মমতাময়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ এপ্রিল ২০১১, সকাল আটটায় কোম্পানি আইন ক্লাসে উপস্থিত হব বলে খুব সকালেই মিরপুর থেকে রওনা হয়েছিলাম। আগের দিন সন্ধ্যায় মিরপুরে মামার বাসায় গিয়েছিলাম একটা জরুরি কাজ ছিল বলে। কী এক জরুরি কাজ থাকায় ফার্মগেটে নামলাম। কিন্তু ফার্মগেট থেকে শাহবাগের বাসে উঠতে গিয়েই বাধল বিপত্তি। তাড়া থাকায় কিছুটা দৌড়ে ধীরগতিতে চলন্ত একটি বাসে ওঠার চেষ্টা করছি। এমন সময় দেখলাম, বাসের ড্রাইভার এক পুলিশ সার্জেন্টকে দেখে আমাকে গাড়িতে না তুলেই হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। গাড়িতে উঠতে না পেরে রাস্তার পাশে ফুটপাতে উঠে দাঁড়াব, এমন সময় পেছন থেকে একটা মোটরসাইকেল খুব জোরে ধাক্কা মারল আমাকে। মুহূর্তেই রাস্তার মধ্যে পড়ে গেলাম এবং আমার ডান হাতে রাখা ল্যাপটপের ব্যাগ ছিটকে পড়ল রাস্তার অন্য পাশে।একা একাই কোনো রকমে উঠে দাঁড়ালাম। চারপাশে অনেক লোক জড়ো হয়ে গেল মুহূর্তেই। পুলিশ এসে জিজ্ঞেস করল, এত তাড়াহুড়া করছেন কেন? আপনি মরে গেলে কাকে দোষ দিতেন? ইত্যাদি ইত্যাদি। কৌতূহলী দু-একজন আমার দিকে দু-একবার তাকিয়ে পাশের জনকে জিজ্ঞেস করছে, কীভাবে আমার এ অবস্থা হলো।হঠাৎ দেখলাম, ভিড় ঠেলে এক মধ্যবয়সী মহিলা কাছে এসে দাঁড়িয়ে আমার ডান হাতের কনুই বরাবর হাত রেখে তাঁর শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছে দিচ্ছেন। এই প্রথম খেয়াল করলাম, আমার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে। অবাক হয়ে দেখলাম, তিনি আমার শরীরের ক্ষত স্থানগুলো থেকে রক্ত মুছছেন আর খানিকটা আদর, খানিকটা ধমকের সুরে বলে যাচ্ছেন, এত তাড়াহুড়া করো কেন? দেখেশুনে পথ চলবে। বললাম, ক্লাস ধরতে হবে, তাই তাড়াহুড়া করছিলাম। বললেন, তুমি মরে গেলে কী হতো? বেঁচে থাকলে অনেক ক্লাস করতে পারবে।লোকজন আমাকে শাহবাগের গাড়িতে তুলে দিল। হলে এসে বিছানায় শুয়ে হঠাৎ সেই মহিলার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, তাঁকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলাম না। ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে গিয়েছিলাম যে তাঁকে সৌজন্যমূলক একটা কথাও বলা হয়নি। তাঁর কথা বারবার মনে পড়তে লাগল। আমি মায়ের আদর অনেক পেয়েছি। মায়ের কোলে মাথা রেখে অনেক শুয়েছি, মায়ের হাতে অনেক খেয়েছি, কিন্তু তাঁর কাছে যা পেয়েছি, তার মূল্য আমার কাছে সত্যিই অনেক। খান আরিফুর রহমানআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।