মনোভূমিতে ছয় শিল্পীর 'অন্তর কথা'

রাজধানীর মনোভূমি আর্ট স্পেসে ছয় চিত্রশিল্পীর যৌথ প্রদর্শনী ‘অন্তর কথা’ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। খ্যাতনামা তিন শিল্পী তরুণ ঘোষ, বিপুল শাহ ও আনিসুজ্জামানের সঙ্গে নীবন তিন শিল্পী পিযুষ কান্তি সরকার, মাসুদুর রহমান ও ইশরাত জাহান অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে।
বরেণ্য শিল্পী সমরজিত্ রায় চৌধুরী আগামীকাল বিকেল পাঁচটায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই চিত্রপ্রদর্শনী। প্রত্যেক শিল্পীর চারটি নিয়ে মোট ২৪টি চিত্রকর্ম থাকবে প্রদর্শনীতে।

প্রদর্শনী সম্পর্কে মনোভূমির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অংশগ্রহণকারী সব শিল্পীই যাঁর যাঁর নিজস্ব ধারায় ছবি এঁকেছেন। তবে সবার কাজের মধ্যে কোথায় যেন একটা ঐকতান আছে। এই ঐকতানের কারণেই একসঙ্গে তাঁদের এই প্রদর্শনীর আয়োজন।’
মাসুদুর রহমান আরও বলেন, ‘মনোভূমির এই অন্তর কথা প্রদর্শনীটি দর্শকদের কাছে শিল্পীদের অন্তরের কথা তুলে ধরবে। আর দর্শকেরা নিজের মনোভূমির, নিজের অন্তরের কথার প্রতিফলনও শিল্পীদের কাজে দেখতে পাবেন বলে আমরা আশা করছি।’
গ্যালারি:
মনোভূমি আর্ট স্পেস
সাহেরা ট্রপিক্যাল সেন্টার (তৃতীয় তলা)
বাটা সিগন্যাল মোড়
২১৮, এলিফ্যান্ট রোড, ঢাকা।