মমতার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে যৌথ বাহিনী নিয়ে এত কথা, মাওবাদীদের আবার সেই যৌথ বাহিনীরই ভয় দেখালেন মমতা। গত ১৫ অক্টোবর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাত দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনী দিয়ে অভিযান চালাতে বাধ্য হবে সরকার। কিন্তু অস্ত্র ফেলে অবিলম্বে আলোচনার টেবিলে আসার ডাকে সাড়া দেয়নি মাওবাদীরা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গলমহলের শালবনীতে তারা পোস্টার লাগিয়ে জানিয়ে দিয়েছে, রাজবন্দীদের মুক্তি এবং যৌথ বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা নয়। অথচ নির্বাচনের আগে ভালো রকম মাওবাদী তোষণ করেছেন মমতা। মাওয়ের অনুসারীরা তাঁর প্রতি সহানুভূতিশীল, এমনটা ভেবে মমতা এবারের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিতে গলা মিলিয়েছিলেন। ঘোষণাও দেন ক্ষমতায় এলে জঙ্গলমহল থেকে প্রত্যাহার করে নেবেন যৌথ বাহিনী। মুক্তি দেবেন রাজবন্দীদের। সেই মমতার মাওবাদীদের প্রতি এই কঠোর অবস্থানকে মেনে নিতে পারছেন না কলকাতার তৃণমূল সমর্থক বুদ্ধিজীবীরাও। মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত বিশিষ্ট মানবাধিকার নেতা সুজাত ভদ্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাওবাদীদের নিয়ে ভাষা প্রয়োগে প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযত হওয়া উচিত। আলোচনার জন্য আরও সময় দেওয়া উচিত। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, মাওবাদী সমস্যা সমাধানের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিলে জটিলতা বাড়বে।এ অবস্থার প্রেক্ষাপটেই গত মঙ্গলবার জঙ্গলমহলে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে মাওবাদীদের। জঙ্গলমহলে এটাই প্রথম নির্বাচন-পরবর্তী সহিংসতা। ঘটনাক্রমে ওই দিন দুপুরে মধ্যস্থতাকারীরা মমতার সঙ্গে বৈঠক করেন। সে বৈঠক শেষে মধ্যস্থতাকারীদের নেতা সুজাত ভদ্র সাংবাদিকদের বলেছিলেন একটি কথাই: শান্তি প্রক্রিয়া চলছে, চলবে।অনেকেই মনে করছেন, মাওবাদীদের প্রতি মমতার এই হঠাৎ চ্যালেঞ্জ সমস্যা সমাধানের পরিবর্তে জটিলতা বাড়াবে। সুজাত ভদ্রদের ‘শান্তি প্রক্রিয়া’ কত দিন ধরে চলে সেটাই এখন দেখার।  অমর সাহা, কলকাতা