মনের বাক্স
অপ্রত্যাশিত চিঠি
যখন তুমি লেখাটি পড়ছ, তখন আমি অনেক দূরে। কোনো এক যান্ত্রিক শহরে জনসমুদ্রে সাঁতার কেটে ফিরছি জীবনের স্থির কোনো গন্তব্যকে লক্ষ্য করে। হয়তো পেয়েও যাব কাঙ্ক্ষিত সেই গন্তব্য। তবু দুরন্ত অবসরে এসে জীবনের যে বেহিসাবি বিস্তার আমি ঘটিয়ে গেলাম, তার মাশুল আমাকে গুনতেই হবে আজীবন। তাতে আমার এতটুকু দুঃখ নেই। দুঃখ তো শুধু এই যে আমার চরম সত্য তোমাকে এতটুকু স্পর্শ করতে পারেনি। আমার সত্যের সক্রিয়তা এতটাই কম ছিল যে তোমার কাছে মিথ্যার মতোই মনে হয়েছে। কী করব বলো, আত্মবোধে যা ধরতে পেরেছি, তার বাহ্যিক সক্রিয়তা তোমার কাছে নিতান্তই বাতুলতা ছাড়া আর কিছুই মনে হয়নি। তাই তো কখনো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি, ‘ভালোবাসি তোমায়।’
একটাই স্বপ্ন ছিল আমার। পৃথিবীর নিদারুণ দাবদাহে দগ্ধ আমি ওই স্বপ্নটুকুই বাঁচিয়ে রাখব আমার করে। যেদিন এই পৃথিবী আমার যোগ্যতার সবটুকু প্রতিদান দিয়ে আমার জীবন রাঙিয়ে দেবে, সেদিন তুমিও থাকবে, আমারই পাশে, আমার সোনাবউ হয়ে। তোমারই স্পর্শে আমি শীতল হতে চাই।
নাসের আল মোজাহিদ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি ঘুমিয়ে নয়, জেগে থেকে। তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখেছিলাম যখন তুমি দশম শ্রেণিতে পড়ো। তোমাকে দেখে অন্য রকম ভালো লেগেছিল। তোমাকে দেখতে দেখতে আমার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে কবে, নিজেই জানি না। আজ তুমি একাদশ শ্রেণির ছাত্রী। তোমার অনেক কাছে গিয়েও আমার ভালো লাগার, ভালোবাসার কথাগুলো সাহস করে বলতে পারিনি। আমি এখন জেলা শহরে, তুমি অন্য উপজেলায়। তাই তোমার সঙ্গে এখন আর দেখা হয় না। তোমাকে আমি প্রতিমুহূর্তে কল্পনায় দেখতে পাই। বর্তমানে আমার লেখাপড়ার ব্যস্ততার মাঝে আমি যখন একটু সময় পাই, তখন কবিতা লিখি তোমাকে নিয়ে। কিন্তু আজ লিখলাম অধুনাতে। আমার স্বপ্ন আমি ডাক্তার হব, তোমাকে বিয়ে করব এবং শেষ স্বপ্ন জনগণের ভোটে এমপি নির্বাচিত হব। সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্নগুলোকে সত্যি করতে চাই, বাঁচতে চাই একসঙ্গে, সবার সঙ্গে, ভালোবেসে। হতাশ কোরো না আমায়। হারিয়ে যেয়ো না, তাহলে আমার জীবন থেকে ভালোবাসার স্বপ্নগুলো হারিয়ে যাবে। পৃথিবীর কেউ খুঁজে পাবে না কোনো দিন, কোনোকালে। আই লাভ ইউ।
তোসাদ্দেক হোসেন
লালমনিরহাট
হয়তো তোমারই জন্য
জানি তুমি আসবে না, ফিরে আসার কামনা এখন আর করি না। হয়তো তোমারই জন্য আজ আমি ভবঘুরে, উন্মাদ। পারিনি নিজের স্বপ্নটাকে মনের মতো করে সাজাতে। হয়তো তোমারই জন্য আজ আমি জীর্ণশীর্ণ। আজ আমার অস্তিত্ব আমাকে দেখে ভেংচি কাটে। তারপরও পারিনি তোমাকে ভুলতে। জানি তুমি আসবে না ফিরে। তারপরও কেন জানি জানতে ইচ্ছে করে তুমি কেন চলে গেলে?
