ঈদের পরদিন গিয়েছিলাম ময়মনসিংহে। ঈদের ভিড় এড়াতে আর ছুটি নেওয়ার সুযোগ কম থাকায় ঈদের পরদিন যাব বলে সিদ্ধান্ত নিলাম। আর শুরু থেকেই বিড়ম্বনা।মহাখালী বাসস্ট্যান্ডে এসে দেখলাম, ময়মনসিংহের ডাইরেক্ট দুটো বাস সার্ভিসেরই কোনো টিকিট নেই। বাসও নেই, যা অবস্থা তাতে বাসে উঠতেই অন্তত কয়েক ঘণ্টা লেগে যাবে। ঈদের পরদিন যে এ রকম অবস্থা হবে, সেটা কল্পনাতেও আসেনি। সবাই আমার মতো ভেবেছে, ভিড় কম হবে। বাসস্ট্যান্ডে এসে হাজির। বাসের সংখ্যাও কম। শেষ পর্যন্ত কয়েক দফা ধাক্কা খেয়ে, খানিকটা প্রতারিত হয়ে একটা গেটলক বাস পেলাম। হালুয়াঘাটের বাস। বাসে উঠে বসার পর মেজাজ কিছুটা ঠান্ডা হলো।পরিবার-পরিজন নিয়ে যাব। ঈদের পরদিন ভিড়ভাট্টা থাকবে না। নির্ঝঞ্ঝাট একটা জার্নি হবে। আর এসেই বিপত্তি, নষ্ট হলো প্রায় এক ঘণ্টা সময়। তার ওপর ঝক্কি-ঝামেলা। যতই শান্ত থাকার চেষ্টা করি, হয় না। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবলাম, এই তো আর ঘণ্টা দুয়েক পরই পৌঁছে যাব ময়মনসিংহে। নরম বাতাস, উদার প্রকৃতি, স্নিগ্ধ ব্রহ্মপুত্র, নিশ্চিন্ত আড্ডা, ভুলিয়ে দেবে আমার সব কষ্ট। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, দ্রুতগতিতেই চলছে বাস। দ্রুত পেছনে সরে যাচ্ছে রাজধানীর ভারাক্রান্ত অবয়ব।ঘণ্টা তিনেক পর পৌঁছলাম ময়মনসিংহে, যেখানে শুরু মফস্বলের হারিয়ে যাওয়ার গল্প। বাস থেকে নামলাম চড়পাড়া মোড়ে। এখান থেকে আমার বাসার দূরত্ব আধা কিলোমিটারের কিছুটা বেশি। রিকশা ভাড়া পাঁচ-ছয় টাকা। ঈদ বলে আট কিংবা বেশি হলে ১০ হতে পারে। একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম যাবে কি না। দুজন বলল, যাবে না। তৃতীয় জন রাজি হলো, তবে ভাড়া চাইল ২৫ টাকা। আবারও ধাক্কা খেলাম। পাঁচ টাকার ভাড়া ২৫ টাকা! একা হলে এতক্ষণে হাঁটা শুরু করতাম। সঙ্গে দুই ছেলে ও স্ত্রী। তিন ঘণ্টায় কিছু ঠান্ডা হওয়া মেজাজ আবার গেল খিচড়ে। আবার কয়েক দফা গালিগালাজ। এখানে এলে এমনিতেই রিকশা ভাড়া বেশি দিই। ১০ টাকা চাইলে ১৫ টাকা দিই। শেষ পর্যন্ত একজন রাজি হলো ১০ টাকায়। যেন কৃপা করল।সন্ধ্যার আগে আগে দুই ছেলেকে নিয়ে বের হলাম। উদ্দেশ্য ব্রহ্মপুত্র নদের পাড়। আমি জানি, সেখানে গিয়ে বসলেই সারা দিনের ক্লান্তি-বিরক্তি সব উড়ে যাবে উতলা হাওয়ায়। আবার নতুন করে বুকভরে নিশ্বাস নিতে সাহায্য করবে মুক্ত বাতাস। কিন্তু বের হয়েই আবার বিপাকে। আবারও রিকশার জন্য অপেক্ষা। অনেকেই আছে কিন্তু যাবে না। আবার কেউ কেউ ভাড়া হাঁকল