মমতা-ঝড়ের আরেক ঝাপটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আরেক দফা মমতা-ঝড়। এই ঝড় আঘাত হানছে গোটা রাজ্যের আনাচ-কানাচে। ভেঙে দিচ্ছে বামফ্রন্টের ৩৩ বছর ধরে সাজানো বাগান। রেহাই পাচ্ছে না কংগ্রেসও।মমতা যে মাত্র চার বছরেই এভাবে তাঁদের ঘাঁটি তছনছ করে দেবেন, তা স্বপ্নেও ভাবেননি বামপন্থীরা। এখন কেন এমন হলো সে হিসাবই কষতে বসেছেন তাঁরা। পশ্চিমবঙ্গে ২০০৬ সাল পর্যন্ত দোর্দণ্ড প্রতাপ চলছিল বামপন্থীদের। বিরোধী দল কংগ্রেস বা কংগ্রেস ভেঙে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস তুলনায় ছিল নেহাতই দুর্বল। ২০০৬ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট বা বামপন্থীরা আশাতীত ফলাফল করেছিল। রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৩৫টিই পায় বামফ্রন্ট। মমতার তৃণমূল পায় মাত্র ৩০ আসন। পশ্চিমবঙ্গের মানুষ ধরে নিয়েছিল, বামফ্রন্টের শক্ত ঘাঁটি এখনো অটল, অক্ষয়। তারা বুঝি আরও শক্তিশালী হয়ে ক্ষমতা ধরে রাখার রায় পেল। তখন মমতার দৌড় কলকাতাসহ দুই চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া ও হুগলি জেলাতেই সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গে ‘বিরোধী শক্তির আধার’ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় তখন আন্দোলনের কোনো পথ পাচ্ছিলেন না। হঠাৎ করেই ইস্যু ধরা দেয় তাঁর রাজনীতির জালে। তা হলো সিঙ্গুর। কৃষিজমি টাটার হাতে তুলে দিতে নারাজ কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মমতা। গরিব কৃষিজীবীদের মনোভাবকে সাফল্যের সঙ্গে নিজের রাজনৈতিক স্বার্থে লাগাতে সক্ষম হন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণের ঘোষণা দিলে সেখানেও মমতার নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলন। যুগপৎ সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে জেরবার হয়ে পড়ে ক্ষমতাসীন বামফ্রন্ট। ইতিমধ্যে এসে যায় ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের প্রভাব পড়ে এ নির্বাচনে। মমতার তৃণমূল খুব ভালো করে এতে। আরও তীব্র হয় সরকারবিরোধী আন্দোলন। এই নির্বাচনেই প্রথম ধস নামে বামফ্রন্টের দুর্গম দুর্গে। গ্রাম পঞ্চায়েতের ৪১ হাজার ৫০৪টি আসনের মধ্যে তৃণমূল পায় নয় হাজার ৩৭৫টি আসন, যা রেকর্ডের বিবেচনায় যথেষ্ট ভালো। বামফ্রন্ট জয়ী হয় ২১ হাজার ৬৯১টি আসনে। শুরু হয় মমতার জয়যাত্রা। ২০০৯ সালের লোকসভার নির্বাচনেও মমতা পান বিপুল জয়। ২০০৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে মমতা পেয়েছিলেন মাত্র একটি। তাও নিজের আসনটি। ২০০৯ সালে তাঁর তৃণমূল কংগ্রেস একাই ছিনিয়ে নেয় ১৯টি আসন। কংগ্রেস পায় ছয়টি এবং বামফ্রন্ট ১৫টি। মমতা-ঝড়ের সর্বশেষ ধাক্কা আসে গত মে মাসে। ৩০ মে অনুষ্ঠিত কলকাতা পৌর করপোরেশনসহ রাজ্যের ৮১টি পৌরসভার নির্বাচনেও মমতার সাফল্য ধস নামিয়ে দেয় বামফ্রন্ট শিবিরে। কলকাতা পৌর করপোরেশন এবং বিধাননগর পৌরসভায় বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কলকাতা করপোরেশনের ১৪১টি আসনের মধ্যে মমতা একাই ছিনিয়ে নেন ৯৫টি আসন। বামফ্রন্ট পায় ৩৩ আর কংগ্রেস পায় মাত্র ১০টি আসন। ফলাফল চূড়ান্ত হওয়া বাকি ৭৯টি পৌরসভার মধ্যে তৃণমূল জয়ী হয় ২৪টিতে, বামফ্রন্ট ১৭টিতে, কংগ্রেস সাতটিতে। কিছু পৌরসভার ফল রয়েছে অমীমাংসিত। চারটি পৌরসভায় হয়েছে ‘টাই’। সেখানে কোনো দলই পৌর বোর্ড গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।বিদায়ী ৮১টি পৌরসভার মধ্যে এখন ৫৫টির ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট। এর মধ্যে তৃণমূল ছিল মাত্র আটটির ক্ষমতায়। রাজ্যব্যাপী চলা এই মমতা-ঝড়ের ঝাপটা এবার লেগেছে কংগ্রেস নেতাদের গায়েও। পৌর নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মমতার সঙ্গে জোট ভেঙে গিয়েছিল কংগ্রেসের। দুই দলই পৃথকভাবে নির্বাচন করে। ফলাফল দেখিয়ে দেয় মমতা একাই এক শ। মমতার জোয়ারের না হয় একটা ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু ১২৫ বছরের পুরোনো দল কংগ্রেসের হঠাৎ করে এমনটা হলো কেন? সিপিএমেরই বা কেন এই হাল? ভেবেচিন্তে এখনো কিনারা পাচ্ছে না কোনো দলই। সর্বভারতীয় দল কংগ্রেস ১৯৪৭ সালে ভারত ভাগের পর পশ্চিমবঙ্গে একটানা শাসন চালিয়েছিল প্রায় ৩০ বছর ধরে। অন্যদিকে সত্তরের দশকে ক্ষমতায় আসা বামফ্রন্টের পঞ্চায়েত-ব্যবস্থা এবং ভূমি সংস্কার কার্যক্রমই মূলত রাজ্যবাসীর মন জয় করে। আর সেই শক্তিবলেই বামফ্রন্ট আজও টিকে আছে ক্ষমতায়। কিন্তু যে পঞ্চায়েত নিয়ে বামফ্রন্টের এত গর্ব, সেই পঞ্চায়েতের নির্বাচনেই তাদের ধস নামিয়ে দেয় মমতার তৃণমূল। তারই জের চলছে এখনো। সামনের বছরই রাজ্য বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনেও যে মমতা-ঝড় বইতে থাকবে, পৌর নির্বাচন কি তারই ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকেরা বলছেন, দলের ওপর মহীরুহের মতো ছায়া দিয়ে যাওয়া জ্যোতি বসুর মৃত্যু বামফ্রন্টকে বেশ দুর্বল করে দিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে নেতা-কর্মীদের দম্ভ আর অতিরিক্ত আত্মবিশ্বাসও তাদের জন্য কাল হয়ে এসেছে। অন্যদিকে সাধারণ মানুষ চাইছে পরিবর্তন। এখন রাজ্যজুড়ে তাই পরিবর্তনের হাওয়া। এই হাওয়াতেই উড়ছেন মমতা। নজর আগামী বছরের বিধানসভার নির্বাচনের দিকে।