সজীব
মাগুরা
ভালো থেকো...
মনে পড়ে তুমি খুব ঘামছিলে। আমার রুমালটা দিয়েছিলাম, সেটা মাটিতে ফেলে বলেছিলে, ‘ফেসিয়াল টিস্যু নেই?’ ১০ লাখ টাকা কাবিন, পাঁচ ভরি সোনার গয়না, টুকটুকে লাল লেহেঙ্গা, দামি কসমেটিকস আর আমার সুন্দর বাইক কেনার সামর্থ্য হয়তো একদিন হবে। তোমাকে কি সেদিন কাছে পাব? তোমার যোগ্য আমি ছিলাম না, তবে কেন প্রহসন? রুমালটা এখনো আমার কাছে আছে, প্রয়োজন হলে দ্বিধা করব না, তবে সেই ভালোবাসা আগর মতো পাব কি? তুমি যে স্বপ্নের জন্য আমাকে ছেড়ে গেলে, তা পূরণ হোক। ভালো থেকো...ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি...।
শামীম রাজ আরিয়ান
সরকারি এম এম কলেজ, যশোর

তোমার জন্য আমার যতটা খারাপ লাগে
যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি, তখন তুমি নানির বাড়িতে বেড়াতে এসেছিলে। সেই সময় যমুনা নদীর ভাঙন দেখতে নদীতে গিয়েছিলে। সেই সময় আমিও গিয়েছিলাম। সেদিনই তুমি আমায় প্রথম ভালো করে দেখেছিলে। মনে আছে তো? সেদিন থেকে একটু একটু ভালো লাগা তৈরি হয়। যখন দাখিল পরীক্ষা দিলাম, তারপর থেকে শুরু হলো ভালোবাসা। তখন আমাদের প্রায়ই দেখা হতো। কখনো রাস্তায়, কখনো তোমাদের বাড়ি বা আমাদের বাড়িতে। তখন আমি তোমাকে বোকা বানিয়ে বলতাম, ‘আতো ভায়লো’—যার অর্থ ‘আমি তোমাকে ভালোবাসি।’ এরই মাঝে ফলাফল বের হলো, জিপিএ-৫ পেলাম। ভালোবাসার কথা অনেক কষ্ট করে ভয় ভয় নিয়ে কৌশলে বলেও ফেলাম। তারপর থেকে শুরু হলো রাগ, অনুরাগ, অভিমান, অভিসার। এমনি করে আবার এইচএসসি পরীক্ষা চলে এল। প্রায় চার বছর পার হয়ে গেল। এখন যতই দিন যাচ্ছে, ততই তোমার প্রতি আমার ভালোবাসা বাড়ছে। তোমাকে এতটাই ভালোবেসেছি, যা কখনো ভোলা সম্ভব না। ‘তোমার জন্য আমার যতটা খারাপ লাগে’, আমার নিজের জন্যও ততটা খারাপ লাগে না। আমি জানি, আমি তোমার যোগ্য নই। কিন্তু নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে চাই না। সব সময় ভালো থেকো তুমি।
মো. আবদুল্লাহ
জামালপুর

বহিঃপ্রকাশ
প্রিয়তমেষু সাকিব
আমার দুরন্ত গাঙচিল, সবাই বলে বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নেই। অনেক ভালোবাসার গল্পকে বাস্তবতা, অর্থ নয়তো ভাগ্যবিধাতার অজুহাতে অতীত নামের কারাগারে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়, ভালো থাকার চেষ্টায় ভালো আছি বলে অভিনয়ে পারদর্শী হতে হয়। আমি এ সবকিছুর কাছে আমার আমাদের ভালোবাসাকে মারতে চাই না। তোমাকে ভালোবাসি কতটা—পরিমাণ জানা নেই, শুধু আরও ভালোবাসতে চাই। তোমায় ভালোবাসি, তাই তো তোমার স্বপ্নটাকে ভালোবাসতে শিখেছি। রোজকার প্রার্থনায় তোমার সফলতা, সুখ, হাসিভরা মুখটা