টি দূরে সরিয়ে নেওয়া দেখে হৃদয়টা ভেঙেচুরে চুরমার হয়ে যেতে চায়। ফেসবুকে ঢুকলে সবচেয়ে আগে যার স্ট্যাটাসটা পড়তে হতো; যার লাইক, কমেন্ট আর খুদেবার্তায় আইডিটা ভরে থাকত—সে বন্ধুত্বের কালক্রমে আনফ্রেন্ড হয়ে যাওয়া কতটা বেদনাদায়ক, তা বোঝানো ভীষণ কঠিন। আমাদের জীবনের ঘাত-প্রতিঘাতে বিধ্বস্ত হয়ে বাস্তবতাকে স্বীকার করে নিতে হয়। তবু হারিয়ে যাওয়া কিছু স্মৃতিকে সঙ্গে নিয়ে, শত অধিকারের অভিমান অন্তরে ধারণ করেই আমাদের বেঁচে থাকতে হয়। জীবনের সব লেনদেন শেষ করে হারিয়ে যেতে হয় বন্ধুত্ব আর মাতৃত্ব ত্যাগ করে। আর ফেসবুকের বন্ধুত্ব, সে তো নিছক এক ছেলেমানুষি। তবু ইচ্ছে জাগে—সে যদি আগের মতো চ্যাট করত, হয়তো ফেসবুকের জগৎ থেকে আস্তে আস্তে বাস্তবের জীবনেরই সঙ্গী করে নিতাম। তাই যখনই ফেসবুকে ঢুকি, তখনই ভাবি—সে যদি আবার রিকোয়েস্ট পাঠাত।
একজন শিক্ষার্থী
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা।
প্রেমপত্র লেখার দিনটা
কত দিন আগে, তা ঠিক মনে নেই। হয়তো সেদিনও এমনি গরমের দুর্বিষহ তাপদাহে পুড়ছিল দেশ। অথবা মুষলধারে বৃষ্টিপাত গ্রীষ্মকালের সব তপ্ততা মিটিয়ে দিচ্ছিল। হয়তো শৈত্যপ্রবাহের ঘন কুয়াশায় ছেয়ে ছিল চারপাশ। কনকনে ঠান্ডায় কাঁপছিল দেশ। কিংবা কাঁশফুল ফুটে ছড়িয়ে পড়েছিল চারপাশে। আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা মেঘের ভেলা। হয়তো সে সময় ঘরে ঘরে চলছিল নবান্নের উৎসব। নতুন ধানের গন্ধে ম-ম করছিল চারপাশ। না, আমি ষড়্ঋতুর রচনা লিখতে বসিনি।
আমি লিখতে চেয়েছি সেই দিনের কথা, যেদিন ভালোবাসার স্বর্গোদ্যান সাজিয়ে এক অন্য রকম জাদুময় ভূমিতে বিচরণরত এক কিশোরীর হাতে জন্ম হয়েছিল একটি প্রেমপত্রের। আচ্ছা, কেমন ছিল সে দিনটা?
গাজী কিবরিয়া
মিরপুর, ঢাকা।
তোমাকে না দেখে থাকতে পারি না
আশা করি তুমি অনেক ভালো আছ। তোমার কথা খুব মনে পড়ে। অনেক দিন ধরে তোমার সঙ্গে কথা হয় না। খুব ইচ্ছে করে তোমার সঙ্গে একটু কথা বলতে। তোমাকে না দেখলে কেমন যেন হয়ে যাই, কোনো কিছু ঠিকমতো করতে পারি না। তাই তো তুমি বিরক্ত হও জেনেও তোমার পথে দাঁড়িয়ে থাকি। তোমাকে একপলক দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তোমাকে না দেখলে তোমার ছবিগুলো দেখি, তোমার চিঠিগুলো পড়ি। অনেক চেষ্টা করি তোমাকে ভুলে থাকতে, কিন্তু পারি না। তোমার সঙ্গে সম্পর্কের একটি বছর অনেক সুখের ছিল, কিন্তু গত দেড় বছর অনেক কষ্টের। জানি না কবে এই কষ্ট থেকে মুক্তি পাব। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ, অনেক ভালো, যত ভালো থাকলে আমার কথা মনে পড়বে না।
সাইফ
বরিশাল বিশ্ববিদ্যালয়।
রমজান মাসের চাঁদ আর আমাদের পুকুর
