নগরের কৈবল্যধাম আবাসিক এলাকায় মন্দিরের নামে চলাচলের সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এম ব্লকের একটি সড়কের ওপর নির্মাণাধীন ওই স্থাপনায় শিব মন্দিরের পরিচিতি ফলক টানানো হয়েছে। জানা যায়, কার্ত্তিক বৈদ্য নামের এক ব্যক্তি এ স্থাপনা নির্মাণ করছেন। এ ব্যাপারে গৃহায়ণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম তাঁর বিরুদ্ধে ১ নভেম্বর নগরের খুলশি থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।সরেজমিনে কৈবল্যধাম আবাসিক এলাকার এম ব্লকে দেখা যায়, ১৯৬ নম্বর প্লটের সামনে চলাচলের সড়কের ওপর আট ফুট প্রশস্ত ও ৩০ ফুট দৈর্ঘ্যের আধা পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দেয়ালে একটি পরিচিতি ফলক টানিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা আছে ‘সর্বজনীয় শিব মন্দির, কৈবল্যধাম আবাসিক এলাকা, প্লট নম্বর-৩৩০’। অথচ ১৯৬ নম্বর প্লটের পশ্চিম পাশেই রয়েছে একই নম্বরের আরেকটি প্লট। স্থানীয় লোকজন জানান, একই নম্বরের অন্য প্লটটিও কার্ত্তিক বৈদ্যের দখলে রয়েছে। এদিকে, এম ব্লকের একটি বৈদ্যুতিক খুঁটিতে দেখা গেছে একটি পরিচিতি ফলক। এতে লেখা আছে ৩৩০ ও ৩৩১ নম্বরের প্লটে হিন্দু পরিবারের জন্য ঘর ভাড়া দেওয়া হবে। এ প্রসঙ্গে কৈবল্যধাম আবাসিক এলাকার এম ব্লক কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির বলেন, ‘কার্ত্তিক বৈদ্য এলাকায় মন্দিরের নামে জায়গা দখলসহ একের পর এক অপরাধ করে যাচ্ছেন।’গৃহায়ণ অধিদপ্তর চট্রগ্রাম কার্যলয়ের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ‘রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার সময় আমি ওই এলাকায় দুই বার গিয়ে তাঁকে নিষেধ করেছি কিন্তু তিনি তা আমলেই নেননি। অবশেষে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে খুলশি থানার উপপরিদর্শক মোহাম্মদ হারুন বলেন, ‘আমি শিগগির ঘটনাস্থলে যাব। সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা পেলে কার্ত্তিক বৈদ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সড়ক দখল করে মন্দির নির্মাণের বিষয়টি অস্বীকার করে কার্ত্তিক বৈদ্য বলেন, ‘আমি সড়কের জন্য পাঁচ ফুট জায়গা ছেড়ে দিয়েছি। এখন যেখানে স্থাপনা উঠছে সেটা গৃহায়ণ অধিদপ্তরের কর্মকর্তারা এসে মাপজোক করে আমাকে বুঝিয়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। এ জন্য নানা অপপ্রচার চালাচ্ছে।’