মনের বিদ্যা
মানুষের শরীরের যেমন স্বাস্থ্য রয়েছে, তেমনি রয়েছে মনের স্বাস্থ্যও। প্রথম স্বাস্থ্যটি আমাদের রাখে শারীরিকভাবে সুস্থ আর দ্বিতীয় স্বাস্থ্যটি আমাদের সব প্রতিবন্ধকতা জয় করে অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটায়। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর আয়োজন করে শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞান-বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ২১ থেকে ২৪ জুলাই চার দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিবন্ধকতা জয় অন্তর্নিহিত শক্তির বিকাশ’। সম্মেলনে অংশ নেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত থেকে আসা পেশাজীবী মনোবিজ্ঞানী এবং দেশের ২০টি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এ সম্মেলনের মূল বিষয় ছিল শিক্ষাক্ষেত্রসহ পরিবারের শিশুর দুশ্চিন্তা, নির্যাতন, প্রতিপালনে পিতামাতার ভূমিকা ও আত্মবিকাশের কর্মশালা।শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী ও যাঁরা মনোবিজ্ঞান চর্চা করেন, সবাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এ কর্মশালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মনোবিজ্ঞান বিভাগ এক বছর মেয়াদি মাস্টার্স ও দুই বছর মেয়াদি এমফিল ডিগ্রি দিয়ে আসছে শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞানের ওপর। সেমিনারে অংশগ্রহণকারী মনোবিজ্ঞানের ছাত্রী পূজা গ্লোরিয়া রডিকস বলেন, ‘মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। একজন মানুষের আচরণ দেখে তার মানসিক অবস্থা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এ বিষয়টি বুঝলে আমাদের প্রত্যেকের জীবনই সুন্দর ও স্বাভাবিক হয়। শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞান-বিষয়ক এ সম্মেলনের মাধ্যমে আমরা মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ ও শিক্ষা ক্ষেত্রে সঠিক শিক্ষণে মনোবিজ্ঞানের জ্ঞান কতটুকু গুরুত্ব বহন করে, তা শিখতে পারছি।’কথা হলো মনোবিজ্ঞান নিয়ে পড়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নাদিয়া সিডামার সঙ্গে। তিনি ঢাকা শিশু হাসপাতালে শিশু মনোবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। ‘শিশুদের ক্ষেত্রে আচরণগত সমস্যা, কথা বলার সমস্যা, উচ্চারণের সমস্যা, বিদ্যালয়ভীতি, শিক্ষণসহ বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের নির্দেশনা ও শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান জরুরি’, বলেন তিনি। চার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব, শিশুর মানসিক বিকাশ, পিতা-মাতার ভূমিকা, শিশুর শিক্ষা, পরিবেশ, নির্দেশনাবিষয়ক বিভিন্ন আলোচনা হয়। এ ছাড়া মানসিক সমস্যা সমাধানে বিকল্প পথ খোঁজা, নিজেকে বুঝতে পারা, নিরপেক্ষ হতে শেখা, সীমাবদ্ধতাকে গ্রহণ করা, আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে নির্দেশনার (কাউন্সেলিং) গুরুত্ব উঠে এসেছে সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নির্দেশনা মনোবিজ্ঞানী মেহতাব খানম বলেন, ‘শিশু বেড়ে ওঠে পরিবারে। পরিবারে সে নিরাপদ। এই নিরাপদ শিশুটি যখন বিদ্যালয়ে যায়, তখন সে পরিবেশটিও আমাদের নিরাপদ হিসেবে নিশ্চয়তা প্রদান জরুরি। কিন্তু বর্তমানে শিশুরা বিদ্যালয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিদ্যালয়ের সঠিক শিক্ষার পরিবেশ, শিক্ষাপদ্ধতি, শিক্ষাকে সহজ করে তুলতে তাই শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক। পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সবার মানসিক স্বাস্থ্যের জন্য, সুন্দর জীবনধারণের জন্য প্রয়োজন নির্দেশনা মনোবিজ্ঞানের। শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞানের যথার্থ চর্চার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক বিভাগের প্রয়োজনীয়তাও রয়েছে।’শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞান বিভাগের প্রয়োজনীয়তা স্বীকার করেন মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেহজাবীন হকও। তিনি বলেন, ‘অসুস্থতার ক্ষেত্রে ওষুধ যেমন কাজ করে, মনের ক্ষেত্রেও তেমন। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে, দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজন একজন কাউন্সেলরের। পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশ, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা মনোবিজ্ঞানীর বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা মনোবিজ্ঞানী এবং কাউন্সেলর নিয়োগ করা হচ্ছে। কাজেই এ বিষয়ে অধ্যয়ন করলে পেশা হিসেবেও একটি হবে চমৎকার। শিক্ষা ও নির্দেশনা মনোবিজ্ঞানের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০১১-র সাফল্য নির্ভর করবে এ সম্মেলনে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের কাজে। আমরা মানসিক সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর একটি সমাজের অপেক্ষায় রইলাম।’