মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অধুনার মনের বাক্স বিভাগে পাঠকেরা নিজেদের মনের কথার ঝাঁপি খুলে দেন। লেখা পাঠান আমাদের। এই সময়ে মনের বাক্সে পাঠকদের পাঠানো লেখায় অনিবার্যভাবে চলে এসেছে করোনাকাল। সে রকম কয়েকটি লেখা নিয়ে এবারের বিশেষ আয়োজন। 

তোমাকেই ভালোবাসি

দেশ ছাপিয়ে বিশ্বজুড়ে লকডাউন চলছে। মানুষ বাঁচার জন্য ঘরের দিকে ছুটছে। ঘরের বাইরে মৃত্যুর মিছিল। সবার মতো আমিও এখন লকডাউনে আছি। মৃত্যুর ভয়ে ঘরের বাইরে একদম বের হই না। আমার প্রাণপ্রিয় বউ প্রতিদিন আমাকে নিয়ে চিন্তায় থাকে। লকডাউনে পড়ে আমি এখন ঘরের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।

এর আগে স্বাভাবিক জীবনে বউয়ের প্রতি আমার মনোযোগ ছিল সাধারণ। গভীর মনোযোগ কখনো ছিল না। সেদিন লক্ষ করলাম, ওর চোখের নিচে হালকা কালো দাগ পড়েছে। নিশ্চিত করে বলতে পারি, এ দাগ আমারই কারণে হয়েছে। মাত্র ২৫ বছর বয়স। দুহাতে ঘরের সব কাজ করে। আবার পাশাপাশি স্নাতকে পড়ছে। আর কদিন পর অ্যাকাউন্টিংয়ে ফাইনাল ইয়ার শেষ করবে। পড়াশোনাতেও বেশ মনোযোগী। এ পর্যন্ত সব পরীক্ষায় প্রথম শ্রেণির নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। এতটুকু বয়সে সে একাই স্বামী-সন্তান, সংসার, নিজের পড়াশোনা সামলাচ্ছে। এতটুকু বিরক্ত হয় না। মন খারাপ হলে অসহায়ের মতো আমার চোখের দিকে তাকিয়ে থাকে। আমি কখনো ওকে ভালোভাবে বুঝতে চেষ্টা করিনি। শুধু উপার্জনের পেছনে দুর্বার ছুটেছি। 

লকডাউনে ওর সারা দিনের ব্যস্ততা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আসলে আমার বউয়ের কাজের গুরুত্বও কোনো অংশে কম নয়। আমি যেমন ওদের জন্য সারাক্ষণ চিন্তা করি, ব্যস্ত থাকি, তেমনি আমার জন্যও সে অনেক চিন্তা করে। লকডাউনে আমিও ওকে বুঝতে শুরু করেছি। ওর ভালোবাসাকে সম্মান করতে শিখছি।

এখন মাঝেমধ্যে বাজার আনতে আমাকে বাইরে বেরুতে হয়। তখন সে ছটফট করতে থাকে। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে। আমি এখন তাঁর এই চোখের ভাষা বুঝি। কাছে কাছে থাকতে পছন্দ করি। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। করোনা আমাকে বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে। একান্ত আপনজনকে চেনার সুযোগ করে দিয়েছে। 

অধুনার মাধ্যমে তাই তোমাকে জানাচ্ছি, প্রিয়তমা, তোমাকে ভালোবাসি আগের চেয়ে অনেক বেশি।
কবির কাঞ্চন, সিইপিজেড, চট্টগ্রাম।

ভালোবাসার দূরত্ব

অনেক দিন তোদের সঙ্গে দেখা নেই। আশা করি ভালো আছিস। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। কীভাবে কোথায় কেমন করে থাকতে হয়, সেটাও বলে দেয়। এই প্রথম করোনা পরিস্থিতির কারণে লম্বা সময় তোদের সঙ্গে দেখা নেই। বিশেষ করে আমার ​‘অ্যাঙ্গেল’ আর আমাদের ‘জাতির মামা’র সঙ্গে দেখা না হওয়ার সময়টা আরও বেশি লম্বা। বাড়িতে যখন সবাই থাকতাম, তখন ঘোরাঘুরি, খেলাধুলা, জিলাপি খাওয়া—এসব খুব কমই মিস হতো। যখন একসঙ্গে থাকতাম, তখন কত ধরনের কথা হতো আমাদের। এখন কেন জানি দূরে থাকাতে তোদের কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু আমার সব সময় মনে হয়, তোরা আমার পাশেই আছিস। হয়তো এটাই তোদের প্রতি আমার ভালোবাসা। ভালো থাকিস সবাই, সাবধানে থাকিস। তোদেরকে মনে পড়ছে।
সেলিম, জনৈক প্রবাসী।

