
তাঁরা তিন ভাইবোন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন। কিন্তু রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন এই তিনজন। তাঁরা হলেন সাবেক সাংসদ প্রয়াত ওসমান সরওয়ার আলম চৌধুরীর দুই ছেলে সাইমুম সরওয়ার ও সোহেল সরওয়ার ও মেয়ে নাজনীন সরওয়ার। সব ছাপিয়ে ভোটারদের মুখে আলোচনার বিষয় এখন তিন ভাইবোন।

রামুর রাজারকূল ও ফতেখাঁরকূল গ্রামের কৃষক রফিক উদ্দিন (৪৬) ও মমতাজুল ইসলাম (৬১) বলেন, গতবার ওসমান মিয়ার মেজো ছেলে সাইমুম সরওয়ার মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তখন বড় ভাই সোহেল সরওয়ার তাঁর বিরোধিতা করেন। ফলে বিএনপির প্রার্থীর হাতে পরাজিত হন তিনি। দুই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে আগুন ছড়াচ্ছেন বোন নাজনীন সরওয়ার । তিনিও এবার একই আসন থেকে দলের মনোনয়ন চেয়েছেন। তিন ভাইবোন প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় ওসমান মিয়ার ভক্ত-সমর্থকেরা বিভ্রান্ত হচ্ছেন।
দলীয় সূত্র জানায়, ২৪ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি একক প্রার্থী নির্বাচন নিয়ে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন।

সেখানে উপস্থিত কয়েকজন প্রার্থী বলেন, কক্সবাজার-৩ আসন নিয়ে আলোচনার সময় সব মনোনয়নপ্রত্যাশীকে শেখ হাসিনা সামনের সারিতে ডেকে আনেন। তারপর ওসমান সরওয়ার আলম চৌধুরীর তিন ছেলেমেয়েকে আলাদাভাবে সামনে দাঁড় করান। এ সময় বোনের দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে শেখ হাসিনার প্রশ্নের জবাব দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আ.লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাজনীন সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তিন ভাইবোনকে নিয়ে আলাদা কথা বলেন। আমাদের পরিবারের প্রতি তাঁর (শেখ হাসিনার) যথেষ্ট সম্মান থাকলেও ভাইদের দ্বন্দ্বের কারণে তা আমরা কাজে লাগাতে পারছি না।’
এক প্রশ্নের জবাবে নাজনীন সরওয়ার বলেন, দুই ভাই নিয়ে পক্ষপাত করার জন্য প্রার্থী হইনি। দুই ভাই মনোনয়ন পাওয়ার যোগ্য। কিন্তু তাঁরা ত্যাগ স্বীকার করতে জানেন না। আমি দল থেকে মনোনয়ন পেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাব। আর অন্য কাউকে দিলে দলের স্বার্থে তাঁর পক্ষে কাজ করব। রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার জানান, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি আশাবাদী। সাইমুম সরওয়ার জানান, গতবার তিনি মহাজোটের প্রার্থী ছিলেন। এবারও তাই আশা করছেন।
তিন ভাইবোন ছাড়াও এ আসনে আরও ১১ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রণজিত দাশ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, হাইকোর্টের আইনজীবী মিজান সাঈদ, নওরোজ এম রাসেল চৌধুরী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম, জেলা আওয়ামী ওলামা লীগের নেতা শওকত হায়াত ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।