মনের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন মোটে বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পা রেখেছি। নগর ঢাকা আমার কাছে দস্তুরমতো এক অচিন শহর। মতিঝিলের আকাশছোঁয়া ভবনগুলোর পানে নির্নিমেষ তাকিয়ে, ঢাকার উত্তপ্ত পিচঢালা পথে হাঁটতে হাঁটতে কিংবা অপরাজেয় বাংলার পদতলে বসে আমার হঠাৎ মাকে মনে পড়ত খুব। ক্রমবর্ধমান নগর ঢাকার বুকে আমার প্রথম ঠাঁই—আরামবাগ মেস। আকাশের বেশ কাছাকাছি এক চিলতে ঘরে আমরা দুজন মানুষ থাকতাম। আমি আর জামশেদ ভাই, বড় ভাইয়ের বন্ধু। চট্টগ্রামে ফেলে আসা প্রিয় বাংলাদেশ ব্যাংক কলোনির নিতান্তই ‘মুখচেনা’ বড়ভাই। ঢাকায় এসে হয়ে গিয়েছিলেন খুব কাছের মানুষ। জামশেদ ভাই বলতেন, ‘তুই তো খালে পড়বি। ঢাকা শহর কঠিন জায়গা। তুই দুই দিনও টিকতে পারবি না।’ শুনে মন খারাপ হয়। কান্না পায়। তবু দাঁতে দাঁত চেপে থাকি। মনের কষ্ট কাউকে বলতে পারি না। মা-বাবাকে বলতে যাওয়া বৃথা। স্বজনহীন ঢাকায় কনিষ্ঠ সন্তানকে পাঠিয়ে ‘খাল কেটে কুমির’ আনার কোনো ইচ্ছাই তাদের ছিল না (এমনকি দেশের সেরা পীঠে বিদ্যার্জনের জন্যও নয়)। ঢাকা চলে আসার দিন মা আমার পাশে শুয়ে রাতভর কেঁদেছেন। যে আব্বুকে চিরকাল কঠিন হূদয়, রগচটা মানুষ বলে ভেবে এসেছি, তিনি চোখের পানি মুছতে মুছতে প্রায় বড় রাস্তা অবধি এলেন। আমার সেদিকে ভ্রুক্ষেপ করার সময় কই?ইউনিক সার্ভিসের বাস আমাকে ঢাকা নিয়ে এল। অচেনা শহরে আমি একা। মা নেই। দুর্দিনে মায়ের ছায়া হয়ে এলেন চাচাতো বোন হামিদা চৌধুরী। প্রয়াত ছোট মামি। ক্লাস পরীক্ষা। সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন, ঢাকায় পায়ের নিচে মাটি খুঁজে পাওয়ার সংগ্রাম। সব মিলিয়ে অস্থির সময়। আস্তে-ধীরে আমি মাকে ভুলতে শুরু করি। মাকে আর আগের মতো মনে পড়ে না। আগের মতো আর মায়ের কথা ভেবে চোখের পানিতে বালিশ ভেজাই না। আগ্রাবাদ বাংলাদেশ ব্যাংক কলোনির প্রিয় বন্ধুর মুখগুলো আস্তে-ধীরে কেমন ফিকে হয়ে আসে। আগের মতো আর হুটহাট চট্টগ্রাম যেতে ইচ্ছে করে না। শহর ঢাকা আমাকে তার বিশাল বুকে টেনে নিতে থাকে। সাগরের লোনা গন্ধমাখা চট্টগ্রামকে ছাড়িয়ে প্রিয়তর হয়ে উঠতে থাকে ঢাকা। আর এখন। মোবাইলফোনের রমরমার যুগেও মা-বাবাকে ফোন করা হয় খুব কম। মা কারণে-অকারণে ফোন করেন। আমি হয় কাজে, না হয় রাস্তায়, না হয় ইয়ার বন্ধুদের আড্ডায়। মায়ের সঙ্গে আর মন খুলে কথা বলা হয় না। মায়ের রান্না, মায়ের স্পর্শ আর আগের মতো আমাকে ব্যাকুল করে না। অবশেষে গেল ফেব্রুয়ারি মাসে এক ‘অকৃতজ্ঞ’ সন্তান তাঁর মাকে ভোলানোর একটা দুর্বল চেষ্টা করে। নিজের প্রথম বইয়ের উৎসর্গপত্রে সে লেখে—আমার মা-বাবা এবং অন্য সব মনের মানুষদের, যাদের সঙ্গে আমার দেখা হয় কালেভদ্রে, নানা ব্যস্ততার অজুহাতে যাদের কাছ থেকে আমি দূরে দূরে থাকি। মুঠোফোনের এই রমরমার সময়ও তাদের সঙ্গে কথা হয় কদাচিৎ। মনের ভেতর যাদের নিত্য বসবাস, তাদের সঙ্গে ঘটা করে দেখা-সাক্ষাৎ বাহুল্য মনে হয়।আরাফাত চৌধুরী, ঢাকা