মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২১ আগস্ট থেকে কানাডার মন্ট্রিয়েলে শুরু হবে মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৪। এই উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশি সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত বাংলাদেশের হৃদয় প্রামাণ্যচিত্রটি নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের হৃদয় প্রামাণ্যচিত্রটি ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের সময় নির্মিত হয়। হৃদয় নামের ১০ বছরের এক শিশু এই প্রামাণ্যচিত্রের মূল চরিত্র। গণজাগরণের উত্তাল দিনগুলিতে নির্মাতার ক্যামেরা ঘুরে ফিরেছে হৃদয়ের পেছনে পেছনে। বাবা-মা হৃদয়কে মাদ্রাসায় ভর্তি করতে চেয়েছিল। কিন্তু হৃদয় গণজাগরণের অংশ হতে বাবা-মাকে ফাঁকি দিয়ে চলে আসত শাহবাগে। ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে যা দেখানো হয় সে সব এড়িয়ে, বাংলাদেশের হৃদয় শাহবাগ গণজাগরণকে বুঝতে চেয়েছে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে।

মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচিত্র উৎসব ২০১৪-এ প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত ৩৪টি ছবির মধ্যে একটি বাংলাদেশের হৃদয়। ৭৪টি দেশের সর্বমোট ৩৫০টি ছবি এ বছর উৎসবে ১২ দিন ধরে প্রদর্শিত হবে। এগুলো প্রদর্শিত হবে ডাউন টাউন মন্ট্রিয়েলের তিনটি ভেন্যুর ১৯টি পর্দায়।

মন্ট্রিয়েল আনতর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু থেকেই সাংস্কৃতিক বৈচিত্রে্যর ওপর জোর দিয়ে এসেছে। উৎসবের মূল লক্ষ্য হলো জাতিতে জাতিতে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি, নতুন ধারার ছবি নির্মাণের পৃষ্ঠপোষকতা প্রদান এবং নতুন প্রতিভা আবিষ্কার। মন্ট্রিয়েল চলচিত্র উৎসব বরাবরই বাংলাদেশের হৃদয় প্রামাণ্যচিত্রের মতো নতুন ও সৃষ্টিশীল কাজগুলি অনুপ্রাণিত করে এসেছে।

এর আগে আরেকবার সাইফুল ওয়াদুদ হেলালের প্রামাণ্যচিত্র মন্ট্রিয়েল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০০৫ সালে উৎসবের ২৯তম আসরে তাঁর প্রথম প্রামাণ্যচিত্র বিশ্বাসের রঙ নির্বাচিত ও প্রশংসিত হয়।

এ বার মন্ট্রিয়েল চলচ্চিত্র উৎসবের ৩৮তম আসরটি  উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত নন্দিত সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্মৃতির উদ্দেশ্যে। মার্কেসের মানবতাবাদী প্রতিভা, দক্ষিণ আমেরিকার মানুষের জীবনের শক্তিশালী বয়ান এবং যাদু বাস্তবতা শুধু তাঁর সাহিত্যিক বন্ধুদেরই প্রভাবিত করেনি, বহু ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র নির্মাতাদেরও প্রভাবিত করেছে। যাঁদের ছবি মন্ট্রিয়েল চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

২১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে ল্যাটিন আমেরিকার ৩২টি ছবিসহ মোট ১৩২টি নতুন ছবির আন্তর্জাতিক অভিষেক প্রদর্শনী হবে। মন্ট্রিয়েল চলচ্চিত্র উৎসব উত্তর আমেরিকার একটি প্রধান চলচিত্র উৎসব। উত্তর আমেরিকায় মন্ট্রিয়েল চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অনুমোদিত একমাত্র প্রতিযোগিতামূলক উৎসব। এবারের উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে খ্যাতনামা ফরাসী পরিচালক ক্লদ লেলচের সাম্প্রতিক ছবি  Salaud, on t’aime (উই লাভ ইউ, ইউ বাস্টার্ড)। ১২ দিনব্যাপী এই উৎসব শেষ হবে নন্দিত পরিচালক এলেইন রেস্নেইসের সর্বশেষ ছবি  Aimer, boire et chanter (লাইফ অব রিলে) প্রদর্শনের মধ্য দিয়ে। এ বারের উৎসবের প্রধান জুরি হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত ইটালিয় চলচ্চিত্র তারকা সারজিও ক্যাস্তালিতো। উৎসবের পোস্টারটির নকশা করেছেন বিশ্বখ্যাত বলিভিয়ান শিল্পী মার্কো টক্সিকোস।

আগামী ২৩ ও ২৪ আগষ্ট শনি ও রোববার উৎসবের অন্যতম ভেন্যু মন্ট্রিয়েলের কম্লেক্স ওডিয়ন কার্টিয়ে লাতিন সিনেমা  কমপ্লেক্সে পর পর দুই দিন সাধারণ দর্শকদের জন্য বাংলাদেশের হৃদয়ের দুটি প্রদর্শনী হবে। এছাড়া মার্শে দ্যু সিনেমা বা চলচ্চিত্র বাজারে উৎসবের ১২ দিনই অন্যান্য চলচ্চিত্রের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদারদের  জন্য বাংলাদেশের হৃদয় অন ডিমান্ডে দেখার ব্যবস্থা থাকবে। প্রতিটি প্রদর্শনীর পর নির্মাতার সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রেখেছেন উৎসব কতৃ‌র্পক্ষ। উৎসব কতৃ‌র্পক্ষ কতৃ‌র্ক আমন্ত্রিত হয়ে মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতাদের পাশাপাশি ছবির প্রযোজক ও অনেক কলাকুশলীও যোগ দেবেন।

 কবির চৌধুরী

 অটোয়া, কানাডা