মনোভূমিতে কারখানার ছাপচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্ট স্টুডিও ‘কারখানা’ আয়োজিত ছাপচিত্রী নন এমন শিল্পীদের জন্য ছাপচিত্র কর্মশালায় আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধনের পর মনোভূমি আর্ট স্পেসে অতিথিদের সঙ্গে শিল্পীরা।
আর্ট স্টুডিও ‘কারখানা’ আয়োজিত ছাপচিত্রী নন এমন শিল্পীদের জন্য ছাপচিত্র কর্মশালায় আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধনের পর মনোভূমি আর্ট স্পেসে অতিথিদের সঙ্গে শিল্পীরা।

মনোভূমি আর্ট স্পেসে শুরু হয়েছে ছাপচিত্রী নন এমন শিল্পীদের অংশগ্রহণে ছাপচিত্র প্রদর্শনী। আর্ট স্টুডিও কারখানা আয়োজিত ছাপচিত্রের কর্মশালায় আঁকা ছবি নিয়ে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী রশীদ আমিন।


শনিবার সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডে মনোভূমির গ্যালারিতে শুরু হওয়া এ ছাপচিত্র প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকদের জন্য গ্যালারি খোলা থাকবে। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পী এবং প্রশিক্ষক শিল্পীদের কাজ নিয়ে প্রদর্শনীতে মোট ২৭টি ছাপচিত্র স্থান পেয়েছে।

মনোভূমি আর্ট স্পেসের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী মাসুদুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘চিত্রশিল্পের একটি বিশেষায়িত শাখা হিসেবে ছাপচিত্রের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ছাপচিত্রের নানা মাধ্যমে বৈচিত্র্যময় কাজের সুযোগও অনেক বেশি। কিন্তু ছাপচিত্রে কাজ করার আগ্রহ থাকলেও প্রশিক্ষণ না থাকায় অনেক চিত্রশিল্পীই এই মাধ্যমে কাজ করতে স্বচ্ছন্দ নন। এ কারণে ছাপচিত্রী নন এমন শিল্পীদের ছাপচিত্র নিয়ে কর্মশালা করানোটা আর্ট স্টুডিও কারখানার একটি দারুণ উদ্যোগ। এ জন্যই মনোভূমি আর্ট স্পেস এ প্রদর্শনীর আয়োজন করেছে। আশা করি দর্শকেরা নতুন ছাপচিত্রীদের কাজগুলো উপভোগ করবেন।’

কারখানার এই কর্মশালায় মোট ১১ জন শিল্পী অংশ নেন। তাঁদের সবাই ছাপচিত্র মাধ্যমে এই প্রথম কাজ করছেন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—উম্মে হাবিবা, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাসেম, ফয়েজ আলম, জহিরুল ইসলাম, রহমতুল্লাহ বিলাস, ইশতিয়াক আকন্দ, আশরাফুল ইসলাম, শুভ ঘোষ এবং অপু রাজবংশী।

রাজধানীর মোহাম্মদপুরে আর্ট স্টুডিও কারখানা আয়োজিত ছাপচিত্রের এই কর্মশালার পরিচালক ছিলেন শিল্পী উত্তমকুমার রায়, আরিফ আল করিম ভূঁইয়া ও জাহিদ হোসেন। অতিথি শিল্পী হিসেবে কর্মশালায় সহায়তা করেছেন শিল্পী তরুণ ঘোষ ও মাসুদুর রহমান। এই প্রশিক্ষক শিল্পীদেরও একটি করে শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে।

গ্যালারি:
মনোভূমি আর্ট স্পেস
ঠিকানা: ১৩-১৪, তৃতীয় তলা, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮ এলিফ্যান্ট রোড, ঢাকা।
গ্যালারি খোলা: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা
প্রদর্শনী চলবে: ১৬ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত