আমাদের সামরিক বাহিনী মিশনে আসে এক বছরের জন্য। প্রতিবছরই ব্যাটালিয়ন ও কোম্পানিগুলোর রোটেশন হয়। বিশেষ বিমানে চেপে মিশনে আসে এক দল নতুন মুখ আর ফিরে যায় পুরোনোরা। ইউনিফর্মটা থেকে যায়, শুধু ভেতরের মানুষগুলো বদলে যায়।তখনো সন্ধ্যা হয়নি। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। নারকেল বীথির ছায়ারা বড় হতে হতে সৈকতের নরম বালু পেরিয়ে হামাগুড়ি দিয়ে নেমে পড়ছে আটলান্টিকের নীল জলে। আমরা সৈকত থেকে উঠে এলাম সদর রাস্তায়। এসফল্টের সুবিশাল রাস্তা আমাদের নিয়ে যাবে আবিদজান শহরে। কিছু দূর এগোতেই পথের দুই পাশে অসংখ্য দোকান। দোকান নয়, যেন এগুলো গ্যালারি। ভেতরে, বাইরে শত শত পেইন্টিং সাজানো। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে শুরু করলাম ছবিগুলো। আফ্রিকান নারীদের উপজীব্য করেই আঁকা হয়েছে অধিকাংশ ছবি। বেশির ভাগই তেলরঙের কাজ, কিছু জলরংও দেখতে পেলাম। ওরা শুধু ক্যানভাসের ওপরই কাজ করেনি। মিডিয়াম হিসেবে ব্যবহার করেছে বোর্ড, পাটের চট, পাখির পালক, ছন, দড়ি আরও কত কি! একটি ছবিতে দেখলাম, এক নারী ঝাড়ু হাতে তাড়া করছে কাউকে, ঝাড়ুটিতে শিল্পী ব্যবহার করেছেন থ্রি ডাইমেনশন। আর এ জন্য একটি আস্ত ঝাড়ু ধরিয়ে দিয়েছেন মেয়েটির হাতে। এত এত ছবি ছড়িয়ে-ছিটিয়ে আছে রাস্তার পাশে। নিশ্চয়ই খুব সস্তা হবে। দাম জিজ্ঞেস করে তো অবাক হয়ে গেলাম। বলে কী? একেকটা ছবির দাম, দেড়-দুই শ ডলার! তার মানে এগুলো আজেবাজে শিল্পীর আঁকা নয়? এক দোকানিকে জিজ্ঞেস করলাম। ভাই, এত দাম কেন? ও খুব অবাক হলো। আমাকে বলল, ‘এগুলো পেইন্টিংস, ক্যামেরায় তোলা ছবি নয়।’ ও হয়তো আমাকে চিত্রকলা বিষয়ে গোমূর্খ ভেবে থাকবে।আমরা যখন আবিদজান শহরে ঢুকলাম, তখন শহরের গায়ে অন্ধকারের কালো জামা, সেই জামার বোতাম হয়ে জ্বলছে হাজারো শহরবাতি। হঠাৎ সঙ্গী কর্নেল আতিক বললেন, ‘আমার একজন রোগী আছে হাসপাতালে, চলেন যাই একটু দেখে আসি।’ হাসপাতাল কথাটা শুনেই স্টিয়ারিংয়ে আমার হাত কেঁপে উঠল। আবার কে এল? তিনি বললেন, ‘ওর নাম মমিন, আবদুল মমিন। ব্যানব্যাট-১-এর সৈনিক। ছেলেটির অবস্থা খুব ভালো নয়। সম্ভবত লিউকোমিয়া। এখনো নিশ্চিত নই আমরা, আরও কিছু টেস্ট করার বাকি আছে।’ এবার আমার হাত-পা অবশ হয়ে আসছে।