মনের বাক্স

‘মনের বাক্স’ বিভাগে লিখে পাঠান আপনার মনের কথা। কখনো প্রিয়জনকে, কখনোবা সমাজকে উদ্দেশ্য করে। নির্বাচিত লেখা ছাপা হবে অধুনায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পূজায় দেখা হবে না

সামনেই শারদীয়া দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপূজাতে আমি, মা ও আমার ভাই মামার বাড়িতে যাই। আমার মামার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। সেখানে আমাদের নিজেদের পূজা হয়। পূজাতে আমরা আত্মীয়স্বজন একত্র হই। সারা বাড়ি গমগম করতে থাকে। পূজার কয়েক দিন হুট করেই কেটে যায় প্রতিবার। কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে বাজিতপুরে যাওয়া হবে না।

দিদা আমাদের খুব ভালোবাসেন। প্রতিবারের মতো এবারও তিনি পূজার দেড় মাস আগে থেকে ফোন করেছেন। বারবার পূজার আগে বাজিতপুরে চলে যেতে বলছেন। কিন্তু মা করোনার কারণে রাজি হচ্ছেন না। আমার মন খারাপ হয়ে আছে। এবার কারও সঙ্গে দেখা হবে না।

প্রিয়জনেরা, তোমাদের দেখতে না পেয়ে আমি দুঃখিত, ব্যাথিত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো— এই কামনা করছি।

অর্জন পোদ্দার, নরসিংদী

না বলেই চলে গেলে

তুমি বড় হয়েছ আমাদের মাঝে, আমাদের পরিবেশে। মাগুরার ছাপ নেই সেখানে। আস্তে আস্তে বড় হয়ে রপ্ত করলে সবকিছু। আমাদের ভালোবাসা, আমাদের ভালোলাগা সব বুঝলে। কখনো সূত্রাপুর আবার কখনো উত্তরাতে, আমরা ছিলাম তোমাদের সঙ্গে। চেনাজানা হলো তোমার–আমার স্বজনদের। যাওয়ার কথা থাকলেও একদিন হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে চলে গেলে আয়ারল্যান্ডে। জানতেও পারলাম না দিন-ক্ষণ-সময়।

অজানা অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছি এখন। তোমার চাচার মাধ্যমে জানলাম সবকিছু। স্মৃতিগুলো মনে কষ্ট দেয়। না দেখার বেদনায় মর্মাহত হই। তোমায় অনেক মিস করছি।

আবদুস সামাদ, গেন্ডারিয়া, ঢাকা

শুভ জন্মদিন প্রিয় মানুষ

যেদিন খবরটা প্রথম শুনেছি, সেদিন মনে হলো, কেউ যেন বুকের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমার প্রিয় লেখক মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তাঁর এক ভক্ত। তাঁর কবিতা, উপন্যাস আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। আমার খুব একটা টাকা ছিল না, তবুও আমি এই লকডাউনে তাঁর প্রায় সব বই কিনে পড়েছি। তাই যখন এ খবরটা কানে আসে, সঙ্গে সঙ্গে দোয়া করেছি।

প্রিয় লেখকের একটা ছবি আমি আমার দেয়ালে ঝুলিয়ে রেখেছি। করোনাকালে আমার চাকরিতে কয়েক মাস বেতন বন্ধ। হিসাব করে বাজার করতে হয়েছে খাওয়ার জন্য। কিন্তু মনের ক্ষুধা দূর করেছে মাসরুর আরেফিনের কবিতা, উপন্যাস ও অনুবাদগুলো। আমার খুব ইচ্ছে লেখকের সঙ্গে দেখা করব। তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটা উপহার দেব বলে ঠিক করেছি। ভেবে রেখেছি একটা বনসাই ও নাইটকুইনের টব দিব।

প্রিয় লেখক, আমি আপনার লেখাগুলো আত্মা দিয়ে উপলব্ধি করেছি। ৯ অক্টোবর আপনার জন্মদিনে আমার শুভেচ্ছা রইল।

সালেহ বায়েজীদ, মনোহরদী, নরসিংদী

বন্ধু তুই ও তুমি

আমার মনে হয়, জীবনে কোনো ভালো বন্ধু খনিজ সম্পদের চেয়ে বেশি কিছু। প্রথমে কিছু বোঝা যায় না। পরে এর মূল্য নির্ধারণ করা যায়। খনিজ সম্পদ খোঁজার থেকে কঠিন কাজ ভালো বন্ধু খোঁজা। বন্ধুত্বমূলক আচরণ কেউ কখনো ভোলে না। সেটা যেই হোক। নিরবধি সব কথা মনে পড়ে যায়। তুই কি পারবি, না আমি পারব। তোর সঙ্গে এখন আমার তুমি সম্পর্ক। যখন কাছে থাকি তখন তুই, দূরে থাকলে তুমি। তুই সম্পর্কটা আমার কাছে বেশি আপন মনে হয়। কোনো কিছু যখন কাছে থাকে, তখন তা মূল্যহীন। তোর কথাগুলো, তোর হাসিটা দেখার জন্য এখন আমাকে চোখ বন্ধ করে থাকতে হয়, তবুও যেন আবছা।

জানি না, আমাকে তোর মনে আছে কি না। থাকলে তো আমার খবর রাখতি। ভালো থাকিস বন্ধু তুই ও তুমি।

মোকছেদুল ইসলাম, বালাগ্রাম,নীলফামারী

দুষ্টুমির সেই সময়

যখন নবম শ্রেণিতে পড়ি, তখনও পড়ালেখার গুরুত্ব বুঝতাম না। বিভাগ ছিল মানবিক। কিন্তু ঠিকমতো পড়তাম না। দুষ্টুমিটাই ছিল তখন আনন্দের সময়। কিন্তু খুব কষ্টে নবম শ্রেণি পাস করলাম। দশম শ্রেণিতে উঠলাম। দুষ্টুমিও চলতে থাকল। শিক্ষকদের অনেক জ্বালাতন করতাম, বকাও খেতাম। সামনে টেস্ট পরীক্ষা, তাও পড়তাম না। টেস্টে পাস করলাম। ভালো রেজাল্ট, মোট নম্বর ৬১৫। আমি খুব খুশি। তিন মাস পর এসএসসি পরীক্ষা, খুব টেনশনে ছিলাম। পড়লাম পরের তিন মাস। পরীক্ষা দিলাম। এরই মধ্যে দেশে এল বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস। তাই স্কুল-কলেজ সবই বন্ধ। রেজাল্ট ভালোই হলো। ভর্তি হলাম কলেজে। কিন্তু এখনো কলেজে পড়াশোনা শুরু করতে পারলাম না।

ঈশ্বরী দেব, মাধবপুর, হবিগঞ্জ

মনের বাক্সে লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA

খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’