মফস্বলে জমজমাট বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোদমে জমে উঠেছে মফস্বলের ঈদবাজার। সবখানেই চলছে জমজমাট বিকিকিনি। পছন্দের পোশাকের খোঁজে ক্রেতারা এখন বিপণিকেন্দ্রমুখী। বিক্রেতারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মহেশখালী: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ঈদবাজারে এখন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন বিপণিকেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকে টানা বৃষ্টি দেখে তাঁরা কিছুটা হতাশ হয়ে পড়েন। ১০ রমজান পর্যন্ত মার্কেটে ক্রেতাদের আনাগোনা তেমন ছিল না। লোকসানের শঙ্কায় ছিলেন অনেক দোকানি। অবশ্য সেই শঙ্কা এখন কেটে গেছে। প্রচুর ক্রেতা সমাগম হচ্ছে প্রতিদিন। বিক্রিও ভালো। মহেশখালী দ্বীপের ঈদের প্রধান বাজার গোরকঘাটা। এর পাশাপাশি বড় রাখাইনপাড়া, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ি নতুন বাজার ও পুরান বাজারে চলছে বেচাকেনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোরকঘাটা বাজারে গিয়ে দেখা যায়, বাজারের প্রতিটি কাপড়ের দোকান ক্রেতায় ঠাসা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস ও বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। বাহারি নকশার নানা পোশাক নজর কাড়ছে ক্রেতাদের। তবে এবার পোশাকের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গোরকঘাটা বাজারে কেনাকাটা করতে আসা কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়ার জান্নাতুল ফেরদৌস (২০) বলেন, ‘কাপড়ের দাম গতবারের চেয়ে অনেক বেশি। ভারতীয় একটি থ্রিপিস কিনেছি সাড়ে চার হাজার টাকা দিয়ে। অথচ একই মানের থ্রিপিস গত বছর ছিল আড়াই হাজার টাকা।’ ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় এবার অনেক লোকজন সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজারে ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে এখান থেকে ঈদের পোশাক কিনছেন। এই সুযোগে বিক্রেতারা দাম বেশি নিচ্ছেন।গোরকঘাটা বাজারের আল আমিন ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ফরিদুল আলম বলেন, ঈদবাজারে ক্রেতাদের চাহিদামতো সব পোশাক এখানে আছে। এ কারণে অনেকে এবার কক্সবাজার ও চট্টগ্রামে যাননি। তাই টানা বৃষ্টির মধ্যেও বিক্রি ভালো হচ্ছে। ফটিকছড়ি: ঈদের বাজার জমজমাট হয়ে উঠেছে ফটিকছড়িতে। ঈদের দিন ঘনিয়ে আসায় বিভিন্ন বিপণিকেন্দ্রে মধ্যরাত পর্যন্ত ঘুরে ঘুরে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। এবার এখানকার বেশির ভাগ ক্রেতারই পছন্দ দেশি কাপড়ে তৈরি পোশাক। একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আকতার বৃহস্পতিবার উপজেলার নাজিরহাট বাজারের এস এ সিটি সেন্টারে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তিনি জানান, দেশি কাপড়ে বুটিক হাউসের ডিজাইন করা শাড়ি তাঁর পছন্দ। তাই রোজার প্রথম দিকেই একটি জামদানি শাড়ি কিনে তাতে হাতের কাজ করতে দিয়েছেন স্থানীয় একটি বুটিক হাউসে। তাঁর মতো অনেককে ভালো মানের দেশি কাপড়ের জন্য এ দোকান থেকে ও দোকানে ঘুরে বেড়াতে দেখা গেছে। ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের তেজেন্দ্র স্কয়ার, আজিজ শপিং, এ এইচ কমপ্লেক্স, নাজিরহাট বাজারের এস এ সিটি সেন্টার, এম এম প্লাজা, মোতালেব প্লাজা, সজিব প্লাজা, এইচ প্লাজা, নানুপুর বাজারের ইজ্জত আলী মার্কেট, মির্জা মার্কেট, গাউছিয়া মার্কেট, সালাম মার্কেট, সেন্ট্রাল প্লাজা এবং আজাদী বাজারের নজির মার্কেট, হাসান মার্কেট, ফজল হক মার্কেট, সৈয়দুর রহমান মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এসব বিপণিকেন্দ্রে শাড়ির মধ্যে টিস্যু কাতান, মাখন কাতান, বোমকাই কাতান, সিল্কি কাতান, হোয়াইট লেস, নবরূপা, জলরূপা এবং সালোয়ার-কামিজের মধ্যে যোধা আকবর, সানিয়া মির্জা, লেহেঙ্গা, শেরওয়ানি, সাফারি, বাল্লে বাল্লেসহ বাহারি পোশাকের বিপুল সংগ্রহ দেখা যায়। নাজিরহাট বাজারের আল-আমিন ক্লথ স্টোরের মালিক মো. হানিফ বলেন, ‘ক্রেতাদের আকর্ষণ করতে টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্রের নায়ক-নায়িকার নামের সঙ্গে মিল রেখে এবার বেশির ভাগ পোশাকের নামকরণ হয়েছে। এসব পোশাক বিক্রিও হচ্ছে প্রচুর।’ এ-টু-জেড-এর মালিক মো. আলী নেওয়াজ বলেন, তাঁর দোকানে কৃতী ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নামানুসারে তৈরি পাঞ্জাবি বেশ চলছে। এ ছাড়া কাতান কাপড় দিয়ে পাঞ্জাবি সেলাই করে ‘কাতান পাঞ্জাবি’ নাম দিয়ে বিক্রি করছেন তাঁরা। এটিও বেশ বিক্রি হচ্ছে বলে জানান তিনি। ফটিকছড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইয়াছমিন আকতার বলেন, ‘সুতির একটি লেহেঙ্গা কিনেছি। এবার ঈদে ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় কিছু আসবাব কেনা হয়েছে। এখন আরও একটি সুতির কামিজ কেনার অপেক্ষায় আছি। দরদাম মেলাতে পারলেই কিনে নেব।’চন্দনাইশ: জমে উঠেছে চন্দনাইশের ঈদবাজার। উপজেলার প্রতিটি বিপণিকেন্দ্রে ক্রেতারা ভিড় করছেন কেনাকাটার জন্য। ভোর থেকে রাত পর্যন্ত চলছে বিকিকিনি। স্থানীয় বিপণিকেন্দ্রগুলোতে মানসম্পন্ন রুচিশীল পোশাক পাওয়া যাওয়ায় এবার বহু ক্রেতাই শহরমুখী হননি। ১০ রমজানের পর থেকে ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়েছে চন্দনাইশে। ক্রেতাদের কাছে টানতে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করেছে বিপণিকেন্দ্রগুলো। গ্রামাঞ্চলের ক্রেতারা এসব বিপণিকেন্দ্রে এসে সারছেন ঈদের কেনাকাটা। উপজেলার হাজারী শপিং সেন্টার, হাজারী টাওয়ার, খান প্লাজা, শামসুদ্দীন সুপার মার্কেট, সালাম প্লাজা, রহমান শপিং সেন্টার, গাছবাড়িয়া রানী সুপার মার্কেট, ছিদ্দিক বাচুরা শপিং সেন্টার, চৌধুরী মার্কেটসহ ছোট-বড় সব বিপণিকেন্দ্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিক্রয়কর্মীরা।ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে এবার হালফ্যাশনের থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। চলচ্চিত্র, গান ও টিভি সিরিয়ালের নামে বের হওয়া নানা পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এর মধ্যে ঝিলিক নামের থ্রি-পিসের বিক্রি বেশ ভালো বলে জানালেন বিক্রেতারা। নানা নামের এসব বাহারি থ্রি-পিস বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা থেকে ছয় হাজার টাকায়। এ ছাড়া কাতান, সিল্ক, জর্জেট, টাঙ্গাইলসহ নানা দামের বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। দোহাজারী হাজারী শপিং সেন্টারের ব্যবসায়ী আজিজিয়া ক্লথ স্টোরের মালিক কাজী মোহাম্মদ আবদুর নূর জানান, দেশি পোশাকের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, চীন ও পাকিস্তানের শাড়ি-কাপড়ও এবার ভালো বিক্রি হচ্ছে। নতুন ডিজাইনের থ্রি-পিস, লেহেঙ্গা ও শাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। শহরের তুলনায় এখানে কাপড়ের দাম তুলনামূলক কম বলে তিনি জানান। হাজারী শপিং সেন্টারে ঈদের কেনাকাটা করতে আসা মুন্নি আকতার নামের এক তরুণী জানান, এবারের ঈদের জন্য ঝিলিক নামের থ্রি-পিস কিনেছেন। সাতকানিয়ার কালিয়াইশ এলাকার গৃহবধূ হোসনে আরা জানান, এ বছর ঈদে নতুন ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে। ঈদবাজার ঘুরে পছন্দসই শাড়ি পেয়ে তিনি ভীষণ খুশি।