উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গ্রহণে আগাম অনুমোদন নেওয়া নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে টানাপোড়েন চলছে। এ নিয়ে সমঝোতা না হলে পার্বত্য জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে।
সম্প্রতি তিন পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়,পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্পের আগাম অনুমোদন নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা পার্বত্য পরিষদ আইনের পরিপন্থী।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পরিষদগুলো গঠিত হওয়ার পর এই প্রথম এ ধরনের নির্দেশ দেওয়া হলো। এতে জনগুরুত্বসম্পন্ন জরুরি কাজ ব্যাহত হবে বলে পার্বত্য জেলা পরিষদগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা।
পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকার পার্বত্য পরিষদগুলোর কাছে দুটি কোডের মাধ্যমে দুই ধরনের উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেয়। কোড নম্বর ৫০১০-এর আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প এবং কোড নম্বর ৭০২০-এর আওতায় স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা প্রকল্পের নামে অর্থ বরাদ্দ দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের অধীনে বড় আকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় বলে এ ধরনের প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় জরুরি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত বলে এর জন্য অনুমোদন নেওয়া হয় না। এখন মন্ত্রণালয়ের নতুন নির্দেশ অনুযায়ী এ ধরনের জরুরি প্রকল্পের জন্যও অনুমোদন নিতে হবে। এতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণের জন্য তাৎক্ষণিক বরাদ্দ দিতে পারবে না পার্বত্য জেলা পরিষদগুলো।
জানা গেছে, বছরে ২৫০ থেকে ৩০০টি স্থানীয় সরকার উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন করতে হয় পার্বত্য জেলা পরিষদগুলোকে। এ খাতে প্রতিবছর প্রত্যেক পার্বত্য জেলা পরিষদকে ১২ থেকে ১৫ কোটি করে অর্থ বরাদ্দ দেওয়া হয়।
পরিষদগুলোর কর্মকর্তাদের দাবি, পার্বত্য জেলা পরিষদ আইনের ৩৫, ৩৮ ও ৪২ ধারা অনুযায়ী বাজেট প্রণয়ন ও অনুমোদন এবং তহবিলের সংগতি রেখে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়নের অধিকার তাঁদের রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ পরিষদগুলোর সে অধিকারকে ক্ষুণ্ন করছে।
তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে বলা হয়েছে, পার্বত্য জেলা পরিষদ আইনের ৪২ ধারায় প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়নের কর্তৃত্ব জেলা পরিষদকে দেওয়া হলেও অনুমোদন এবং পরিবীক্ষণের ক্ষমতা জেলা পরিষদ বা অন্য কোনো সংস্থাকে প্রদান করা হয়নি। এই কাজটি মন্ত্রণালয় করবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা বলেন, ‘আমরা যদি ডিপিপি পাঠাই সেটা হবে পার্বত্য জেলা পরিষদ আইনের লঙ্ঘন। তবে এ জটিলতা নিরসনে দুই পক্ষ বসে সমাধানে আসতে হবে।’ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাথোয়াই অং মারমা বলেন, ‘মন্ত্রণালয় তাঁদের কর্তৃত্ব বাড়াতে ডিপিপি অনুমোদনের কথা বলছে। মন্ত্রণালয় এভাবে নির্দেশ দিতে পারে না।’
তবে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘পার্বত্য জেলা পরিষদগুলো কোনো স্বাধীন সত্তা নয়। মন্ত্রণালয় টাকা দেয়। তাই মন্ত্রণালয়ের অধিকার আছে সে টাকা কোথায় খরচ হচ্ছে তা দেখার। যদি ডিপিপি না দেয় সেটা পরে দেখা যাবে। হয়তো তাঁরা ডিপিপি তৈরি করতে পারেননি তাই না দেওয়ার কথা বলছেন।’