মমতার খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই ঠিকঠাক ছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর চূড়ান্ত। সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন পাঁচটি প্রদেশের মুখ্যমন্ত্রীরা। বহু প্রত্যাশিত সফর নিয়ে দুই দেশেই সাজ সাজ রব। বিশেষ করে, অতিথির অপেক্ষায় থাকা বাংলাদেশে। দুই দেশের মধ্যে যেসব চুক্তি সম্পাদন বা সমঝোতা স্মারক সই হবে, তার খসড়া নিয়ে আলোচনায় তা চূড়ান্তও হয়ে যায়। শেষ মুহূর্তে ছন্দপতন। বাঙালি, ওপার বাংলার মানুষ বলে যাঁর কাছে বাংলাদেশের প্রত্যাশা ভিন্ন রকম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অপ্রত্যাশিতভাবে পিঠটান দিলেন। হঠাৎ করে ঘোষণা দিয়ে বসলেন, তিনি বাংলাদেশে যাবেন না। কারণ, তিস্তার পানি বণ্টন চুক্তি পশ্চিমবঙ্গের স্বার্থবিরোধী। এ চুক্তি হলে উত্তরবঙ্গের (পশ্চিমবঙ্গের) ছয়টি জেলা শুকনো মৌসুমে খরার মুখে পড়বে। তা ছাড়া বাংলাদেশকে যেভাবে বা যে হারে পানি দেওয়া হচ্ছে, তা তিনি চান না; চান না পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে বাংলাদেশকে ‘অতিরিক্ত’ পানি দিতে। ‘পশ্চিমবঙ্গের স্বার্থবিরোধী’ এ চুক্তি সম্পাদনের সাক্ষীও যাতে হতে না হয়, তাই তিনি বাংলাদেশ সফর বাতিল করেছেন।উত্তরবঙ্গের সাধারণ মানুষের মধ্যেও বাংলাদেশকে এখনকার চেয়ে তিস্তা নদীর পানি বেশি দেওয়ার ব্যাপারে কিছু আপত্তি আছে। কারণ, তাদের ভয়, এতে করে শুকনো মৌসুমে তারা যথেষ্ট সেচের পানি পাবে না। এ কথা স্পষ্ট হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের কথায়ও।কিন্তু মমতার এ ঘোষণার পর ভারতজুড়ে প্রশ্ন উঠেছে, এটা কেমন হলো? মমতা কেন হঠাৎ করে বাংলাদেশ সফর স্থগিত করলেন? তিনি তো বারবার বলে এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর মধুর সম্পর্ক। তিনিও চান বন্ধুপ্রতিম বাংলাদেশ সফরে যেতে। কথা বলবেন শেখ হাসিনার সঙ্গে ইলিশ, জামদানি ইত্যাদি নিয়েও। ভারতের কেন্দ্রীয় সরকার মনমোহনের সফরের ঠিক দুই দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণায় দৃশ্যত স্তম্ভিত ও বিব্রত হয়ে পড়ে। তাদের সামনে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্মানের প্রশ্ন, অন্যদিকে তেমনি জোট রাজনীতির ভারসাম্য রক্ষার দায়। কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের মত নেবে, এটা ভারতের নীতি। সে ক্ষেত্রে মমতা কেন আগে আপত্তি তুললেন না, এ যুক্তি নতুন কিছু প্রশ্নের জন্ম দিতে বাধ্য।জোটের শরিক তৃণমূল কংগ্রেসের কর্ণধার মমতাকে মনমোহন সিংয়ের উপেক্ষা করার জো নেই। কারণ, মমতা এখন দিল্লির ক্ষমতায় থাকা মনমোহনের সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের টিকে থাকার জন্য অন্যতম নিয়ামক। ইউপিএর দ্বিতীয় শক্তি ১৯ জন সাংসদ রয়েছেন তাঁর। শক্তির দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ুর ডিএমকে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ইউপিএর রয়েছে ২৬২টি। এর মধ্যে জাতীয় কংগ্রেস ২০৬টি, মমতার তৃণমূল কংগ্রেস ১৯টি আর ডিএমকে ১৮টি।এক হিসাবে ভারতের জোট সরকারের বাধ্যবাধকতা বাংলাদেশের দেখার বিষয় নয়। তাই মমতার বাংলাদেশে না যাওয়ার ঘোষণায় মুষড়ে পড়ে ইউপিএ সরকার। কী করা যায় এখন? একদিকে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টনসহ চুক্তির সব কাজকর্ম চূড়ান্ত, অন্যদিকে জোট শরিকের কার্যত ‘বিদ্রোহ’ বিপাকে ফেলে দেয় মনমোহন সরকারকে। অবশেষে জোট রাজনীতি রক্ষা করে সরকার টিকিয়ে রাখতে সোমবার ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন, আপাতত তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন হচ্ছে না। প্রধানমন্ত্রী মনমোহনও ফোনে মমতার সঙ্গে কথা বলেন।