মমতার প্রতিশ্রুতি জট
মমতা বন্দোপাধ্যায়ের প্রধান দুটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে জট বেঁধে গেছে। এই জট খুলতে একটির জন্য মামলা চলছে হাইকোর্টে। আর অন্যটি নিয়ে চলছে জোর দরকষাকষি।মমতা বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় যেতে পারলে হুগলি জেলার সিঙ্গুরে টাটাকে কারখানা গড়তে দেওয়া জমি থেকে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেবেন। ঘোষণা দিয়েছিলেন দার্জিলিং সমস্যারও সমাধান করবেন।মমতা তাঁর প্রথম প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সিঙ্গুরের ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন গত ২০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন রাতেই। দীর্ঘদিনের দার্জিলিং সমস্যা সমাধানের জন্য গত ১৮ জুলাই চুক্তি করেন গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে। কিন্তু প্রস্তাবিত স্বশাসিত এলাকার আওতা নিয়ে এখনো সমঝোতা না হওয়ায় নতুন করে চলছে দরকষাকষি। বিধানসভায় পাস করা সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন আইন বলে সব লিজ দেওয়া জমির দখল নিয়ে নেয় রাজ্য সরকার। কিন্তু আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে টাটা মোটরস মামলা দায়ের করে। আর্জি জানানো হয় প্রকল্প এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার। কলকাতা হাইকোর্ট টাটার অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। এর পর টাটা ওই আদেশের বিরুদ্ধে শরণাপন্ন হয় সুপ্রিম কোর্টের। নয়াদিল্লিতে সর্বোচ্চ আদালতে করা আপিলে সিঙ্গুরের জমি পুনর্বণ্টনের ওপর নিষেধাজ্ঞা চায় শিল্পগোষ্ঠীটি। উভয় পক্ষের শুনানি শেষে গত ২৮ জুন টাটা মোটরসের আবেদনের পরিপ্রেক্ষিতে সিঙ্গুরের জমি পুনর্বণ্টনের ওপর স্থগিতাদেশ জারি করেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই মর্মে আদেশ দেন, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন সিঙ্গুরের জমি বণ্টন করা যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে টাটা মোটরস সিঙ্গুর মামলায় প্রাথমিক জয় পায়। এদিকে কলকাতা হাইকোর্টের বেঞ্চে রদবদল করতে হলে কিছুটা বিলম্বিত হয় শুনানি। অন্যদিকে জমি জরিপের পর দেখা যায়, অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমির মধ্যে এখন মাত্র ৪০ একর জমির প্রকৃত মালিকদের হদিস মিলেছে। এই ৪০ একর জমির মালিক ৩১০ জন। ৯০ একর জমির মালিক বিদেশে থাকেন। প্রশাসন এখন মনে করছে, মাত্র ৭০ থেকে ৮০ একর জমি ফেরত নিতে পারেন অনিচ্ছুক কৃষকেরা। ৪০০ একর জমি ফেরতের প্রশ্নই নেই।সিঙ্গুরে টাটাকে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য মোট লিজ দেওয়া হয়েছিল ৯৯৭ দশমিক ১১ একর জমি।এই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর টনক নড়ে সরকারের। জেলা প্রশাসন বিষয়টি পর্যালোচনা শুরু করে। এরপর জানানো হয় ৪০০ একর নয়, অনিচ্ছুক কৃষকদের মাত্র ১৮৪ একর জমির দাবিদারের হদিস মিলেছে। তা হলে কি নির্বাচন-পূর্ব আন্দোলনের ইস্যু করার জন্যই বাড়িয়ে বলেছিলেন জ্বালাময়ী ভাষণের জন্য সুপরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়?এখন একদিকে সিঙ্গুর জমি নিষ্পত্তির বিষয় আটকে আছে আদালতে, অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে দড়ি টানাটানি চলছে ডুয়ার্স ও শিলিগুড়িকে গোর্খাদের স্বশাসিত এলাকায় অন্তর্ভুক্ত করা নিয়ে। এলাকা দুটির অধিবাসীরা এতে রাজি নয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গুর মামলার বর্তমান বিচারক ইন্দ্রপ্রসন্ন মুখার্জি আদালতের বাইরে মীমাংসার একটি প্রস্তাব দিয়েছেন। তবে টাটা এখনো এ ব্যাপারে সম্মতি দেয়নি।