মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ নয় সীমাহীন কৃতজ্ঞতা

নিজের কাছে নিজের একটা অঙ্গীকার ছিল, যদি জীবনে একটা কবিতা লিখতে পারি তবে আর কিছু চাইব না জীবনের কাছে, আর কোনো খেদ রাখব না মনে। কিন্তু বুঝব কেমন করে যে আমার লেখা কবিতা হয়েছে? কে বলবে আমায় হ্যাঁ এটাকে কবিতা বলা যায়। তাই মনে মনে ঠিক করলাম প্রথম আলোতে যদি কোনো দিন আমার একটি কবিতা ছাপা হয় সেদিন বুঝব আমার লেখা একেবারে ফেলে দেওয়ার মতো ‘অকবিতা’ না। 

১৩ মে প্রথম আলোর অধুনা পাতার মনের বাক্সে ‘ক্রমে বদলে যাচ্ছে সব’ শিরোনামে আমার একটি কবিতার অংশবিশেষ ছাপা হয়েছে। এর আগে প্রথম আলো আমার দুটি লেখা ছেপে আমাকে মুক্তি দিয়েছে সীমাহীন গ্লানি থেকে। ব্যক্তিগত দুঃখ–কষ্ট লিখে আর যা–ই হোক লেখক হওয়া যায় না—একটা সস্তা কথা প্রচলিত আছে বাজারে, কথাটি একাধিকবার শুনতে হয়েছে আমাকে। 

 আমি তো লেখক হওয়ার দুঃসাহস দেখাইনি কখনো। আমি লিখি মুক্তি লাভের জন্য। আমার লেখার সঙ্গে বিষাদ মাখামাখি হয়ে থাকে। আমি দেখি অন্তহীন বিষাদ চারপাশে। আজ খুব আনন্দ করার দিন আমার। আমি প্রথম আলোকে ধন্যবাদ বলব না, সব প্রাপ্তিতে ধন্যবাদ ঠিক জুতসই শব্দ না। লেখা ছাপা হওয়া আমার জন্য ঠিক তেমন যেমন একজন পরিচয়হীন শিশুকে ঠিকানা খুঁজে দেওয়া।
সুপ্তি জামান
বাসাবো, ঢাকা।

বড্ড ভয় হয়

অবরুদ্ধ আমি, অবরুদ্ধ গোটা বিশ্ব। থমকে আছে জীবনের গতি। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, যোগ হচ্ছে মৃত্যুর মিছিলে। হু হু করে বেড়ে ওঠা মহামারি কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। একে থামানোর কি কেউ নেই? অজানা এক ভয় জাপটে আছে আমায়। আমার সারা শরীর বিষণ্নতায় আচ্ছন্ন, হিমশীতল অনুভূতি হচ্ছে প্রতিদিন। 

সঙ্গনিরোধের ৫০তম দিনে বসে তাই এই লেখা মনকে শান্ত করতে। ভালো লাগে না কিছু। মনে এক অচেনা অস্বস্তি নিঃসঙ্গতা বাড়িয়ে তুলছে দিন দিন। প্রাণের শহর আজ চুপচাপ, জনমানবশূন্য, কোথাও প্রাণচাঞ্চল্য নেই। তাই তো বড্ড ভয় হয়। নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, চারপাশের মানুষগুলোকে নিয়ে থাকি অজানা আতঙ্কে।
ইমরান মাহমুদ
নড়িয়া, শরীয়তপুর।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’