সীতাকুণ্ড দুই দলের পাঁচ ‘বিদ্রোহী’চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার
মনোনয়ন প্রচারণা সবই দলের সমর্থনে
নির্বাচন কমিশনের ঘোষণামতো ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নির্দলীয় হওয়ার কথা। কিন্তু সীতাকুণ্ড উপজেলার ১০ ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা—সবই চলছে দলীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই দলই ইতিমধ্যে পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। এরপরও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের এবং দুইজন বিএনপির। আগামী মঙ্গলবার এই উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের অভিযোগ, সরকারিদলের সুবিধা নিয়ে প্রচার-প্রচারণা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। বিভিন্ন ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের সরকারিদলের আশীর্বাদপুষ্ট প্রার্থীরা হুমকি-ধমকি দিচ্ছেন। সীতাকুণ্ডের ইউপি নির্বাচন সম্পর্কে চট্টগ্রাম অঞ্চলের উপনির্বাচন কর্মকর্তা মো. এজাহারুল হক বলেন, ‘এটা নির্দলীয় নির্বাচন। কিন্তু বাস্তব অবস্থা তো আপনারা জানেন। পোস্টার বা ব্যানারে কেউ দলীয় প্রার্থী হিসেবে পরিচিতি দিতে পারবেন না। কিন্তু দলের সমর্থন নিয়েই অনেকে নির্বাচন করছেন।’দলীয় সূত্র জানায়, দুই দলই দুই মাস আগে বর্ধিত সভা করে ইউনিয়নভিত্তিক চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় তিন ইউপি চেয়ারম্যান প্রার্থীকে—সৈয়দপুরের হারুনুর রশীদ ভূঁইয়া, সোনাইছড়ির মোতাহের হোসেন সিদ্দিকী ও ভাটিয়ারীর কাজী শওকত ইকবাল। বিষয়টি স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দলের বর্ধিত সভা করে দলীয় প্রার্থীদের চেয়ারম্যান পদে সমর্থন জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। সরকারিদল হিসেবে আওয়ামী লীগ প্রার্থীদের ওপর প্রভাব বিস্তারের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, হুমকি-ধমকির বিষয়টি অপপ্রচার।মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ ও দলের কুমিরা ইউনিয়নের নেতা জহির উদ্দিনকে গত সোমবার দল থেকে বহিষ্কার করা হয়। মুরাদপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোফরান বাহার ও কুমিরায় জসিম উদ্দিন আহম্মেদকে উপজেলা বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়। সলিমপুরের বিএনপির সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টার প্রভাব খাটিয়ে জঙ্গল সলিমপুরের একটি ভোটকেন্দ্র পরিবর্তন করিয়ে নিয়েছেন। সাংসদ ওই ইউনিয়নের বাসিন্দা।এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘এ কেন্দ্রটি আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। এটাতে আমরা বাড়তি নিরাপত্তা দেব। এখন পর্যন্ত উপজেলার সব ইউনিয়নে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ প্রসঙ্গত, সীতাকুণ্ডের ৮৭ কেন্দ্রের ৩৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সলিমপুরের ১০ কেন্দ্রের মধ্যে সাতটি ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রচারণা মূলত জমে ওঠে দুপুরের পর। সলিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আজম গত বৃহস্পতিবার ফকিরহাটে বিশাল নির্বাচনী মিছিল বের করেন। উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড আসনের গতবারের সাংসদ প্রার্থী আসলাম চৌধুরী বলেন, ‘জঙ্গল সলিমপুর কেন্দ্র পরিবর্তন করেছে সুবিধা নেওয়ার জন্য। পাশাপাশি সব ইউনিয়নে বিএনপির প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।’ একইভাবে আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘আমার এখানে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। আমি র্যাব, পুলিশ ও ডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ দিয়েছি।’ কুমিরা ইউনিয়নের জাসদ নেতা ও বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমানও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন।