মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনের বেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো গ্রহণযোগ্য ও সুষ্ঠু করার তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেন, পৌর নির্বাচনে কোনো প্রার্থী পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এলে তাঁর প্রার্থিতা বাতিল হবে। জনসভা ও মিছিল করলেও প্রার্থীর একই পরিণতি হবে।পৌরসভা নির্বাচন সামনে রেখে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনার এই নির্দেশনা দেন। এতে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. হেলাল চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, পুলিশের উপমহাপরিদর্শক মো. নওশের আলী, জেলা প্রশাসক ফয়েজ আহমদ প্রমুখ বক্তব্য দেন। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি বৃহত্তর দেশের চট্টগ্রামের ১৯টিসহ মোট ২৬২ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার পৌরসভা হচ্ছে নয়টি। এগুলো হলো মিরসরাই, বারৈয়ারহাট, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, সাতকানিয়া ও বাঁশখালী। কক্সবাজারের চারটি, খাগড়াছড়ির তিনটি, বান্দরবানের দুটি ও রাঙামাটির একটি পৌরসভায় একই দিনে ভোট গ্রহণ হওয়ার কথা। ছহুল হোসাইন বৃহত্তর চট্টগ্রামের পৌরসভাগুলোর নির্বাচনকে ২০০৮ সালের সংসদ নির্বাচনের মতো গ্রহণযোগ্য ও সুষ্ঠু করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘সরকার কমিশনের ওপর প্রভাব বিস্তার করছে না, তাই আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।’ কতটা পৌরসভায় সেনা মোতায়েন হবে তা যাচাই হচ্ছে বলে তিনি জানান। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, ‘আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। তাই কেন্দ্রেই ভোট গণনা শেষে তা কেন্দ্রে সংশ্লিষ্টদের সামনে প্রকাশ করতে হবে।’