বলা হয়নি মনের কথা

তোমাকে প্রথমবার দেখেছিলাম বৈশাখী মেলায়। এরপর কেন জানি না বারবার শুধু তোমাকেই দেখছিলাম। তোমার চোখ যে এত মায়াবী, এমন আগে কখনো দেখিনি। এমন সময় ভিড়ের মধ্যে হারিয়ে ফেললাম তোমায়। এরপর তোমাকে অনেক খুঁজেও পাইনি। কিছুদিন পরেই আমি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হই। এসে দেখি, তুমি আমার ক্লাসমেট! আমি খুব খুশি হই, তবে এই খুশি বেশি সময় ছিল না। কারণ, জানতে বেশি দেরি হয়নি, তুমি ছিলে আমার ক্লাসের টপার। যেখানে আমি ছিলাম লুজার। আমি লুজার বলে তুমি আমার সঙ্গে কথা বলতে না। এ জন্য বলতে পারিনি মনের কথাটি। শুনেছি তুমি নাকি ভার্সিটিতে আছে। তবে এই লুজার এখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা করছে। আমি জানি, তুমি পেপার পড়তে ভালোবাসো। হয়তো এটাও পড়বে। মনে পড়ে আমাকে নাসিমা?
আদি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 

কত প্রিয় ছিলে

প্রিয় রাহা
জানি না কেমন আছ, আশা করছি ভালো আছ। যেখানেই থাকো, হয়তো আমার কথা তোমার কাছে পৌঁছাবে। তোমাকে কখনো বলা হয়নি, তুমি আমার কতটা প্রিয় বন্ধু ছিলে। আমি জানতে পারিনি, তুমি এতটা অসুস্থ ছিলে। জানলে আমাদের ছেড়ে চলে যাওয়ার আগেই তোমাকে জানিয়ে দিতাম যে তুমি আমার কাছে কত গুরুত্বপূর্ণ এবং প্রিয় একজন মানুষ ছিলে। 

তুমি চলে যাওয়ার পর তোমার অনুপস্থিতি বেশ বুঝতে পারছি। পরপারে ভালো থেকো। আমাকে যেন ভুলে যেয়ো না।
শাফি, সীমান্ত পাবলিক স্কুল, নওগাঁ।

ভালো থাকুন মায়েরা

মা​ কি একাধিক থাকতে পারে? আমার আছে। একজন আমাকে গর্ভে ধরেছেন, পরম স্নেহে লালন করেছেন। অন্যজনকে মা করে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। যিনি আমার সব সৃজনশীল কাজের প্রেরণা। আরও দুজন আছে, যারা মায়েদের প্রতিনিধি হয়ে পাশে থাকে। তাদেরও নিয়মিত মা ডাকতে হয়। এরা আমার দুই মেয়ে, একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ে, অন্যজনের বয়স সাত মাস। 

মায়েরা একজন থাকেন অজপাড়াগাঁয়ে, অন্যজন ব্যস্ত রাজধানীতে। আমি পরিবার নিয়ে জেলা শহরে। করোনার এই বিপন্ন সময়ে মায়েদের সঙ্গে বেশ কিছুদিন দেখা নেই। যদিও ফোনে কথাবার্তা বিনিময় হয়, তবু অজানা অস্বস্তিতে মনটা ছটফট করে। বিচলিত হই। স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেন মায়েদের ভালো রাখেন। জগতের সব মা ভালো থাকুক। শুভেচ্ছা অবিরাম।
গোলাম রাব্বানী, কাপাসিয়া, গাজীপুর।

কবে তোমার দেখা পাব

প্রিয় জানু 
এই তো কয়েক দিন হলো তোমার আমার কথা, আমরা একে অপরকে কখনো দেখিইনি। আমি শুধু তোমার একটি ছবি দেখেছি, আমার কাছে সে-ই তুমি, তোমার ছবি যে আমার মনে এতটা কঠিন দাগ কাটবে, এতটা গভীর ক্ষতের সৃষ্টি করবে, বুঝতে পারিনি৷ 

তোমাকে দেখার পর বুঝতে পারলাম, আমি অসম্পূর্ণ তুমি ছাড়া। এই অপূর্ণতা কখনো পূরণ হওয়ার নয়। একমাত্র তুমিই পারো এটা পূর্ণ করতে। এসো চলে যাই দূর পাহাড়ে, যেখানে আমি আর তুমি। হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যকার ভালোবাসার সবটুকু আমাকে জানতে দিয়ো। ভালোবাসা কী, তা জানতে পেরেছি তোমার জন্যই! একজনকে না দেখে, স্পর্শ না করে যে এত ভালোবাসা যায়, হয়তো তুমি নাহলে বুঝতামই না। আমি ভাবছি কবে তোমার দেখা পাব। 

তুমি ভাবছ, আমি যদি তোমাকে দেখতে গিয়ে বিষাক্ত করোনার ছোবলে মারা যাই! তাই তুমি হাজার অতৃপ্তির মাঝেও বলছ, আমি যেন তোমায় দেখার নেশায় ডুবে না যাই। আমি হয়তো তোমার এই ভালোবাসার প্রতিদান এক জীবনে দিতে পারব না, তাই আমি আরেক জীবনেও তোমাকে চাই।
মো. হাফিজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেশের এক সৈনিক