হাসপাতালে গিয়ে মমিনকে আমরা খুঁজে পাচ্ছি না। ৩০১ নম্বরে ওর থাকার কথা কিন্তু রুম ফাঁকা, কেউ নেই ওখানে। এর মানে কী? কর্নেল আতিক তাকালেন আমার চোখের দিকে। এই দৃষ্টিটা আমি চিনি। একটা অজানা আশঙ্কা। আশপাশে কাউকেই দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। হাসপাতালের সুবিশাল টানা বারান্দা। এ মাথা-ও মাথা দেখা যায় না। হলুদাভ আলোর নিচে ডুবে আছে এক ভীতিকর নীরবতা। অনেকক্ষণ পর সবুজ অ্যাপ্রোন পরা এক কালো মেয়ে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওকে ধরলাম। মেয়েটি ইংরেজি বোঝে না। আমাদের ফরাসি জ্ঞানও তথৈবচ। তবে ও আমাদের প্রশ্ন বুঝল। আমাদের অঙ্গ সঞ্চালন আর বাংলাদেশ এবং মমিন শব্দগুলোই ও পিক করল। বলল, ‘৩২৭ নম্বর রুমে।’ আমরা ছুটলাম ৩২৭ নম্বর রুমের দিকে, করিডরের অন্য প্রান্তে।মমিনের হাতে স্যালাইন লাগানো। আমাদের দেখে ও বিছানা থেকে উঠে সোজা দাঁড়িয়ে গেল, ফৌজি কায়দায় সেলুট দেওয়ার ভঙ্গিতে কর্নেল আতিককে সালাম দিল। সালাম দিয়েই ও ব্যস্ত হয়ে পড়ল আমাদের বসার জন্য চেয়ার টানাটানিতে। আমরা যতই বলি, তুমি বসো, আমাদের জন্য ব্যস্ত হতে হবে না। ও কিছুতেই আমাদের কথা শুনবে না। একজন বাংলাদেশি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে ওর সঙ্গে, সার্বক্ষণিক অ্যাটেনডেন্ট হিসেবে। মমিন তাকে অনুরোধ করছে আমাদের আপেল, কমলা দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, অসুখের কথা বাড়িতে জানিয়েছ? একটা নিষ্পাপ হাসিতে উদ্ভাসিত ওর মুখ, ‘না স্যার। ‘বাচ্চার মা খুব কষ্ট পাবে। আমার অসুখ-বিসুখের কথা শুনলে খুব কান্নাকাটি করে। সামান্য জ্বরজারি, দুই-চার দিনের ব্যাপার। আর মিশনও শেষ হয়ে আসছে। আর মাত্র দুই মাস। এর পরই তো ইনশাআল্লাহ দেশে ফিরে যাব।’ কর্নেল আতিক জিজ্ঞেস করেন, তোমার অসুখটা কী, জানো? ‘না স্যার, ঘুষঘুষে জ্বর ছিল কিছুদিন। কিছু খেলেই বমি করে দিতাম। এখন অনেকটা ভালো। এখন খেতে পারি। বমিটা বন্ধ হয়ে গেছে। রক্তে কিনা কি একটা সমস্যা ছিল। ডাক্তার বলেছেন, সেটাও ভালো হয়ে আসতেছে। দোয়া করবেন স্যার।’আমরা মমিনকে রেখে বেরিয়ে এলাম। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জানাল, ‘কেমোথেরাপি চলছে, স্যার।’সাত-আট দিন পর একটি অফিশিয়াল ব্রডকাস্ট এল আমার মেইলবক্সে। ‘বাংলাদেশি সৈনিক আবদুল মমিন আজ সকালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। প্রাইভেট মমিন ব্লাড ক্যানসারে ভুগছিলেন।’ আমার চোখ ভিজে উঠল। গালে অশ্রুধারা। মমিন বলেছিল, আর মাত্র দুই মাস, এর পরই দেশে ফিরে যাবে। এর আগেই ও দেশে ফিরে যাচ্ছে, ওর প্রিয়তমা স্ত্রীর কাছে, প্রিয় স্বদেশের কাছে।কাজী জহিরুল ইসলামদারফুর, সুদান থেকে