মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি হয়তো ভুলই করেছিলাম
তোমার সঙ্গে কোনো দিন ইচ্ছাকৃত দুর্ব্যবহার করেছি বলে মনে হয় না। তোমার-আমার কোনো ধরনের মনোমালিন্য কখনো ছিল না। তবে তুমি ভেতরে-ভেতরে প্রতিহিংসা লালন করতে কি না, জানি না। সম্প্রতি সামান্য ইস্যুকে কেন্দ্র করে যে কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছ, তা চমৎকার ছিল। তবে এই সুবাদে আমি তোমাকে ভালোভাবেই আবিষ্কার করতে পেরেছি। আমি হয়তো ভুলই করেছিলাম। আর তুমিও সুযোগটি পেয়ে গেলে! এক ঢিলে দুটি পাখি শিকার করার চেষ্টা করলে। শোনো, এভাবে মানুষের ভুল-ত্রুটিকে পুঁজি করে ঊর্ধ্বতনদের মনোরঞ্জন করার সুযোগটি নেওয়ার জন্য ওত পেতে বসে থেকো না। নিজের মনকে প্রশস্ত করার চেষ্টা কোরো। সংকীর্ণমনারা জীবনে বেশি দূর অগ্রসর হতে পারে না। প্রকৃতি সংকীর্ণমনাদের জীবনের পথটিও সংকীর্ণ করে দেয়।

মো. তোফায়েল আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

 অনেক দূরে তুমি

অনেক দিন দেখিনি তোমাকে। যখন আমরা এক স্যারের কাছে প্রাইভেট পড়তাম, তখন লজ্জায় তোমার দিকে তাকাতে পারতাম না। তুমি তো পরির মতোই সুন্দর ছিলে। ভয়ের কারণ মনে হয় তোমার ওই অতিরিক্ত সৌন্দর্য। তুমিও এই পাগলটার প্রেমে পড়লে। মাধ্যমিক পরীক্ষায় যখন সবাই পড়ার চাপে নিশ্বাস ফেলতে সময় পায় না, তখন রসায়ন পরীক্ষার আগের রাতে তুমি ভালোবাসি বলেছিলে। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। ভাবলেই অবাক লাগে যে সেই মাধ্যমিকের পর থেকে এখন পর্যন্ত আমি তোমাকে দেখিনি। জানি না কবে তোমার দেখা পাব। বর্তমানে অনেক দূরে তুমি। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।

দেলোয়ার হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

 তবু ভালোবাসি তাকে

আজ সারা দিন অঝোর ধারায় ঝরছে বর্ষা। কখনো টপটপ, কখনো টিপটিপ অথবা ইলশেগুঁড়ি ঝিরঝির। তমাল, শাল কিংবা সেগুনের পাতা বেয়ে। কদম, কেয়ার গা ধুয়ে। আমার মরিচা ধরা টিনের চালে সে সৃষ্টি করছে সুমধুর এক মায়াবী তান। শ্রাবণী বর্ষণের মায়াবী ছোঁয়ায় শরীরময় আজ অশান্ত শিহরণ। শীতল সুখকর স্পর্শে তন্দ্রালু আবেশ নয়নজুড়ে। হৃদয় মন হয় আজ বাউলি পাগল, খুশবু ভাসে যেন উদাসী বাতাসে। খোলা জানালার ওপারে বর্ষাস্নাত গাছগাছালি। লতা গুল্ম ফুলবন, ওরাও হাসে নাচে গান গায়।

আমার স্বপ্নের রাজকুমারী। আমার সাত রাজার ধন। একান্ত প্রিয় অতি আপন প্রিয়তমা আমার, আমার পরানের প্রিয়া। যে আজ আমাকে ছেড়ে যোজন যোজন দূরে। যে ভালোবাসার নামে আমার হৃদয়টাকে করেছে ক্ষতবিক্ষত, জর্জরিত। তবু ভালোবাসি তাকে আজও।

আপন রহমান
গোলনা, ডুমুরিয়া, খুলনা।

 কবে আবার বাজান বলে ডাকবে

মা! আমি এখন মেসে আছি। ভালোই আছি, তবে অনেকটা শূন্যতা নিয়ে। এখানে সবকিছুই আছে। শুধু তোমার আদর করে ডাকা সেই মধু মাখানো ‘বাজান’ ডাকটা শুনি না। কবে বাড়িতে যাব? আবার কবে তুমি আমাকে ‘বাজান’ বলে ডাক দেবে?

ভালো থেকো মা। নিজের যত্ন নিয়ো।

রাজীবুল আহমেদ
সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

 তোমাকে মনে পড়ে

অনেক দিন তোমাকে লিখি না। তুমিও লেখো না। একসময় তোমার একেকটা লেখা আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। অথচ আজ কত দিন স্বপ্ন ছুঁয়ে দেখি না। প্রণয়ের প্রতীক্ষা হয়তো ভুলে গেছ। সময় অনেক কিছুই ভুলিয়ে দেয়, দূরত্ব অনেক কিছু ফ্যাকাশে করে দেয়। হৃদয় ছুঁয়ে কোনো এক গোধূলিতে তোমার নাম দিয়েছিলাম মেঘের ছায়া। মেঘে মেঘে বেলা হবে ভালোবাসা বারো মাস। হঠাৎ একদিন গ্রহণের কালে সবকিছু বদলে যায়। আমার কাছে আর কিছুই নেই। স্মৃতির একটা আকাশ ছিল।

মো. রুবেল
ঢাকা কলেজ

 লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’