মনেরও রঙে রাঙাব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের নবম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব। আনন্দ-বেদনার এই শিক্ষা সমাপনী উৎসবকে ঘিরে ভালোবাসার রঙে মন রাঙিয়ে উৎসবে মেতেছিল বিদায়ীদের সঙ্গে অন্য শিক্ষার্থীরাও।উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের নীল কমল ও লাল কমল লেক ভেসেছিল শিক্ষা সমাপনীর আনন্দে। সবাই সেজেছে একই পোশাকে। ছাত্ররা পরেছিল অনুষদ ও ব্যাচের নাম খচিত সাদা ও লাল-খয়েরি টি-শার্ট এবং ছাত্রীরা পরেছিল লাল শাড়ি আর খোঁপায় গোলাপ।অনাবিল আনন্দ নিয়ে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। এরপর কেন্দ্রীয় লাইব্রেরির সামনে চলে অটোগ্রাফ ও আনন্দঘন রং মাখামাখি। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। দুপুর ১২টায় শুরু হয় ঐতিহ্যবাহী নীল কমল ও লাল কমল লেকে সাঁতার প্রতিযোগিতা।বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় মজাদার সব খেলাধুলার প্রতিযোগিতা। শেষ বিকেলে কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হলো কেন্দ্রিক আকর্ষণীয় ফানুস উৎসব।বিদায়ী শিক্ষার্থী মোমেনা মেহরিন সুইটি, রোমানা আফরোজ, রুমানা ফেরদৌসী রুমু বলেন , সত্যি বলতে কি, এ অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই। জীবনের একটি অন্যতম অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে খচিত হলো বিদায়ের এ দিনটি।শিক্ষার্থী আয়শা, তুলি, প্রিয়াংকা, তানজিলা মনসুর, ইতি, জয়শ্রী, সাচী, শারমিন, আঁখি, সাথী, নিশাত, মুক্তা, জয়নব, সেজুতি, তানিয়া, মিতি, লোপা, পল্লবী, শিমু, মৌরী, রুবি, রাকিব, নাজমুল—এদের নেই কোনো অভিমানী মুখ, নেই কোনো অনুযোগ, নেই কোনো দুঃখ। তারা তো আনন্দে আত্মহারা! এ এমন এক আনন্দ, এমন এক আকুলতা, যা সতীর্থের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদকে হার মানায়। পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রতিষ্ঠার পর এমন এক উচ্ছল দিনে নস্টালজিয়ায় ফিরে গিয়ে স্মৃতিকাতর হয়ে গেলেন শতাধিক বিদ্যার্থী। বিদায়ী শিক্ষার্থী সাইফুল ইসলাম ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...’ গেয়ে ওঠেন।