মন্ত্রীর দৃষ্টিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা (হালনাগাদ সংস্করণ)
‘অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা সিগনাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চেনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়।’ ২০১১ সালের ১৮ আগস্ট নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌমন্ত্রী শাজাহান খান এমনটাই বলেছিলেন। তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনার জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর পরিস্থিতি বদলে গেছে। এখন লাইসেন্স পাওয়ার জন্য গরু-ছাগল চেনার পাশাপাশি আরও কী কী বাড়তি যোগ্যতা লাগবে, সেটাই নৌমন্ত্রীর হয়ে ভাবার চেষ্টা করেছেন আসফিদুল হক
শিক্ষাপ্রতিষ্ঠান চিনতে পারা
চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নৌমন্ত্রী নিশ্চয়ই চাইবেন আপাতত শুধু গরু-ছাগল নয়, তার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চেনার ওপর বেশি গুরুত্ব দিতে। তাই লাইসেন্স দেওয়ার আগে তিনি জানতে চাইবেন, চালকেরা যে রুটে গাড়ি চালাবেন, সেই রুটের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ঠোঁটস্থ আছে কি না। সারা রাস্তায় যেভাবেই গাড়ি চালানো হোক না কেন, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসে অবশ্যই চালকদের ভদ্রভাবে গাড়ি চালাতে হবে, মর্মে শপথ নিলেই তাঁদের সহজে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
সব জাগতিক-কাল্পনিক প্রাণী চিনতে পারা
শুধু গরু-ছাগল চিনলেই লাইসেন্স দিতে হবে—এ কথা বলে একসময় নৌমন্ত্রী বেশ বিপাকে পড়েছিলেন। বর্তমানে তাঁর কাণ্ডজ্ঞানহীন কথাবার্তার সঙ্গে গরু-ছাগলের প্রসঙ্গও ফিরে আসছে বারবার। তাই মন্ত্রী এখন থেকে তাঁর কথা পরিমার্জন করে বলতে পারেন, গরু-ছাগলসহ পৃথিবীর সব ধরনের প্রাণীই চালকদের চিনতে হবে। এ জন্য যাঁরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তাঁদের পরীক্ষা নেওয়া হবে চিড়িয়াখানায়। সেখানে প্রতিটা খাঁচার সামনে তাঁদের নিয়ে গিয়ে প্রাণীদের নাম জিজ্ঞেস করা হবে। শুধু চিড়িয়াখানার প্রাণীই নয়, প্রয়োজনে ডাইনোসর ও এলিয়েনদের সম্ভাব্য আকার-আকৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। মোটকথা, মানুষ ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের সব ধরনের প্রাণী সম্পর্কে ধারণা থাকলেই কেবল লাইসেন্স দেওয়া হবে।
অটো রেসিং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ
বাংলাদেশের বাসচালকদের বেশির ভাগই অটো রেসিং স্টাইলে গাড়ি চালান। কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে তাঁদের প্রতিভা ঠিকমতো বিকশিত হচ্ছে না। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ জন্য ভবিষ্যতে অটো রেসিং ফর্মুলায় গাড়ি চালানো শেখানোর জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। যাঁরা লাইসেন্স চাইবেন, তাঁদের অবশ্যই এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিখতে হবে কীভাবে ঝড়ের গতিতে গাড়ি চালিয়েও নিজেকে অক্ষত রাখা যায় (জনগণ, পুলিশ, মামলা ইত্যাদি থেকে)।
প্রতিবেশী-সম্পর্কিত জ্ঞান থাকতে হবে
যে যুগ পড়েছে, তাতে চালকদের শুধু গাড়ি চালালেই হবে না, প্রতিবেশী দেশগুলো সম্পর্কেও জ্ঞান রাখা চাই। প্রতিবছর প্রতিবেশী দেশগুলোতে কতগুলো সড়ক দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনায় কতজন মারা যাচ্ছে, সেগুলোর সঠিক তথ্য চালকদের জানতে হবে। শুধু জানলেই হবে না, সেই তথ্য মাথায় নিয়ে গাড়ি চালানোর সময় তাঁদের সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই নিজের দেশের দুর্ঘটনার সংখ্যা প্রতিবেশী দেশগুলো থেকে বেশি না হয়। দুর্ঘটনার সংখ্যা বেশি হয়ে গেলে মন্ত্রী বিব্রত হবেন, জাতির কাছে তিনি ‘যথার্থ’ উদাহরণ তুলে ধরতে পারবেন না।