ছাড়া কিছুই চাই না। জানি না তোমার অনুপ্রেরণা হতে পেরেছি কি না, কিন্তু স্বপ্ন না পূরণের সব ব্যর্থতা, অবসাদ, ক্লান্তি আমার হোক। তোমার হৃদয়ে থাকা আমাদের ভালোবাসা হোক তোমার মনোবল, আর আমার অপেক্ষাটা হোক তোমার শক্তি। এগুলো পুঁজি করে নিজের স্বপ্ন পূরণ শেষে ফিরে এসো, আর বোলো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি, আমি সফল। আমার অপূর্ণ সংসার পূর্ণ করে দিয়ো। এর থেকে বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারি না।
ইতি তোমার
(পেতনি—মুমু), গাজীপুর
আনিকা, ক্ষমা করে দিস
আমি চরম ভুল করেছি। জানি, এ পাপের ক্ষমা নেই। তুই সত্যই মহীয়সী। এটা যখন বুঝলাম, ঠিক তখনই তোকে হারালাম। কত যে অবহেলা করেছি, তার কোনো ইয়ত্তা নেই। হায়রে জীবন! পৃথিবীতে ভালো মানুষের সঙ্গে সবাই থাকতে চায়। কিন্তু খারাপদের একজনও ভালোবাসে না। আর সেই জন্য আনিকা ব্যতিক্রম। খুব সুন্দর মনের একটা মেয়ে হয়েও আমার মতো অপদার্থকে চেয়েছিল একেবারে, নিঃস্বার্থভাবে। বিনিময়ে পেয়েছে শুধু করুণাধারা। জন্ম হলে মৃত্যু হবে—এমন নিয়ম এই পৃথিবীর। তুই যেমন করে চলে গেছিস, এমন করে কেউ কি যায়, বল? আজও প্রভাতে রবি কিরণ ছড়ায় সোনালি রঙের। তবে, তুই কেন নয়?
শিমুল
কপোতাক্ষ

ভালোবাসব বলেই হয়তো কষ্ট দিয়েছিলাম
সেদিন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম আমার ভালোবাসার দরজা থেকে। রিক্ত হস্তে ফিরে গিয়েছিলে ছলছল আঁখি নিয়ে। তোমার উপস্থিতিতে মনে একবিন্দু ভালোবাসা জন্ম নেয়নি। কিন্তু আজ বুঝেছি ভালোবাসা কী। বড্ড দেরি হয়ে গেল। তাই তো তোমার অনুপস্থিতিতে বুকে তৈরি হয়েছে ভালোবাসার এক মহাসমুদ্র। তাতে থই থই করছে শুধুই ভালোবাসা। কষ্ট নাকি তাকেই দেওয়া যায়, যাকে ভালোবাসা যায়। ভালোবাসব বলেই হয়তো কষ্ট দিয়েছিলাম। সেটা যদি বুঝে থাকো, তাহলে ফিরে এসো। প্রতীক্ষায় রইলাম মনের কপাট খুলে।
সাবেকুন
দিনাজপুর
আমি এখনো আছি
আমি জানি তুমি চেষ্টা করেছ, হয়তো অনেক। কিন্তু পারোনি। তাই প্লিজ কখনো সরি বলবে না। শুরুটা যেমনই হোক, সব ভালোবাসারই শেষ আছে। সবশেষে তবু তো কিছু রয়ে যায়। যেমন তোমার সৌন্দর্যের আগুনে পুড়ে ছাই হওয়া এই আমি এখনো আছি। এই ছাইটা কি জানো? তোমার দেওয়া সেই সুখের অনুভূতিগুলো আর আনন্দের কয়েক ফোঁটা অশ্রু। আর সবকিছুর জন্য ‘থ্যাংক ইউ জেপি’ শুধু ভালোবাসি যদি বলি, তাহলে এটা হবে চূড়ান্ত মিথ্যা কথা। আদতে আমার প্রতিটি অস্থিমজ্জায় মিশে আছো তুমি। যার শুরুটা হয়তো বলা যেতে পারে। কিন্তু শেষ কখনোই হয় না।
সুবর্ণা খন্দকার
জনতা রোড, গোপালগঞ্জ
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’