আমি স্কুলের ডে শিফটের শিক্ষক। প্রতিদিন আরাম করে ঘুমিয়ে বারোটার দিকে স্কুলে যাই। যাওয়ার পথে একটি কসাইখানা পড়ে। দোকানটির পাশে মনোযোগ দিয়ে একটি কুকুর অলসভাবে বসে থাকে। আমি পাশ দিয়ে যাওয়ার সময় সে একবার তাকায়, গুরুত্বহীন চাহনি। কুকুরটির মন খুব খারাপ এটা বলা যাবে না। কারণ, কুকুরের মন থাকে না। মন একমাত্র মানুষেরই থাকে।
কয়েকজন কসাই একটু পরপর ভয়াবহ ধরনের অস্ত্র নিয়ে কুকুরটির দিকে তেড়ে আসে। কুকুরটি দ্রুত সরে যায়। এই একটা ক্ষেত্রে সে কিছুটা হতাশ। যে প্রাণীটির নাম ‘মানুষ’, সে কেন কোনো কারণ ছাড়া ভয়াবহ অস্ত্র নিয়ে একটি নিরীহ প্রাণীর দিকে তেড়ে আসবে? এদের সমস্যাটা কী?
কসাইখানার পাশের দোকানটির নাম ‘বিরানী হাউস’। কসাইখানার সঙ্গে এই বিরিয়ানির দোকানের কোনো যোগসূত্র আছে কি না কে জানে। সম্ভবত সেখান থেকেই মাংস কিনে বিরিয়ানি রান্না করা হয়। কুকুরটিকে এই দোকানের পাশেও দেখা যায় মাঝেমধ্যে। এই দোকান থেকে প্রায়ই কুকুরটির গায়ে গরম পানি ছুড়ে মারা হয়। মানুষের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। একটি কুকুরের পক্ষে টাকা দিয়ে হাফ প্লেট বিরিয়ানি কিনে সালাদ দিয়ে গপ গপ করে খাওয়া সম্ভব নয়। তাই সে দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক।
এরপরের দোকানটি রহস্যময়। সেটির নাম ‘শেষযাত্রা কফিন ঘর’। খুবই আর্টিস্টিক নাম। এখানে কাফনের কাপড়, কফিন, লোবান, আতর ইত্যাদি বিক্রি করা হয়। যিনি বিক্রি করেন তিনি মৃত্যুসংবাদ শুনলেই খুশি হন। কেউ কাফনের কাপড় কিনতে এলে পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করেন, ‘ভালোটা দিমু, না মাঝারিটা? খারাপ কাপড়ে মাটি দিলে লাশ কষ্ট পাইব। বিদেশি কাপড় নিয়া যান।’ তারপর তিনি তাঁর দোকানের কর্মচারীকে বলেন, ‘ওই, ওপর থেকা বিদিশি মালটা নামা।’ মৃত্যু নিয়ে তাঁর চিন্তাভাবনাও তাঁর দোকানের নামের মতোই শৈল্পিক।
শেষযাত্রা কফিন ঘরের পাশে এক বৃদ্ধ ভিখারি ও একটি কুকুর বসে থাকে। ওই ভিখারির মনে ক্ষীণ আশা, তিনি মারা গেলে শেষযাত্রা কফিন ঘরের মালিক একটি বিদেশি কাফনের কাপড় নিয়ে এগিয়ে আসবেন। এই ভিখারির চেহারা অবিকল জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বৃদ্ধ দাদুর মতো। চোখেমুখে হতাশার ছাপ।
কুকুরটি মাঝেমধ্যে ভিখারির পাশে গিয়ে বসে। তিনি কুকুরটির মাথায় পরম আদরে হাত বুলিয়ে দেন, টুকটাক খেতে দেন। কুকুরটি তাঁর মাঝে আশ্রয় খুঁজে পায় কিংবা তিনি নিজেই কুকুরটির কাছে আশ্রয় খোঁজেন। মানুষের কাছে মানুষ যখন আশ্রয় পায় না, তখন সে জীবজন্তুর কাছে আশ্রয় খোঁজে।
আজ স্কুলে যাওয়ার সময় লক্ষ করলাম শেষযাত্রা কফিন ঘর দোকানটি বন্ধ। কসাইয়ের দোকানটিও বন্ধ। শুধু ভিখারি বসে আছেন। তঁার পাশে কুকুরটি। এই ভিখারিকে কোনো দিন টাকা দেওয়া হয়নি। আমি ভিখারিকে পাঁচটি টাকা দিলাম। কুকুরটিকে দুটি বিস্কুট দিলাম। ভিখারি বিরক্ত মুখে টাকাটি ঝুলিতে রেখে দিলেন। পাঁচ টাকা তাঁর মধ্যে সামান্যতম অনুভূতির জন্ম দিল না।
কুকুরটি অবাক চোখে তাকিয়ে রইল। থাকুক তাকিয়ে, আমার কিছু যায়–আসে না। জগতের সবকিছু অগ্রাহ্য করা যায় কিন্তু মমতা অগ্রাহ্য করা যায় না। মমতা বড় কঠিন জিনিস। এই জিনিসে জড়ানো ঠিক না। আমি সামনে হাঁটা দিলাম।
জন রাসেল