আমাদের গ্রামটি এক থেকেও এক নয়। বিশাল এক পুকুর গ্রামটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। পুকুরটির দুই পাশের নাম হয়েছে—উত্তরপাড়া আর দক্ষিণপাড়া। পুকুরের রূপ দেখলে যে কেউ তার প্রেমে পড়বে। আমাদের মধ্যমণি পুকুরটির গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদ। যেখানে চাওয়া-পাওয়ার কষ্টগুলো নির্দ্বিধায় পেশ করতে পারি কোনো প্রকার লজ্জা, সংকোচ ছাড়াই। মজার বিষয় হলো, রমজান মাস শুরু হওয়ার আগের দিন চাঁদ দেখা নিয়ে। মসজিদে মাগরিবের নামাজ পড়েই চাঁদ দেখার জন্য দিই দৌড়। চাঁদ দেখার জন্য দুই পাড়ার লোকজনের সব আগ্রহ এই পুকুরপাড়েই। সবাই মিলে এই পুকুর ঘিরে চাঁদ দেখার যা আমেজ, সেটা খুবই আনন্দের ছিল। সেখান থেকে আমরা গোটা আকাশটাকে উপভোগ করতাম। সবাই মিলে এক হয়ে চাঁদ খুঁজে বের করা, দেখলে মনে হবে চাঁদ আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। খুঁজে পাওয়ার পর গোটা গ্রাম ঘুরে সেই আনন্দ দেখিয়ে বেড়াতাম আমরা।
অফিসের ছাদে বসে রমজানের চাঁদ দেখতে দেখতে সেই কথাই মনে হলো আজ। শুধু মিস করছি আমাদের গ্রামের পুকুরটি আর তার দুই পাশের সাধারণ মানুষগুলোকে।
রায়হান
দত্তপাড়া, দিনাজপুর
বেলা শেষে
দিনটি ২৫ মে ২০১৭। আমাদের শিক্ষাজীবনের শেষ ক্লাস পার্টি। অনেক প্রত্যাশিত একটি দিন। অনেক গরমের মধ্যেও আমাদের আনন্দের কমতি ছিল না। স্যার, ম্যাডাম আর বন্ধুরা মিলে অনেক মজা করলাম। বেলা শেষে কেমন যেন একটা ভয় পেয়ে বসল আমাকে, সে ভয় হারানোর ভয়। কয়েক দিন পরে নিজেকে আর ছাত্র বলে পরিচয় দেওয়া হবে না, কথাটা ভাবতেই ভেতরটা শিউরে ওঠে। সাড়ে পাঁচ বছর একসঙ্গে চলার পরে এই পরিচিত মানুষগুলোকে ছাড়া একা চলাটা অনেক কঠিন। ভাবতেই অবাক লাগে, কারও কারও সঙ্গে হয়তো-বা আর কোনো দিনই দেখা হবে না! এমন পরিস্থিতিতে নিজেকে লুকিয়ে রাখাটা অনেক কঠিন। তবু রাখতে হয়েছে। কেউ না আবার চোখের ভাষা পড়ে ফেলে। সবার সামনে কেঁদে ফেললে অনেক লজ্জার ব্যাপার হয়ে যাবে। হাজার স্মৃতি, হাসি, আনন্দ, ব্যথা, অভিমান, অভিযোগ আর আমরা কয়েকজন আত্মার আত্মীয়। এত আপন আর কি কেউ হবে! খুব বেশিই অভাবটা বোধ হবে। কেউ হয়তো সব সময়ই অনুভূত হবে অন্তরে। তার পরেও বেঁচে থাকা এই আশাতেই ‘কোনো কিছু শেষ হয় নতুন কিছু শুরু হওয়ার জন্যই’! আর বন্ধুত্ব কখনো নষ্ট হয় না, আজীবন জীবন্তই থাকে। তুই, আমি, আমরা কয়েকজন মিলে সারা জীবনই ‘আমরা আমরাই তো’ থাকব।
তোমাদেরই কেউ একজন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
চিনাবাদামের খোসা
তুমি হয়তো মনে রাখোনি, আমি ভুলিনি। আজ থেকে ১১ বছর আগে গাংনাই নদীর তীরে রথের মেলায় প্রথম দেখা। খোসাসহ বাদাম কিনে দিয়েছিলে আমার হাতে। আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলে নিকোটিন ধরানোর জন্য ম্যাচ। তুমি কি জানো, আজও যত্ন করে রেখেছি সেই বাদামের খোসা। যদি কোনো দিন দেখা হয় রথের মেলায়, তোমাকে দেখাব কত যত্ন করে রেখেছি সেই খোসা। ভালোবেসে ফেলেছি বলেই আজও প্রতিবছর রথের মেলায় তোমায় খুঁজি। আর দুই সপ্তাহ পর এক যুগ বয়স হবে তোমার দেওয়া বাদামের খোসাগুলোর।
নামটা নাহয় খুঁজে নিয়ো
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’