মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর চারটি মন্দিরে একই রাতে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দোষীদের কঠিন শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ গত শুক্রবার উপজেলার সারোয়াতলী গ্রামের ভবানী ভবন মাতৃমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গো ৎ সবে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিও এতে জানানো হয়।ভবানী ভবন মাতৃমন্দির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মৃদুল আইচের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কৃষক লীগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, লোকনাথ সেবক সংঘসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা বদরুছ মেহের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম, জাসদের সভাপতি মো. মনির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, কৃষক লীগের নেতা নূরুল আমিন, বোয়ালখালীর ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘একটি চক্র বোয়ালখালীর শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে। এ জন্য সারোয়াতলীসহ বিভিন্ন গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে চুরি, ডাকাতি, লুটপাটের ঘটনা ঘটছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে।’উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর রাতে সারোয়াতলী গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরসহ চারটি মন্দিরে একই রাতে চুরির ঘটনা ঘটে। মন্দিরগুলো হচ্ছে শতবর্ষ প্রাচীন কালীমন্দির, নবপ্রতিষ্ঠিত ভোলানাথ মন্দির, ৬২ বছরের পুরোনো ভবানী ভবন মাতৃমন্দির এবং নবগ্রহ মন্দির।