মন্ট্রিয়েল শহীদ মিনারের নকশা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনারের নকশা
শহীদ মিনারের নকশা

শহীদ মিনার বাঙালির জাতীয় চেতনা, ভাষা ও সংস্কৃতির চিরন্তন প্রতীক। কানাডার মন্ট্রিয়েলে বাঙালির চিরন্তন এই প্রতীকের স্থায়ী স্থাপনা নির্মাণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়েল। নির্মিত হলে এটিই হবে উত্তর আমেরিকায় প্রথম স্থায়ী শহীদ মিনার।
মন্ট্রিয়েলের ভ্যানহর্ন পার্কে এই শহীদ মিনার নির্মাণ করা হবে। সিটি অব মন্ট্রিয়েল শহীদ মিনারের জন্য এই স্থান নির্বাচন করেছে। ১৪ সেপ্টেম্বর রোববার স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়েলের সভায় চূড়ান্ত করা হয় স্বপ্নের এ শহীদ মিনারের নকশা। নকশাটি এ সপ্তাহেই জমা দেওয়া হবে সিটি কর্তৃপক্ষের কাছে। অনুমোদন পাওয়ামাত্র শুরু হয়ে যাবে শহীদ মিনার নির্মাণের কাজ।
শহীদ মিনারের নকশাটি করেছেন প্রকৌশলী এলেন হেলাল। মন্ট্রিয়ল সিটির প্রকৌশলী এ ব্যাপারে তাঁকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। মাটি থেকে শহীদ মিনারের উচ্চতা হবে ১৫ ফুট এবং মূল স্তম্ভটি হবে কালো গ্রানাইট পাথরের। উন্নত মম শিরের মতো স্তম্ভের মধ্যে রাখা হয়েছে আমাদের মহান অর্জন স্বাধীনতার লাল সূর্য। আছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়। ভাষা আন্দোলনের স্মৃতির পাশাপাশি মিনারটিতে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে দুটি স্তম্ভ বেদিও। এটি নির্মিত হবে অ্যালুমিনিয়াম দিয়ে। মিনারের পাশে বাংলাদেশ, কানাডা, কুইবেক ও মন্ট্রিয়েলের পতাকা ওড়ানোর জন্য চারটি খুঁটিও থাকবে। মধ্যস্থলে একটি ফলকে বায়ান্নর মহান ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস বাংলা, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় উল্লেখ থাকবে। ধারণা করা হচ্ছে, শহীদ মিনারটি নির্মাণে ব্যয় হবে ৭০ হাজার কানাডিয়ান ডলার।

প্রকৌশলী এলেন হেলালের সঙ্গে প্রেসক্লাবের সদস্যরা
প্রকৌশলী এলেন হেলালের সঙ্গে প্রেসক্লাবের সদস্যরা


শহীদ মিনারের নকশা চূড়ান্তকরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি দীপক ধর, উপদেষ্টা রুমু ইসলাম, সাধারণ সম্পাদক খ ম তানভীর ইউসুফ, সহসভাপতি সদেরা সুজন, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ শরীফ ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসাদ আরা রানা, নির্বাহী সদস্য রণজিত মজুমদারসহ সাধারণ সদস্যরা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এম ছাদেক এ চৌধুরী শিবলী, মো. তোফাজ্জল হোসেন ও শিহাব উদ্দিন।
প্রেসক্লাবের সভাপতি দীপক ধরসহ আরও কয়েকজন প্রকৌশলী এলেন হেলালকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সবার সহযোগিতায় বাংলাদেশের নাম আবারও প্রবাসে গর্বের সঙ্গে উচ্চারিত হবে বলে প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
মাহমুদুল হাসান
মনিট্রয়েল, কানাডা