মনের বাক্স
চলে যাওয়া সময়টুকু আমাদের জন্য রেখে যায়
শৈশবের কথা মনে পড়ে শূন্যতা অনুভব করে না এমন মানুষ খুব কমই আছে। শৈশবের কথা মনে পড়লেই, ছেলেবেলার হাজার রকম রঙিন স্মৃতিগুলো এসে আমাদের মনের কোণে এসে ভিড় জমায়। আর তার সঙ্গে চোখের কোণে এসে ভিড় জমায় বিন্দু বিন্দু জলকণা। ছোট্টবেলায়, বৃষ্টি আসার আগেই বৃষ্টিতে ভেজার জন্য বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। বিকেলে রান্না বাটি খেলা, স্কুল ফাঁকি দেওয়া, হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার মতো অন্য দুষ্টুমিগুলোর কমতি ছিল না। ছেলেবেলার এ রকম দুষ্টুমিগুলোর কিছু কিছু স্মৃতি আমাদের প্রায় প্রত্যেক মানুষের জীবনেই আছে। ওই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না জেনেও আমরা আবার শৈশবটা ফিরে পেতে চাই। কিন্তু মিথ্যে কল্পনা আর বাস্তবতার কাছে, আমরা প্রত্যেকেই হার মানি এবং মানতে বাধ্য হই। যে সময় চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। চলে যাওয়া সময়টুকু আমাদের জন্য রেখে যায়, কিছু বেদনাদায়ক স্মৃতিসমূহ, যা চাইলেও ভোলা যায় না।
আরোহী রায়
হবিগঞ্জ
তোমাকে অনেক ভালোবাসি বাবা
শক্তভাবে সংসারের হাল ধরার জন্য বাবাকে প্রাকৃতিকভাবেই কঠোর হতে হয়। তাই ছোট থেকেই বাবার কঠিন রূপটাই আমরা দেখে আসছি। বাবার এই কঠিন শাসন পৃথিবীর পেছনে ও একটা শান্ত, শুভ্র, সুন্দর, মমতাময় পৃথিবী রয়েছে। যার কারণে আমাদের এই সুন্দর বর্তমান। আমার প্রতি পরিবারের সবার ভালোবাসা একটু বেশিই ছিল। হয়তো তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলাম বলে। কিন্তু বাবার ভালোবাসার কথা আলাদা করে বলতে হয়। কারণ, শক্ত হাতের নরম ভালোবাসার ছোঁয়া কেমন হয়, সবাই তা জানে না। রাতে ঘুমালে হঠাৎ একটা হাতের স্পর্শে ঘুম ভেঙে যেত। জেগে দেখতাম, বাবা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই বিষয়টা আমি অনেক মিস করি। আর এখন ও বাড়িতে গেলে বাবা নিজের থালার খাবার আমার থালায় তুলে দেন, বিদ্যুৎ না থাকলে নিজে জেগে থেকে বাতাস করেন। এমন হাজারো ভালোবাসার প্রমাণ রয়েছে যা বললে হয়তো শেষ হবে না। কিন্তু আজ পর্যন্ত হয়নি বলা ভালোবাসি, তবু অনেক ভালোবাসি।
অর্জুন রায়
বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
ঈদ মোবারক, বন্ধু
এবার কার্ড দিয়ে তোকে উইশ করতে পারিনি। কারণ, তুই তো এখন কাছাকাছি নেই। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তুই বাসায় আর আমি গ্রামের বাড়িতে। বন্ধু তুই কাছে না থাকলেও তোর কথা খুব মনে পড়ে। আর তাই তোকে জানালাম ঈদ মোবারক। তোকে বড্ড ভালোবাসি। মন খারাপ করিস না।
নুর আবদুল্লাহ
দিনাজপুর
পারব না তোকে ছাড়া থাকতে
তুই খুব সাধারণ হলেও আমার কাছে অসাধারণ একটি মেয়ে, সবার চেয়ে আলাদা। তাই হয়তো তোকে এত ভালো লাগে। আমিও হয়তোবা তোকে অনেক কিছু বলতে চাই, যা বলা হয়নি। জানিস তোর একটু শেয়ারিং-কেয়ারিং হয় আমার হাজার ভালো লাগার কারণ; তোর একটু অবহেলা হয় আমার হাজার মন খারাপের কারণ। এই সবকিছুর কারণ তোকে বড্ড ভালোবাসি। তোকে ভাবা ছাড়া এক মুহূর্তও কাটে না। তোর ছোট পাগলামিগুলো খুব ভালো লাগে। হঠাৎ তোকে ছোট্ট করে লাভ ইউ বলতে ভালো লাগে। ভালো লাগে তোর বাঁদরামোগুলো। তোকে মাঝে মাঝে বুঝেও বুঝতে চাই না, কষ্ট দিই খুব—তাই না? অনেক অনেক সরি ওই মুহূর্তগুলোর জন্য। সারা জীবন এভাবেই থাকতে চাই তোর সঙ্গে। যেখানে থাকবে দুষ্টুমি, খুনসুটি, অভিমান, ভালোবাসার বন্ধুত্ব। তোর মন খারাপের সময়ে তোর মিষ্টি হাসি আর বড্ড খুশির কারণ হতে চাই। হারাতে চাই না কখনো তোকে। পারব না তোকে ছাড়া থাকতে। সত্যিই বড্ড ভালোবেসে ফেলেছি তোকে।
তোর খুব কাছের কেউ
সিয়াম
তোদের খুব মিস করছি
গত বছরের মতো তোদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারব না। আমি যদি হোস্টেলে থাকতাম, তাহলে হয়তো আনন্দটা ভাগাভাগি করতে পারতাম। হোস্টেল থেকে চলে আসার পর আর তোদের সঙ্গে কথা বলার জন্যও সময় পাই না। সব সময় প্রাইভেট আর কোচিং নিয়ে ব্যস্ত। তোদের সবার মোবাইল নাম্বারও নেই যে মোবাইলেও কথা বলতে পারছি না। তোদের সঙ্গে আড্ডা দিতে পারছি না, তাই মনটা খুব খারাপ। বাড়িতে মন খারাপ করে বসে আছি। বাড়ি থেকে ফিরলে আমার সঙ্গে একটিবারের জন্য হলেও দেখা করবি সবাই। ঈদের ছুটিটাও ভালো লাগছে না। তোদের খুব মিস করছি।
মোহাম্মদ ইয়াছিন আারফাত
চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামেরওপরওই-মেইলের subject-এলিখুন ‘মনেরবাক্স’