
সম্প্রতি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘বন্যা-পরবর্তী সংস্কারকাজ নিয়ে লুটপাট হতে পারে, তবে হরিলুট হবে না।’ স্বাভাবিকভাবেই মন্ত্রী যা বোঝাতে চেয়েছেন আর জনগণ যা বুঝেছে তার মধ্যে থেকে গেছে বিস্তর ফারাক। মন্ত্রীর কথা আর মানুষের ভুল বোঝার ফারাক তুলে ধরলেন মো. মিকসেতু
১.
মন্ত্রী বোঝাতে চেয়েছেন
লুটপাট মানে হইচই হট্টগোল, কাড়াকাড়ি। বন্যার পর সংস্কারকাজ করতে গেলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন কাড়াকাড়ি করতে চাইবে, হইচই হট্টগোল করবে, এটাই স্বাভাবিক। আর হরিলুট মানে বেশ বড় ধরনের ডাকাতি কিংবা দুর্নীতি। আর একজন পানিসম্পদমন্ত্রী হিসেবে কাড়াকাড়ি, লুটপাট হতে দিলেও কোনোভাবেই হরিলুট হতে দেবেন না তিনি।
জনগণ যা বুঝেছে
পানিসম্পদমন্ত্রী তাঁর বক্তব্যে দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বুঝিয়েছেন, সংস্কারকাজে দুর্নীতি হবেই তবে বড় ধরনের দুর্নীতি হবে না।
২.
মন্ত্রী বোঝাতে চেয়েছেন
মন্ত্রী আসলে ছোটবেলায় প্রবাবিলিটি বা সম্ভাব্যতার অঙ্ক বেশ মনোযোগ দিয়ে করেছেন। সম্ভাব্যতার অঙ্কে বলা আছে, দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। সবচেয়ে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনাও এখানে শতকরা ১ ভাগ। মন্ত্রী মূলত এই সম্ভাবনাকে ইঙ্গিত করেই গাণিতিকভাবে প্রমাণ করতে চেয়েছেন, হরিলুটের সম্ভাবনা ১ শতাংশ থাকলেও তিনি যেভাবেই হোক তা রুখে দেবেন।
জনগণ যা বুঝেছে
এত দিন সরকারি দুর্নীতির কথা শুধু শোনা যেত, কেউ স্বীকার করতেন না। আজ পানিসম্পদমন্ত্রী দুর্নীতির কথা শুধু স্বীকারই করলেন না, দুর্নীতি চলবে এটা মেনেও নিলেন, মানতেও বললেন!
৩.
মন্ত্রী বোঝাতে চেয়েছেন
যতই লুটপাট হোক, প্রতিবছর এই যে বিভিন্ন বাঁধ ভেঙে যাচ্ছে, এর জন্য দুর্নীতি দায়ী নয়। মূলত ইঁদুরই বাঁধ কেটে বন্যা আনছে।
জনগণ যা বুঝেছে
বড় কর্তাদের দুর্নীতির কারণেই প্রতিবছর বাঁধ ভেঙে সাধারণ জনগণের সহায়-সম্বল ভেসে যায়।
৪.
মন্ত্রী বোঝাতে চেয়েছেন
মন্ত্রী নিজেকে সৎ, সত্যবাদী প্রমাণ করতে ছোট দুর্নীতির কথা স্বীকার করেছেন। আবার নিজেকে একজন যোগ্য, কর্মঠ মন্ত্রী প্রমাণ করতে বড় দুর্নীতি হবে না, এই গ্যারান্টিও দিয়েছেন।
জনগণ যা বুঝেছে
পানিসম্পদমন্ত্রী তাঁর দপ্তরে দুর্নীতি রুখতে অক্ষম। এটা তিনি নিজের মুখেই স্বীকার করলেন।
৫.
মন্ত্রী বোঝাতে চেয়েছেন
লুটপাট মানে তেমন বড় কোনো দুর্নীতি নয়। হরিলুট মানে বড় মাপের দুর্নীতি।
জনগণ যা বুঝেছে
যাহা লুটপাট তাহাই হরিলুট।