মন্দির নিয়ে ভারতের মহাবীর কাণ্ড!

কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরই বিশ্বের সবচেয়ে বড় মন্দির হিসেবে স্বীকৃত। দ্বাদশ শতকের শুরুতে হিন্দু মন্দির হিসেবে এটি প্রতিষ্ঠা করা হলেও পরে তা বৌদ্ধ মন্দিরে পরিবর্তিত হয়। খেমার স্থাপত্যের অনুপম নিদর্শন এই মন্দিরসহ এখানকার পুরো মন্দির নগরটিই জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য। কিন্তু ভারতের বেসরকারি প্রতিষ্ঠান মহাবীর মন্দির ট্রাস্ট বিহারে আঙ্কর ভাটের একটি বিশাল অনুকৃতি বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে এই প্রকল্প বন্ধে ভারতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে কম্বোডিয়া। পিটিআই-এর বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
১৯৯২ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পায় কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশের আঙ্কর পুরাতাত্ত্বিক উদ্যান। খেমার সাম্রাজ্যের এই রাজধানী নগরের সবচেয়ে জনপ্রিয় মন্দির আঙ্কর ভাট। প্রায় হাজার বছরের পুরোনো এই মন্দির গুরুত্বপূর্ণ জাতীয় প্রতীক হিসেবে কম্বোডিয়ার পতাকাতেও আঁকা। আঙ্কর ভাট মন্দির নগরই কম্বোডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। দেশটির সরকারি তথ্যানুযায়ী কেবল চলতি বছরের প্রথম চার মাসেই এই মন্দির নগরে ৮ লাখ ৪২ হাজার ৭১৯ জন বিদেশি পর্যটক সফর করেছেন। কেবল টিকিট বিক্রি থেকেই এই সময়ে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশটি।
ভারতকে পাঠানো কম্বোডিয়ার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘কম্বোডিয়া মনে করে বাণিজ্যিক স্বার্থে আঙ্কর ভাট মন্দিরের অনুকৃতি বানানো মানবতার অনন্য সম্পদ এই বিশ্ব ঐতিহ্যের চরম লঙ্ঘন।’ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ‘উপরন্তু, আঙ্কর ভাট হলো সেই প্রতীক যা বহু শতক ধরে কম্বোডিয়ার জাতীয় পতাকায় ব্যবহৃত হয়ে আসছে।’ ভারত এবং কম্বোডিয়ার দুই দেশ ও মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তার পরিচর্যা করতে এ বিষয়টিকে ‘গুরুত্বের সঙ্গে’ নিতে এবং ‘দ্রুততার সঙ্গে’ বিবেচনা করতে অনুরোধ করেছে কম্বোডিয়া।
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির নির্মাণ করতে চায় মহাবীর মন্দির ট্রাস্ট। বেসরকারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই প্রকল্পকে নিজেদের ‘স্বপ্নের প্রকল্প’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পরিকল্পিত মন্দিরটির নাম হবে ‘বিরাট রামায়ণ মন্দির’। মন্দিরটির উচ্চতা হবে ৪০৫ ফুট আর এর দৈর্ঘ্য হবে ২ হাজার ৮০০ ফুট ও প্রস্থ হবে ১ হাজার ৪০০ ফুট। এই রাম মন্দিরের প্রধান প্রার্থনা হলে একত্রে ২০ হাজার মানুষ সমবেত হতে পারবে। মহাবীর মন্দির ট্রাস্টের এই প্রকল্প নির্মিত হবে মোট ১৬১ একর জমির ওপর। ওয়েবসাইটে থাকা নকশাতেও দেখা যায় যে, পরিকল্পিত ‘বিরাট রামায়ণ মন্দির’ কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরের প্রায় হুবহু অনুকৃতি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম খেমার সাম্রাজ্যের রাজধানী ও মন্দির নগর আঙ্কর। বনাঞ্চল ও জলাধারসহ প্রায় ৪০০ বর্গকিলোমিটারের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই নগর। ৯ম থেকে ১৫ শতক পর্যন্ত খেমার সাম্রাজ্যের রাজধানী এবং প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই এলাকা। কয়েক শতক ধরে একের পর খেমার সম্রাটরা ওই এলাকাতেই নতুন নতুন রাজধানী প্রকল্প ও মন্দির প্রতিষ্ঠা করেন। খেমারদের রাজধানীর বৈশিষ্ট্যই ছিল একেবারে নগরকেন্দ্রে প্রধান মন্দিরকে ঘিরে নগরের বিস্তৃতি। এখানকার মন্দির এবং অন্যান্য পুরাকীর্তির অনন্য স্থাপত্য ও ভাস্কর্যসমূহ ভারতীয় ও দক্ষিণ-পূর্ব এশীয় রীতির মিশেলে অনন্য কম্বোডীয় শিল্পসৌকর্য তৈরি করেছে।
৯ম শতকের শুরুতে সম্রাট দ্বিতীয় জয়বর্মণ সেখানকার দুটি রাজ্যকে একত্র করে খেমার সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। আজকের আধুনিক কম্বোডিয়ার ঐতিহাসিক ভিত্তি সেটাই। সম্রাট দ্বিতীয় জয়বর্মণের পুত্র যশবর্মণ এই এলাকার প্রধান হ্রদের কাছে যশধাপুর নামে যে নগর প্রতিষ্ঠা করেন সেটাই পরবর্তীতে আঙ্কর ভাট নাম ধারণ করে। ১১১৩ সালে দ্বিতীয় সূর্যবর্মণ খেমার সম্রাট হিসেবে অভিষিক্ত হন। তিনিই খেমার স্থাপত্যের চূড়ান্ত উৎকর্ষে আঙ্কর ভাট মন্দির ও রাজধানী প্রতিষ্ঠা করেন। স্থানীয় ভাষায় ‘আঙ্কর’ অর্থ নগর আর ‘ভাট’ শব্দটির অর্থ চত্বর বা সংলগ্ন এলাকা। সংস্কৃত ‘নগর ভাটা’ থেকে এই ‘আঙ্কর ভাট’ শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।
