মমতার নতুন গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শরিকের নিরন্তর পাল্টাপাল্টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন গোলা ছুড়লেন জাতীয় কংগ্রেসের দিকে। গত ২১ এপ্রিল তিনি ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারকে আর বছর বছর ঋণের সুদ দিয়ে যেতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারকে হয় সুদ মওকুফ করতে হবে, নয়তো তিন বছরের জন্য সুদ নেওয়া স্থগিত করতে হবে। তৃণমূল এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের ইউপিএ সরকারকে ১৫ দিনের সময়সীমা দিয়েছে। বলেছে, ওই সময়ের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না হলে ‘নতুন ইস্যু’ উঠবে, ফলও হবে খারাপ।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতার অভিযোগ, অনেক আবেদন-নিবেদন করেও কেন্দ্র থেকে কোনো আর্থিক সাহায্য পাচ্ছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন তিনি। পঞ্চাশবার অর্থমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি। তাই কলকাতার ঐতিহাসিক টাউন হলে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এই চরমপত্র দেন মমতা।মমতা বলেছেন, আর্থিকভাবে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকারকে এবার ‘পরিকল্পনা করে ভাতে মারার’ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া রাজ্য সরকারের ঋণের সুদ মওকুফ বা স্থগিত করার দাবি তুলেছেন তিনি। কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বলেন, কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে কোনো আর্থিক প্যাকেজ দেয়নি। এই সরকার এখন ঋণে জর্জরিত; ব্যাহত হচ্ছে উন্নয়ন কার্যক্রম।তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেসের সম্পর্ক বিচিত্র ধরনের। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট। এ জোট সরকারের অন্যতম শরিক পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারের অন্যতম জোট শরিক জাতীয় কংগ্রেস। কেন্দ্রীয় সরকারে রয়েছে মমতার দলের মন্ত্রী, আর রাজ্য সরকারে রয়েছে জাতীয় কংগ্রেসের মন্ত্রী। এ রকম ঘনিষ্ঠ শরিক হয়েও টানাপোড়েন লেগেই আছে দুই দলের মধ্যে।তৃণমূল-কংগ্রেস দ্বন্দ্বের জেরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে পদত্যাগও করেছেন কংগ্রেসের এক মন্ত্রী। এ দ্বন্দ্ব বক্তৃতাবাজিতে সীমাবদ্ধ নেই। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে মারামারি-হানাহানি ঘটছে। এসব কারণে চাপের মধ্যে রয়েছে দুই দলই। তবে রাজ্যে ক্ষমতাসীন বলে শক্তিটা এখন বেশি তৃণমূলের। তৃণমূলের শক্তির আরেকটি কারণ, কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের অন্যতম রক্ষাকবচ তারা।পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য রকম। সেখানে কংগ্রেসের সমর্থন ছাড়াই সরকার চালাতে সমর্থ তৃণমূল। তাই কংগ্রেস সমর্থন তুলে নিলেও রাজ্য সরকারের পতনের আশঙ্কা নেই। তবু তৃণমূল কিছুটা হলেও কংগ্রেসকে মেনে নিচ্ছে এই কারণে যে কেন্দ্রীয় সরকার তাদেরই। বিশেষ করে, তাদের আর্থিক সাহায্য ছাড়া রাজ্য সরকার চালানো কঠিন। রাজ্য পর্যায়ে কংগ্রেসও এটা মাথায় রেখে চাপের মধ্যে রাখছে তৃণমূলকে।মমতা কেন হঠাৎ করে কেন্দ্রীয় সরকারকে ১৫ দিনের চরম সীমা বেঁধে দিলেন? এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমের নেতা বিধায়ক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে কংগ্রেসের ওপর চাপ বাড়ানোর এ এক কৌশল মমতার। মমতা ভালো করেই জানেন, তাঁর দলের ভোট ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের প্রার্থীর জয়ী হওয়া কঠিন হবে। তাই এই চাপ দিয়ে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের জন্য খেলা খেলছেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস মেনেও নিতে পারে মমতার দাবি। কলকাতার রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, কংগ্রেসের দুর্বলতাকে পুরোপুরি কাজে লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা। তিনি জানেন, চাপ দিয়ে কেন্দ্রের কাছ থেকে সুবিধা আদায় করতে না পারলে তাঁর রাজনৈতিক অবস্থাও দুর্বল হয়ে পড়বে, রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করা কঠিন হবে; করতে হবে জবাবদিহি। এ উপলব্ধি থেকেই নতুন করে শুরু করেছেন চাপের রাজনীতি।মমতা ক্ষমতায় এসে যতটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে অনুযায়ী কাজ হয়নি। এখনো সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকেরা জমি ফিরে পাননি। দার্জিলিং সমস্যার সমাধানের লক্ষ্যে চুক্তি হলেও সেই চুক্তির বিপক্ষে এখনো চলছে আন্দোলন। আর এই আন্দোলন করছেন মমতারই ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।সত্যি বলতে, যে জনপ্রিয়তা নিয়ে মমতা ক্ষমতায় এসেছিলেন, সেই জনপ্রিয়তায় এরই মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছে। ওয়েব পোর্টাল ইয়াহুর করা ভারতের ১০ জন অপ্রিয় রাজনীতিকের তালিকার শীর্ষে রয়েছেন এই তৃণমূল নেত্রী।l অমর সাহা, কলকাতা