মন্দাই হবে মূল বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র এক মাস পরই ব্রিটেনে সাধারণ নির্বাচন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সহকর্মীদের পাশে নিয়ে ৬ মে নির্বাচনের কথা ঘোষণা করেন। রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। অর্থনৈতিক মন্দার বিষয়টি ব্রিটেনের এবারের নির্বাচনের মূল প্রেক্ষাপট হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই মুহূর্তে দেশটির অর্থনীতি বেশ বেহাল। এ প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতারা। আর প্রধানমন্ত্রী ব্রাউন বলেছেন, ব্রিটেন এখন অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে এবং এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়া সমীচীন হবে না, যাতে সে প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ে।বেশ কয়েক মাস ধরে ব্রিটেন যে মন্দার মধ্য দিয়ে চলছে, তা কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায় নিয়ে নানা রকম দাবি করা হচ্ছে। ভোটাররা এর কোনটাকে সঠিক মনে করেন, তার ওপর নির্ভর করবে এবারের নির্বাচনের ফলাফল। বিদায়ী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলছেন, এমন কিছু করা উচিত হবে না, যাতে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ ঝুঁকির মধ্যে পড়ে। ব্রাউনের প্রতিশ্রুতি, এই সংকট থেকে দেশকে উদ্ধার করবেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, বিরোধী কনজারভেটিভ পার্টি অর্থনীতিকে চাঙা করতে লেবার সরকারের নেওয়া বিশাল ঋণের ব্যাপারে নিয়ে উদ্বিগ্ন। তারা এই ঋণের পরিমাণ দ্রুত কমিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনে অন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেগুলো হচ্ছে সামাজিক পরিস্থিতি, সেবামূলক কর্মসূচি, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধরত সামরিক বাহিনীর জন্য অর্থ জোগান।প্রধান বিরোধী নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটেনের সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, তা ঠিক করতে হবে। অন্য অনেকের মতো তিনিও মনে করেন, এ নির্বাচন হবে জীবনযাত্রা পরিবর্তন করার একটা উপায়। আর ব্রাউন বলছেন, সেবামূলক ব্যবস্থাগুলোকে রক্ষা করতে হবে। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটদের দাবি, বড় দলগুলো পুরোনো কথাই বলছে। অন্যরা পরিবর্তনের কথা বলে, কিন্তু আসল পরিবর্তন আনতে পারবেন শুধু তাঁরাই।এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দলের প্রধানেরা কেউই এর আগে সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেননি। ক্ষমতাসীন লেবার পার্টি পর পর চতুর্থবার সাধারণ নির্বাচনে জিতে সরকার গঠন করার চেষ্টা করছে। তারা এ প্রচেষ্টায় সফল হলে তা হবে নজিরবিহীন ঘটনা। কিন্তু নিজ দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ডেভিড ক্যামেরনও এই প্রথমবার সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিচ্ছেন। এমনকি অন্য ছোট বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা নিক ক্লেগও তাই। ৬৫০ আসনের নির্বাচনে তাঁরা কেউই দলের নেতা ছিলেন না। এসব কারণে বিশ্লেষকেরা বলেছেন, এবারের নির্বাচন হবে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, এবারের নির্বাচনে লড়াইও হবে হাড্ডাহাড্ডি। রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, নয় থেকে ছয় মাস আগে নির্বাচন হলে বলা যেত কনজারভেটিভ পার্টি হয়তো জিতবে। কারণ জনমত জরিপে দলটি অনেক এগিয়ে ছিল। কিন্তু এখন লেবার ও কনজারভেটিভ পার্টির মধ্যে ব্যবধান কমে এসেছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, জনসমর্থনের শতকরা হিসাবে কনজারভেটিভ পার্টি মাত্র ৪ পয়েন্টে এগিয়ে আছে।এবার লিবারেল ডেমোক্র্যাটরা ভালো করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে তাঁরা যদি ২০ শতাংশ ভোটও পান, তবে কোনো দলই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে। এতে তৈরি হবে ত্রিশঙ্কু পার্লামেন্ট। আর তা হলে বড় দলগুলোকে জোট সরকার গঠনের জন্য চেষ্টা চালাতে হবে। আর এ ধরনের একটা সুযোগ পাওয়ার জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে লিবারেল ডেমোক্র্যাট পার্টি।