মমতার জন্য বিজেপির টোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বড় শরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনের ওপর কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব অনেকটাই নির্ভরশীল। এবার তাঁকে নিয়ে টানাটানি শুরু করেছে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)। বর্তমান ইউপিএ সরকারের আগে এই এনডিএ জোটই ভারতের ক্ষমতায় ছিল। এখন দেশের সবচেয়ে বড় বিরোধী জোট। আসনসংখ্যার দিক থেকে মমতার তৃণমূল ইউপিএ জোটের দ্বিতীয় শক্তি। তবে তার সঙ্গে এখন ঠান্ডা যুদ্ধ চলছে কংগ্রেসের। নানা ইস্যুতে খোলাখুলি কংগ্রেস তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের এক স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়ছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। মমতার ক্ষমতা গ্রহণের এক বছর পর আগামী ৩ জুন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ছয়টি পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে দুই শরিকের মধ্যে জোট হয়নি। সম্প্র্রতি কেন্দ্রীয় সরকার পেট্রলের দাম লিটারপ্রতি একধাপে সাড়ে সাত রুপি বাড়িয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ করেন মমতা। ইউপিএর শরিক হয়েও তিনি রাস্তার প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে সরকারের নিন্দা করেছেন। কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের এই টানাপোড়েন কাজে লাগানোর জন্য এবার বিজেপি মাঠে নেমেছে। মমতাকে আবার তাদের সঙ্গে যোগ দিতে বলছে দলটি। তৃণমূলের প্রধান এখনো সাড়া দেননি। তবে ক্ষান্ত দিচ্ছেন না বিজেপি নেতারা।বিজেপি মনে করে মমতা ফিরে এলে এনডিএ জোট দ্বিগুণ শক্তিশালী হবে। কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় কংগ্রেসকে বিদায় করে দেওয়া সহজ হবে। মমতার প্রতি প্রথম প্রকাশ্য আহ্বান তারা জানায় কলকাতায় ২১ মে আয়োজিত এক সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিজেপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী রাজনাথ সিং মমতার প্রতি মৈত্রীর হাত বাড়িয়ে দেন।রাজনাথ সিং বলেন, ‘আপনি বারবার কেন্দ্রের কাছে ধরনা দিয়েও পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ পাননি। তার ওপর সাবেক বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা মাথায় নিয়ে রাজ্য চালাচ্ছেন। এবার আপনি আমাদের সঙ্গে আসুন। এনডিএ আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। ভবিষ্যতে এনডিএ ক্ষমতায় এলে আপনার রাজ্যের জন্য দেওয়া হবে বিশেষ আর্থিক প্যাকেজ। তাই ফিরে আসুন।’ দ্বিতীয়বার ডাক আসে ২৬ মে। মুম্বাইয়ে বিজেপির দুদিনব্যাপী জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এই ডাক দেন দলের মুখপাত্র রবিশংকর প্রসাদ। তিনি বলেন, ‘মমতা এখনো খুবই প্রাসঙ্গিক বিজেপি এবং এনডিএর কাছে। শুধু তা-ই নয়, বিজেপি এবং এনডিএর কাছে মমতা অপরিহার্য এক নেত্রী হিসেবে গণ্য। সুতরাং বিজেপি চায় মমতা ফিরে আসুন এনডিএতে।’ তৃতীয়বার ডাক আসে এর পরের দিন। প্রবীণ বিজেপি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মমতা এনডিএতে ফিরলে স্বাগত। তিনি অত্যন্ত কর্মঠ নেত্রী। রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু নেই। তাই আমরা চাই মমতা ফিরে আসুন এনডিএতে।’মমতাকে এনডিএতে নেওয়ার জন্য বিজেপির এত ডাকাডাকির পেছনে রয়েছে আরেকটি বিষয়। এই মমতা একসময় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার রেলমন্ত্রী ছিলেন। ছিলেন কয়লামন্ত্রীও। কাজ করেছেন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে। সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে চায় এনডিএ। এদিকে বিজেপির এই ডাকাডাকিতে মমতার দাম আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বিজেপির আগ্রহকে নিজের স্বার্থে কাজে লাগানোয় চেষ্টার ত্রুটি করবেন না তৃণমূল নেত্রী। বিজেপিকে ফেরাচ্ছেন না তিনি। এর মাধ্যমে চাপের মধ্যে রাখছেন কংগ্রেসকে। বোঝাতে চাইছেন, কংগ্রেস বেইমানি করলে তিনি ফিরতেও পারেন এনডিএতে। কিন্তু পর্যবেক্ষকদের বেশির ভাগই মনে করেন, অন্তত সংখ্যালঘু ভোটের হিসাব করে মমতা এই মুহূর্তে বিজেপিমুখো হবেন না। পশ্চিমবঙ্গে তাঁর শক্তির বড় উৎস সংখ্যালঘু মুসলিম ভোট। ‘সাম্প্রদায়িক’ বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচন করায় মমতাকে আগে খেসারত দিতে হয়েছে। তাঁর দল জিতেছিল মাত্র একটি আসন। তাও তাঁর নিজের আসনটি। সংখ্যালঘুরা মমতার ওপর থেকে সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। সেসব কথা ভেবে তিনি এখন কিছুতেই এনডিএর পথে পা বাড়াবেন না বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। আবার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ইউপিএ সরকারের মেয়াদ আর দুবছরও নেই। অথচ মমতার মেয়াদ আরও চার বছর। তাই ইউপিএ সরকার ক্ষমতায় ফিরে আসতে না পারলে মমতা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে যদি এনডিএতে ফিরে আসেন বা বাইরে থেকে সমর্থন দেন, তবে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এর দৃষ্টান্ত তৃণমূল নেত্রী নিজেই স্থাপন করে গেছেন।  অমর সাহা, কলকাতা