মফস্বলে নির্বাচন প্রচারণা শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের উত্তাপ মফস্বল ছাপিয়ে নগরেও ছড়িয়ে পড়েছে। পোস্টারে ছেয়ে গেছে রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজার। পুরোপুরি নির্বাচনী আমেজে প্রার্থীর সমর্থনে চলছে গণসংযোগ। সরেজমিনে দেখা যায়, নগরের রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার প্রভৃতি এলাকায় সাঁটানো হয়েছে সাতকানিয়া পৌরসভার বিভিন্ন প্রার্থীর পোস্টার। শুধু পোস্টার লাগিয়ে শেষ নয়; ভোটার তালিকা দেখে চলছে গণসংযোগও, যেন নির্বাচনী এলাকারই অংশ।তামাকুমণ্ডি লেনের ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব বলেন, ‘চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে সাতকানিয়ার লোক বেশি। তাই সাতকানিয়ার প্রার্থীরা এখানেও বেশ জোরেশোরে প্রচার চালান। ’এবার সাতকানিয়া পৌরসভার মেয়র প্রার্থী তিনজন। তাঁরা হলেন—বর্তমান মেয়র হাজি মোহাম্মদুর রহমান (দেয়ালঘড়ি), মোহাম্মদ জোবায়ের (আনারস) ও জাফর সাদেক (দোয়াত-কলম)।পৌর শহর ছাপিয়ে নগরে নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে চাইলে প্রার্থী মোহাম্মদুর রহমান বলেন, ‘সাতকানিয়া পৌরসভার প্রায় তিন হাজার ৫০০ ভোটার শহরে থাকেন। তাঁদের ভোট বেশ গুরুত্বপূর্ণ। তাই শহরেও প্রচারণা চালাচ্ছি।’ মোহাম্মদ জোবায়ের বলেন, ‘সাতকানিয়ার অনেক ভোটার বাণিজ্যিক কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করেন। তাঁরা এলাকায় সপ্তাহে একবার বা মাসে একবার আসেন। তাই তাঁদের বাড়িতে পাওয়া যায় না। সে জন্য আমি নির্বাচনী এলাকার বাইরেও প্রচার চালাচ্ছি।’ প্রার্থীদের এমন প্রচারণায় যথেষ্ট উদ্দীপনায় আছেন ভোটাররাও। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘ব্যবসায়িক কারণে শহরে থাকলেও ভোটের দিন বাড়ি চলে যাব। কারণ, ভোট হলো আমার অধিকার।’ টেরিবাজারের বড় ব্যবসায়ীরাও প্রচারে যোগ দিয়েছেন। পছন্দের প্রার্থীদের জেতাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত প্রার্থী বিজয়ী হলে পরিশ্রম সার্থক হবে বলে মনে করেন ব্যবসায়ী আবদুল খালেক। তিনি বলেন, ‘এখানকার ভোটারদের কাছে নিজের প্রার্থীর জন্য বারবার ছুটে যাচ্ছি। জিততে পারলেই পরিশ্রম সার্থক হবে।’