মনের মানুষের মনে শান্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের ‘ম্যালেরিয়া জোন’ খ্যাত খাগড়াছড়ির দীঘিনালা এখন ‘ক্রাইম জোনে’ পরিণত হয়েছে। একের পর এক হত্যাকাণ্ড আর অপহরণের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এসব হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটেছে মনের মানুষ এলাকায়। গত তিন বছরে দুই ব্যবসায়ীসহ ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রতিদিন নিত্যনতুন গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে একটি চক্র। এসব ঘটনায় আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের কর্তা-ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০০৭ সালে। ওই বছর ১৬ জানুয়ারি মনের মানুষ এলাকায় চাঁদার দাবিতে গুলি করে হত্যা করা হয় উপজেলা যুব সমিতির সভাপতি মিলন চাকমা ওরফে রিংকুকে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এক মাস পর ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় গুলি করে হত্যা করা হয় জনসংহতি সমিতির সদস্য প্রীতি কুমার চাকমাকে (২৫)। এ সময় চারু বিকাশ চাকমা (২৫) ও দুলাল চাকমা (৩৫) গুলিবিদ্ধ হন। একই বছর বিভিন্ন দফায় নিহত হন আরও ১২ জন।চলতি বছরের ৮ ফেব্রুয়ারি উপজেলার জামতলী বাজারের পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন দিনমজুর সৈয়দ গাজী (৩০)। গত ৫ ফেব্রুয়ারি উপজেলার জোড়াব্রিজ এলাকায় হলুদ কিনতে গিয়ে অপহূত হন তাজুল ইসলাম নামের এক ব্যবসায়ী। এখনো পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে জোড়াব্রিজ এলাকার সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। ওপরের সবগুলো ঘটনার ব্যাপারে নিহত বা নিখোঁজদের স্বজনেরা থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা তথ্য উদ্ধার করতে পারেনি।ভৈরফা নোয়াপাড়া গ্রাম থেকে অপহূত ললিত মোহন চাকমার স্ত্রী আফা রানী চাকমা জানান, ‘মামলা করেছি, কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। আমার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন তা-ও জানি না। একজন আসামি মারা গেছে, অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে তারা।’ একই গ্রামের খুন হওয়া জগদীশ চাকমার বাড়িতে দেখা যায়, ঘরের দরজায় তালা। এলাকাবাসী জানালেন, ঘটনার পর থেকে ওরা এ গ্রামে থাকে না। কোথায় আছে তা-ও কেউ জানে না। চংড়াছড়ি গ্রামের অপহূত আইনুল হকের স্ত্রী তাছলিমা বেগম জানান, ‘একটু শান্তি লাগছে যে স্বামীর মাথার খুলিটি হলেও দেখতে পেরেছি। এখন আমি স্বামী হত্যার বিচার চাই।’ মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকার খুন হওয়া মুজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম জানান, ‘আমার স্বামী তো কারও ক্ষতি করেননি। কেন তাঁকে নির্মমভাবে খুন করা হলো। স্বামীর মৃত্যুর পর তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। মামলাটি অনেক দূরের পথ বাঘাইছড়ি থানায় হওয়ায় খবরও নিতে পারছি না।’মনের মানুষ এলাকায় দেখা যায়, সেখানকার মানুষ আতঙ্কগ্রস্ত। কয়েকটি ঘটনার পর থেকে মানুষ এখন আর কথা বলতে রাজি হচ্ছেন না। কয়েকজন বয়স্ক মানুষ নাম প্রকাশ না করে সাংবাদিক পরিচয় পেয়ে শুধু বললেন, ‘বাবু এলাকার নাম মনের মানুষ হলেও মানুষের মনে কিন্তু শান্তি নেই।’ উপজাতীয় শরণার্থী রেশন বিতরণ কমিটির এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘ভাই সবাই আতঙ্কে আছি। এমনকি আমি নিজেও নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। কখন কোন অঘটন ঘটে।’ সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর দেওয়ান বলেন, ‘বাঙালি ব্যবসায়ী অপহরণের পর থেকে জোড়াব্রিজ এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাঁদের আতঙ্ক দূর করতে হবে।’ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম জানান, ‘একের পর এক অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর দীঘিনালা শান্ত আছে। তবে গুজব-আতঙ্ক কাটেনি। এসব গুজব রটানো ও ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে।’ খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির জাফর বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে এলাকাবাসীর উচিত পুলিশকে সহযোগিতা করা। অপরাধীদের শনাক্ত করে না দিলে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষচন্দ্র পাল বলেন, ‘ঘটনাগুলো নির্জন ও জনমানবহীন এলাকায় ঘটায় রহস্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। সাক্ষী পাওয়া যায় না। এমনকি মামলা দায়ের করার পরও বাদী পুলিশকে কোনো ধরনের সহযোগিতা করেন না। ফলে তদন্ত থমকে যায়।’ তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।