
এই পথে যাবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য তড়িঘড়ি করে সড়ক ও জনপথ বিভাগ মাটি দিয়ে ভরাট করে সড়কের গর্ত। কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পরদিনই পুরোনো চেহারায় ফিরে গেছে সড়ক। এখন গর্তে ভরা সড়কটিতে ধুলাবালুর অত্যাচারে চলাই দায় হয়ে পড়েছে। এই হাল আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কের কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া অংশে।
এই সড়ক দিয়ে ১৭ জানুয়ারি ওবায়দুল কাদের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি হয়ে পেকুয়া আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির বাড়িতে যান।
সরেজমিনে দেখা যায়, এবিসি সড়কের পেকুয়া উপজেলার টৈটং বাজার, হাজি বাজার, সোনাইছড়ি সড়কের মাথা, ধনিয়াকাটা স্টেশন, বারইয়াকাটা, মৌলভীপাড়া, সিকদারপাড়া, হরিণাফাঁড়ি, নন্দীরপাড়া ও বাঘগুজারা সেতু-সংলগ্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত। কিছু স্থানে পিচঢালাইও নেই। আর সমানে উড়ছে ধুলাবালু।
স্থানীয় লোকজন জানান, এবিসি মহাসড়কের নন্দীরপাড়া ও বাঘগুজারা সেতু এলাকা গত বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া অন্য স্থানে গর্ত সৃষ্টি হয়েছে পিচঢালাই উঠে গিয়ে।
ধনিয়াকাটা স্টেশনের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘এত দিন সড়ক বিভাগের লোকজন ঘুমিয়ে ছিলেন। মন্ত্রী আসার খবরে গর্তে মাটি দেওয়া হয়েছে দ্রুত। পর দিনই তা উঠে গেছে। এখন ধুলাবালুর যন্ত্রণায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মন্ত্রী ওবায়দুল কাদের আসার খবরে চকরিয়া উপজেলার বরইতলী, লালমিয়ার দোকান ও পেকুয়ার সাঁকোরপাড়সহ বিভিন্ন এলাকায় মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়।
টৈটং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ বলেন, ‘এবিসি মহাড়কের পেকুয়া অংশ দিয়ে লোকজন খুব কষ্ট করে চলাচল করে। কিন্তু কর্তৃপক্ষ কোনো দিন তা আমলে নেয়নি।’
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া কার্যালয়ের উপপ্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, ‘মন্ত্রীর সঙ্গে বেশি গাড়ি যাবে এ কারণে একদিনের জন্য মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়েছে। মাটিগুলো উঠে গেলেও সমস্যা নেই। টৈটং বাজার থেকে ইদমনি পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দরপত্র হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু হবে।’