মন্ত্রিসভার জরুরি বৈঠকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আৎকা: রাকিব
আৎকা: রাকিব

 দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ দুই ধাপ এগিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হলো। কথা হচ্ছিল সচিব ও এক মন্ত্রীর মধ্যে। মন্ত্রী বললেন, ‘দেখুন, আমি সচিব হলে ফলাফলটা অন্য রকম হতে পারত।’ সচিব বললেন, ‘জি স্যার, ব্যাপারটা আরও দীর্ঘমেয়াদি হতে পারত।’
 আলোচনার শুরুতেই এক মন্ত্রী বললেন, ‘আমাদের বেতনটা আরও বাড়িয়ে দেওয়া উচিত।’ প্রধানমন্ত্রী বললেন, ‘বেতন বাড়াব, সে ক্ষেত্রে টেন্ডারের সব কাজ আপনাদের করতে হবে।’ মন্ত্রী সানন্দে জবাব দিলেন, ‘তাহলে স্যার, বেতনটা আরও কমিয়ে দিলেও সমস্যা নেই!’
 প্রধানমন্ত্রী আরেক মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ‘আপনার এলাকায় নাকি সন্ধ্যার পর ছিনতাইয়ের ভয়ে মানুষ ঘর থেকে বের হয় না?’ মন্ত্রী বললেন, ‘কই, না তো! চিত্রটা এখন পুরোপুরি বদলে গেছে।’ প্রধানমন্ত্রী খুব খুশি হলেন, ‘তাই নাকি? তা কীভাবে সম্ভব হলো বলুন, অন্যরাও শিখুক।’ মন্ত্রী বললেন, ‘এলাকায় খুন–খারাবি এত বেড়ে গেছে যে ছিনতাইকারীরাও সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পায়!’
 মৎস্যমন্ত্রী তাঁর পাশে বসা যোগাযোগমন্ত্রীকে বললেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে খুব ভয় পাচ্ছি! আপনি আপনার বক্তব্যের সময় বলে দেবেন, আমার মন্ত্রণালয়টা খুব ভালো চলছে।’ যোগাযোগমন্ত্রী বললেন, ‘কিন্তু মিথ্যা বলা তো মহা পাপ!’ মৎস্যমন্ত্রী ফিসফিস করে বললেন, ‘সে জন্যই তো আপনাকে দিয়ে বলাচ্ছি।’

 বৈঠকে ফিসফিসানি শুনে প্রধানমন্ত্রী এক মন্ত্রীর দিকে আঙুল তুলে বললেন, ‘ফিসফিস করে লাভ নাই। শুনলাম, দুর্নীতি করে অল্প সময়েই টাকার পাহাড় গড়ে তুলেছেন! আপনার সময় কিন্তু দ্রুতই শেষ হয়ে আসছে।’
মন্ত্রী মুখ কাঁচুমাচু করে বললেন, ‘জি স্যার, সে জন্যই একটু তাড়াহুড়া করছি।’

 প্রধানমন্ত্রী এবার অন্য দিকে মুখ ঘুরিয়ে বললেন, ‘তাহলে এবার দুর্নীতিবিরোধী মন্ত্রীই দাঁড়ান, আপনাকে অভিনন্দন জানাই! দুই ধাপ
এেগালেও এখনো আমরা ১৩টি দেশের চেয়ে কম দুর্নীতিবাজ আছি! অভিনন্দন আপনাকে।’ দুর্নীতিবিরোধী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দাঁড়িয়ে বললেন, ‘স্যার, আপনি বোধ হয় কাজের চাপে ভুলে গেছেন, মন্ত্রী মহোদয় দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বর্তমানে জেলে আছেন!’