প্রায় দ্বিগুণ। রিকশার জন্য অপেক্ষা করছি, হঠাৎ করেই নামল টিপটিপ বৃষ্টি। বৃষ্টি এমনিতে আমার খুবই প্রিয় অনুষঙ্গ। এই বয়সেও কারণে-অকারণে বৃষ্টিতে ভেজার চেষ্টা করি। কিন্তু বাচ্চাদের নিয়ে এখন বৃষ্টিতি ভিজলে নির্ঘাত ওদের জ্বর এসে যাবে। অগত্যা প্রায় ডাবল ভাড়ায় একটা রিকশায় উঠলাম। রিকশার পর্দা নেই। যাক, রিকশা তো পাওয়া গেছে। বৃষ্টির খুব একটা জোর নেই। আস্তে আস্তে এগোল রিকশা। সামনে বিশাল এক জ্যাম, ত্রিশাল বাসস্ট্যান্ডে। বাস, মিনিবাস, অটোরিকশা, টেম্পো—সব মিলে জট পাকানো অবস্থা। খুব বেশি সময় সেখানে আটকে থাকতে হলো না। বৃষ্টি থেমে গেছে।একটু এগিয়েই আবার জ্যামে পড়লাম। ভাঙা রাস্তা, জায়গায় জায়গায় পানি জমে আছে। এদিকটায় আলোও কম। একটু এগোতেই মনে হচ্ছে, রিকশা উল্টে যেতে পারে ময়লা পানিতে। টেম্পো, বাস, মিনিবাসের হর্ন তো আছেই। দুই মিনিটের রাস্তা পার হলাম প্রায় ১৫ মিনিটে। এর মধ্যে বেশ খানিকটা ধাক্কা খেয়েছি। ভাবলাম, এই কি আমার সাধের মফস্বল। এত যন্ত্রণা সইতেই কি এখানে আসা?নদের পাড়ে পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গেল। সেখানে গিজ গিজ করছে মানুষ। এখানে এত মানুষ কেন। কোথাও কি একটুও নির্জনতা খুঁজে পাওয়া যাবে না? সবাই কি আমার মতো নদ দেখতে এসেছে? কী আর করা। সবই মেনে নেওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। এদিকটায় বেশ অন্ধকার। এর মধ্যে আকাশে ক্ষীণ একটা আলো। ভরা নদ। নীলাভ আলোয় ব্রহ্মপুত্রের ঘোলা জল স্বপ্নাতুর হয়ে উঠেছে। নিমেষের জন্য ভুলে গেলাম সবকিছু। কিন্তু এই আলো, নরম বাতাস—এসব ভালো লাগল না আমার ছেলেদের। নদের পাড়েই একটা রেস্টুরেন্ট, নাম সারিন্দা। সেখানে যাওয়ার জন্য বায়না ধরল আমার ছোট ছেলে। অগত্যা এগিয়ে গেলাম সেদিকেই। সেখানেও ভিড়। বসার জায়গা পর্যন্ত নেই। একেকটা টেবিল দখল করার জন্য ওত পেতে আছে অনেকেই। আমরাও নামলাম সেই প্রতিযোগিতায়।প্রতিযোগিতায় নেমেই মনে হলো, কেন এই অকারণ প্রতিযোগিতা, কার সঙ্গে? এসব থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতেই তো এখানে আসা। ভিড়, শব্দদূষণ, টেনশন—এসব থেকে নিস্তারের জন্যই তো এই বিস্তার। কিন্তু এখানে এসেও যদি একই অবস্থায় পড়তে হয়, তবে কেন এই কষ্টবরণ। একবার ছেলেদের বললাম, বাবা, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, চল, চলে যাই। না বাবা, না। নাছোড়বান্দা ছোট ছেলে। বড় ছেলে বলল, দেখো দেখো বাবা, ওই দিকে একটা টেবিল খালি হয়েছে। আমরা সেদিকে যাওয়ার আগেই দখল হয়ে গেল সেটা।