সবাই যখন করোনার ভয়ে ঘরে, তখন তুমি দেশের জন্য বাইরে। স্ত্রী, ছেলেমেয়ে, মা, বোন—সবার ভালোবাসা তুচ্ছ করে তুমি দেশের ভালোবাসায় উদ্ভাসিত। আমি জানি, দেশও কখনো তোমাকে ঠকাবে না। কারণ, দেশের আরেক নামই তো মা। সাভার সেনানিবাসে তোমার করোনাকালের দিনগুলো ভালো কাটুক, প্রভুর কাছে এই দোয়া করি। ভালো থেকো মামা।

ইতি তোমার ভাগনে
মো. আফসারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়।

আমার মনে কেবলই তুমি 

তুমি ভালো আছ তো? এই লকডাউনে শুনেছি সবাই শহর ছেড়েছে। ফিরে যাচ্ছে গ্রামে। আচ্ছা, তাহলে তুমিও ফিরেছ? দেখো কি কাণ্ড, তুমি এলে আর আমি কিনা দূর প্রবাসে বসে আছি। আছি তা–ও হোম কোয়ারেন্টিনে। 

তুমি জানো নিশ্চয়, এই করোনার জন্য পুরো পৃথিবী আজ অসুখে ভুগছে। আমিও এর বাইরে না, আছি বদ্ধ জীবনে। দেখো কি অবাক কাণ্ড! বদ্ধ জীবনে তোমাকে মনে পড়ে গেল। একেই বলে জাতে মাতাল তালে ঠিক। 

সেই যে ছোট্ট তুমি গ্রাম ছেড়েছ, পাঁচ বছর, সাত বছর, দশ বছর পরও তোমার দেখা আর পেলাম না। তুমি শহরে আছ, শহরে বড় বড় মানুষ থাকে, টাকাওয়ালারা থাকে। আমি বাপু অতি সহজ–সরল মানুষ। তাই তোমাকে দেখার ইচ্ছা হলেও শহরে যাইনি। ভেবেছিলাম তুমি তো আসবেই। কই তুমি তো আর এলেই না। 

এই শোনো, ‘তুমি কি সেই আগের মতোই আছ, নাকি অনেকখানি বদলে গেছ...’। সত্যি জানতে ইচ্ছে করছে। ওপার বাংলার শিল্পী মান্না দের গানটিতে তোমাকে দেখতে পাই। এই একটা গান কত কিছু মনে করিয়ে দেয়। বিশেষ করে তোমাকে মনে করিয়ে দেয়। 

সেই ছোট্ট তুমি কাঁধে বই নিয়ে স্কুলে যেতে। আমাকে দেখে না দেখার ছলে চলে যেতে। একটু পিছু নিলে বলতে, ‘পুকুরঘাটের পাশে যে কুমড়োগাছটা আছে, ওই গাছের গোড়াতে তোমার জন্য রেখেছি...।’ আমি খোঁজ নিয়ে দেখি, লাল রক্তজবা, সঙ্গে চিঠি। হাতে নিয়ে মনে হতো, পৃথিবীর সেরা উপহারটা পেলাম। আচ্ছা, তুমি যদি এই লকডাউনে গ্রামে গিয়ে থাকো, একবার কি সেই পুকুরঘাটে গিয়েছিলে? একবারও কি তোমার মন সেই অতীতে ফিরে যায়নি। নাকি সবকিছু শহরের সেই দালানকোঠা নির্মাণের সময় ইট–সিমেন্টের ভেতর ঢেলে দিয়েছ। 

আচ্ছা, তোমার কী একবার ওই ব্রিজে যেতে ইচ্ছে হয়নি। যেখানে তুমি হংসের পালের সঙ্গে হেঁটে যেতে আর আমি ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে তোমার সঙ্গে কথা বলতাম। মাঝেমধ্যে তুমিও রেলিংয়ে হেলান দিয়ে কথা বলতে। সেই ব্রিজটা আজ অসহায় হয়ে গেছে। আমি প্রবাসে আসার আগে দেখেছি, ব্রিজের একপাশের একটা রেলিং ভেঙে নিচে ঝুলে আছে। এখন নাকি পাশেরটাও ভেঙে ঝুলে আছে। তুমি নেই, আমিও নেই। মনে হয় রোমিও–জুলিয়েটের প্রেমহীন এই রেলিং দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না। তাই অভিমানে ঝুলে আছে। 

দেখেছ, এই করোনার দিনে মানবজাতির মনে বেঁচে থাকার চিন্তা নিরন্তর কাজ করে। আর আমার মনে কেবল তুমি হে প্রিয়সী। তুমি আছ তো ভালো? ভালো থেকো। নিজের খেয়াল রেখো।
এম হৃদয়, সিঙ্গাপুর।