মন্ট্রিয়ল মাতিয়ে গেলেন রুনা লায়লা

সংগীত কিংবদন্তি রুনা লায়লা, যাঁর পরিচিতি বিশ্বজুড়ে। সংগীত জগতে এক উজ্জ্বল দিকপাল তিনি। বাংলা গান বিশ্বের দরবারে নিয়ে যেতে রুনা লায়লার ভূমিকা অবিস্মরণীয়। জীবন্ত কিংবদন্তি দীর্ঘ ১৮ বছর পর আবার কানাডায় বাংলা ভাষাভাষীদের মাতিয়ে গেলেন। বিমোহিত করলেন মন্ট্রিয়লের দ্যাজ-দার্জিন থিয়েটারে উপস্থিত প্রায় এক হাজার দর্শককে।

রুনা লায়লা অনুষ্ঠানে গানেরই খাতায় স্বরলিপি, এই বৃষ্টিভেজা রাতে, প্রতিদিন তোমায় দেখি, বন্ধু তিন দিন তোর বাড়িত, পান খাইয়া ঠোঁট লাল, সাধের লাউ, আল্লাহ মেঘ দে পানি দে, তোমাকে চাই আমি আরও কাছে, দমাদম মাসকলন্দরসহ ২১টি গান পরিবেশন করেন। এ অনুষ্ঠানের সেরা প্রাপ্তি ছিল বয়স্ক নারী-পুরুষদের নাচ। বয়সের কথা ভুলে তাঁরা নেচেছেন রুনা লায়লার গানের তালে তালে। তাঁরা যেন হারিয়ে গিয়েছিলেন সত্তর-আশির দশকে।

এই অনুষ্ঠানের আয়োজক ছিল নন্দন, তানভীর ও আরিফের স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তাঁদের নিরাশ করেননি মন্ট্রিয়লের দর্শকেরা। এক দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়। স্পার্ক এর আগে মন্ট্রিয়লে শ্রেয়া ঘোষাল, মিকা সিং, বালামদের নিয়ে উঁচুমানের অনুষ্ঠান উপহার দিয়েছে।
রুনা লায়লাও বলেছেন, দেশে-বিদেশে করা তাঁর সব শোর মধ্যে মন্ট্রিয়লের এবারের আয়োজন সেরা। এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। সাউন্ড সিস্টেম, অসাধারণ আলোক প্রক্ষেপণ এবং গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে বিরাট স্ক্রিনে ভিডিও ইলাস্ট্রেশন অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত।
মাহমুদুল হাসান রুবেল
মন্ট্রিয়ল, কানাডা