যে গলিতে আমাদের বাসা, এর নাম হিন্দুপল্লি। গলির বেশির ভাগ বাড়িই ছিল টিনের। আমরাও থাকতাম একটা টিনের বাড়িতেই। সব বাসার সামনেই এক টুকরো হলেও জায়গা ছিল। সব মিলে আমাদের খেলার জন্য বেশ খানিকটা জায়গা। এখন আর সেসব কিছুই নেই। রাস্তা ঘেঁষে অনেক দোতলা কিংবা চারতলা বাড়ি উঠেছে। আরও সরু হয়ে গেছে গলিটা। তার পরও এখানে ঢুকলেই বদলে যায় সবকিছু। আমি এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যাই আমার সেই মধুর শৈশবে।একসময় আমাদের বাসার আশপাশেই চারটি পুকুর ছিল। আমরা সারা দিন দাপাদাপি করতাম পুকুরে। এখন একটাও নেই। সাঁতার শেখাতে ছেলেদের নিয়ে যেতে হয় ব্রহ্মপুত্র নদে অথবা ঈদগাহের বড় পুকুরে। ওই গলি, খোলা আকাশ, পুকুর কিছুই নেই। সবই হারিয়ে গেছে। এর পরও গলিতে ঢুকলে এখনো একটা স্বস্তির পরশ পাই। ছাদে উঠলে আকাশভরা তারা। ঠান্ডা বাতাস। প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু গলি থেকে বের হলেই অসংখ্য রিকশা, বাস, টেম্পো, ভিড়, কোলাহল। কেমন যেন অচেনা লাগে সবকিছু। মনে হয়, আমার শৈশবের মতোই সবকিছু হারিয়ে গেল নিমিষে।মহিলা কলেজের সামনে টেম্পো আর বাসস্ট্যান্ড। দুটো মহিলা কলেজের সামনেই হর্নের শব্দ। ভিড় দেখলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। খুব দ্রুত বদলে যাচ্ছে সবকিছু। হাইরাইজড বাড়ি উঠছে। খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে মফস্বল।ভাবছি, দিন দিন ঘিঞ্জি হয়ে উঠেছে ছোট এ শহরটি। দিন দিনই বাড়ছে ভিড়। এমনিতেই সরু সরু রাস্তা, সেগুলোও যদি সব সময় দখল হয়ে থাকে বড় বড় গাড়িতে, তাহলে কীভাবে চলব। বড় বড় খোলা নালা, একটু বৃষ্টি হলেই ময়লা পানি চলে আসে খানাখন্দে ভরা রাস্তায়। তার পরও সবই গা-সওয়া হয়ে গেছে। কিন্তু তার পরও যেন মেনে নিতে পারি না নিরন্তর এই মফস্বলের মরে যাওয়া বা হারিয়ে যাওয়ার প্রবণতা। জানি, এগুলো রোধ করতে পারব না। অসহায়ের মতো কষ্ট পাব। মনে মনে দুটো গাল দেব। খুব বেশি হলে পত্রিকায় দুই লাইন লেখার চেষ্টা করব। এর বেশি কিছু নয়। এতে কিছুই বদলাবে না। দিন দিনই বাড়বে জনসংখ্যা। নির্জন নদের তীরে গিজ গিজ করবে মানুষ। হাঁটার, বসার, কোথাও যাওয়ার জায়গা থাকবে না। যেতে হলে একরাশ বিপত্তির মুখোমুখি হতে হবে। নয়তো বাসায় বন্দী হয়ে থাকতে হবে একাকী।ভাবছি, কীভাবে বাঁচিয়ে রাখা যাবে এই কোমলতা, কীভাবে বেঁচে থাকবে প্রকৃতির কোলে শঁপে দেওয়ার মতো পরিবেশ। আদৌ কি থাকবে? নাকি সত্যি সত্যি হারিয়ে যাবে সবকিছু।বায়েজিদ মিল্কী, সাংবাদিক