
ব্যক্তিজীবনে একজন সফল আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তি। তিনি ফাতিমা-জাহরা মানসুরি। সেই সফলতায় আরেক পালক যুক্ত হলো মরক্কোর তৃতীয় বৃহত্তম বড় শহর মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে। প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে মারাকেশ শহরে। ২০০৯ সালে মাত্র ৩৩ বছর বয়সেই শহরটির মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর করা আফ্রিকার প্রভাবশালী ২০ নারীর তালিকায় শীর্ষস্থান লাভ করেন ফাতিমা। আফ্রিকা অঞ্চলের ৭০০ নারীর মধ্যে নিজের যোগ্যতায় শীর্ষে নাম তোলেন তিনি।
ফাতিমার জন্ম ১৯৭৬ সালে মারাকেশ শহরে। পড়াশোনা করেছেন মারাকেশের একটি ফ্রান্স স্কুলে। পরবর্তী সময়ে ফ্রান্স থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে আইন ব্যবসায় যুক্ত হন তিনি। মরক্কোতেই চালু করেন আইন ব্যবসাপ্রতিষ্ঠান এবং দেশটির অথেনটিসিটি অ্যান্ড মডেরিনিটি পার্টির মিউনিসিপ্যাল কাউন্সিলর হিসেবে কাজ শুরু করেন। ফাতিমার বাবা আবদের রহমান মানসুরি দীর্ঘদিন ধরে মারাকেশের ডেপুটি গভর্নর এবং সংযুক্ত আরব আমিরাতে মরক্কোর দূত হিসেবে কাজ করেছেন। বাবার সেই কাজে অনুপ্রাণিত হয়েই দেশের জন্য কিছু করার উদ্দেশ্যে রাজনীতি এবং আইন ব্যবসায় নিজেকে যুক্ত করেন ফাতিমা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই সফলতার সঙ্গে প্রশাসন পরিচালনা করেন। নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে মারাকেশ শহরের অনেক উন্নয়নেও ভূমিকা রাখেন তিনি। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী তিনি। এখনো আইন ব্যবসার পাশাপাশি রাজনীতিতে আরও সক্রিয়ভাবে যুক্ত থেকে দেশের জন্য কাজ করে যেতে চান ফাতিমা। স্বপ্ন দেখেন একদিন বিশ্বের অনেক সেরা দেশের তালিকায় নিজের দেশের নামও থাকবে।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া