মনোবাসনা পূরণের মেলা
‘শুনেছি এখানে সবার মনোবাসনা পূরণ হয়। নিজের পছন্দের মানুষের সঙ্গে ঘর বাঁধব, এই আশা নিয়ে এত দূর এসেছি।’ বললেন ফেনী থেকে আসা অর্পিতা দত্ত। শতবর্ষী অশ্বত্থগাছের গুঁড়ি তখন ঢেকে গেছে মানুষের মনোবাসনার সুতোয়। রোগমুক্তি, বিয়ে, বিদেশভ্রমণ কিংবা সন্তান কামনা করে দূর-দূরান্ত থেকে শুক্লাম্বর মেলায় এসেছে অর্পিতার মতো বহু পুণ্যার্থী। তাদের বিশ্বাস, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। শুক্লাম্বর দিঘির জলে স্নান করলে আত্মশুদ্ধি হয়, পাপমুক্ত হয়ে নতুন জীবন লাভ করা যায়।প্রতিবছরের মতো এবারও পয়লা মাঘ (১৫ জানুয়ারি) শুক্লাম্বর দিঘির মেলায় লাখো মানুষের ঢল নেমেছিল। চন্দনাইশের বরমায় বসে ঐতিহ্যবাহী এই মেলা। দেশ-বিদেশের লাখো সনাতন ধর্মের নারী-পুরুষের সমাগম ঘটে প্রতিবছর। শনিবার খুব ভোর থেকেই দিঘির পাড় মুখরিত হয়ে ওঠে পুণ্যার্থীদের পদচারণে। বিভিন্ন যানবাহন চড়ে ও হেঁটে তারা দেশের নানা অঞ্চল থেকে এসেছিল। তারা ছাগল, কবুতর, দুধ ও নানা রকম ফল নিয়ে আসে উৎসর্গ করার জন্য। অশ্বত্থগাছের নিচে কবুতর উড়িয়ে দিচ্ছিল কেউ, কেউ বা শুক্লাম্বর দিঘিতে স্নান করছিল তীব্র শীত উপেক্ষা করে। শুক্লাম্বর মেলা উদ্যাপন কমিটির উপদেষ্টা সাধনচন্দ্র দাশ জানান, সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান এই শুক্লাম্বর দিঘি। শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠি প্রায় ৫০০ বছর আগে ভারতের নদীয়া এলাকায় জন্ম নেন। ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য চন্দনাইশের বরমায় আসেন তিনি। বরমায় বেশ কিছু জমি কিনে শিবমন্দির তৈরির মাধ্যমে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন তিনি। মহাসাধক ধর্মগুরু উপাধি অর্জনের পর থেকে তাঁর ভক্তের সংখ্যা বাড়তে থাকে। জনশ্রুতি আছে, বিয়ের খরচের জন্য শুক্লাম্বরের কাছে প্রার্থনা করলে বিয়ের যাবতীয় সরঞ্জাম এই দিঘিতে ভেসে উঠত। পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল দেব জানান, শুক্লাম্বর মেলা দিন দিন বড় হচ্ছে। মেলা কমিটি এখানে চার কোটি টাকা ব্যয়ে পূজামণ্ডপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।