প্রধানমন্ত্রী ঢাকা সফরের গুরুত্ব ব্যাখ্যা করে মমতাকে বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে আপনার আপত্তির কথা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। আপনার সম্মতি পেলেই ওই চুক্তি হবে। যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন, ততক্ষণ এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে না।’তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও মমতা বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত বদলাননি। এমনকি বাংলাদেশে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর অনুরোধও রাখেননি। মুখ্যমন্ত্রী না যাওয়ায় রাজ্যের অন্য মন্ত্রী ও আমলারা বাতিল করেন তাঁদের সফর। দুটি দেশের বড় দুই আগ্রহের বিষয় তিস্তা ও ট্রানজিট ইস্যুতে কিছু না হওয়ায় মনমোহনের সফরকে ‘কার্যত ব্যর্থ’ বলতেও ছাড়েননি পর্যবেক্ষকদের কেউ কেউ।তিস্তা চুক্তিতে মমতার আকস্মিক বাগড়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠলেও প্রকাশ্যে কিন্তু এ চুক্তি সম্পাদনের পক্ষে ওকালতি করেনি রাজ্যের কোনো দলই। বরং তিস্তা নিয়ে রাজ্যের স্বার্থের পক্ষে মমতার অবস্থানকে বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। তবে তারা সবাই একটি কথা বলেছে: মমতা আগেই সিদ্ধান্ত নিতে পারতেন। কারণ, তিনি তো প্রচুর সময় পেয়েছিলেন। খসড়া চুক্তি দেখেছেন। কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আগে আপত্তি জানালে কেন্দ্রীয় সরকার ফের তাঁর প্রস্তাব নিয়ে কথা বলতে পারত বাংলাদেশের সঙ্গে। সে পথে না গিয়ে হঠাৎ করে বাংলাদেশ সফর বাতিল করলেন তিনি।মমতার এ কাজে বাংলাদেশ যে অখুশি হয়েছে, এ কথা বুঝতে পারছে পশ্চিমবঙ্গও। কলকাতার সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে বিষয়টি। তাদের কথা, মমতা বাংলাদেশে বেশ জনপ্রিয়। বাংলাদেশের সংবাদমাধ্যমও এবারের নির্বাচনে মমতার বিপুল বিজয়কে ইতিবাচকভাবে দেখেছে। মনমোহনের বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন তৃণমূল নেত্রী। সাধারণ মানুষ এবার কাছ থেকে একনজর মমতাকে দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু মমতা তা হতে দিলেন না। কলকাতার রাজনৈতিক বিশ্লেষকেরা এ কারণেই স্বীকার করছেন, এ ঘটনায় বাংলাদেশে মমতার ভাবমূর্তি বড় ধাক্কা খেয়েছে। যদিও অনেকেই মনে করছেন, ভারতের কেন্দ্রীয় সরকার অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই করে পরিস্থিতি সামাল দেবে।তিস্তা চুক্তির উদ্দেশ্য হলো, ভারত ও বাংলাদেশ উভয়েই যাতে সারা বছর সেচের পানি পায় তার ব্যবস্থা করা। এ ছাড়া বাড়তি পানি আটকে রেখে দুই দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও জলবিদ্যুৎ উৎপাদন করা।রাজনীতিতে মমতার নিরলস আপসহীন লড়াই ও জেদই আজ তাঁকে পশ্চিমবঙ্গের রাজনীতির সর্বোচ্চ শিখরে বসিয়েছে। ইউপিএর শরিক হলেও অনেক ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে কসুর করেননি। মমতার জনপ্রিয়তার মূলে রয়েছে তাঁর এই আপসহীন লড়াই আর জেদ। তবু বিশেষজ্ঞরা মনে করছেন, মমতা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আগেভাগে সরব হলে এই অবাঞ্ছিত ঘটনার দায় এড়াতে পারতেন।প্রতিক্রিয়ার কয়েকটি তিস্তা চুক্তি না হওয়াটা দুর্ভাগ্যজনক: মনমোহন সিং মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোল বাধানো ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাজে দৃষ্টান্ত স্থাপন করল: দ্য হিন্দু কিছু কিউসেক পানি নিয়ে বিবাদ করে মমতা তাঁর বড় পরিসরকে আত্মস্থ করার সামর্থ্যকেই প্রশ্নের মুখে ফেললেন: দ্য টাইমস অব ইন্ডিয়া তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া নৈরাশ্যজনক: দেব মুখার্জি, ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার তিস্তা চুক্তি নিয়ে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী আগে বলতে পারতেন: শ্যামল চক্রবর্তী, সিপিএম পশ্চিমবঙ্গ সম্পাদকমণ্ডলীর সদস্য আমরা অনেক আশায় ছিলাম। প্রার্থনা করেছি, মানববন্ধনও করেছি। চুক্তি হচ্ছে না শুনে আশাহত হয়েছি: আবদুল গফুর, নীলফামারীর কৃষক