মরণের পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পরপরই হূত্স্পন্দন থেমে যায় মা-শিশু দুজনেরই। চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন তাদের। ঠিক এর চার মিনিট পরই নড়ে ওঠেন মা ট্রেসি। তারপর?বড়দিন তখন আসন্ন। ঘরে ঘরে শিশুদের হুড়োহুড়ি। শপিংমলগুলোয় পড়েছে কেনাকাটার ধুম। রাত নামলেই রঙিন আলোর কারসাজিতে ভরে ওঠে পথঘাট। মন ভালো সবার। সারি সারি সাজানো ক্রিসমাস ট্রি। দোকানগুলো থেকে দেদার ফুরোচ্ছে কেক, চকলেট। নেই দুঃখ, নেই হতাশা। হারম্যান ফস্টারের বেলায়ও এমনটা হওয়ার কথা ছিল, হয়নি। তাই তো তাঁর চোখে-মুখে বিষাদের ছায়া। তিনি বাবা হবেন। সংবাদটি সুখের, তবে হূদরোগে আক্রান্ত স্ত্রীকে নিয়ে চিন্তিত। হাসপাতালের করিডরে রাতভর পায়চারি করেন লোকটি। নাওয়া-খাওয়া ভুলে গেছেন। অপারেশন টেবিলে যাওয়ার আগে চিকিত্সক জানালেন, একইসঙ্গে বাঁচানো সম্ভব নয় দুটি প্রাণ। বেছে নিতে হবে যেকোনো একজনকে। হতে পারে সেটা মা কিংবা শিশু। সিদ্ধান্ত হারম্যানের ওপর। নিমিষেই সবকিছু ওলটপালট হয়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে—এমনটা যে কখনো ভাবা হয়নি। ভিজে ওঠে চোখের কোণ। গল্পটি এখানে শেষ হলেই হয়তো ভালো হতো। ঠিক যেন চলচ্চিত্রের করুণ পরিণতি। বিষণ্ন্ন দর্শকের মন। কিন্তু তা হয়নি। হারম্যান ফস্টার সহজ লোক নন। তিনি ও তাঁর পরিবার মনে হয় মানুষকে চমকে দিতে ভালোবাসেন। তাই তো ফের পুরোনো ম্যাড়মেড়ে গল্প ফেদে সুযোগটা হারালাম। চলুন শোনা যাক এবারের চমকে দেওয়ার গল্পটা। হারম্যান ফস্টার। খটমটে এক নাম। বয়স ৩৭। স্ত্রী ট্রেসি আর ১১ বছরের সন্তান অস্টিনকে নিয়ে তাঁর সুখের সংসার। সেই সুখে আরও আবির বাড়ায় একটি সংবাদ। মা হবেন ট্রেসি। কাজকর্ম বাদ দিয়ে লোকটি সারাক্ষণ স্ত্রীকে নিয়ে পড়ে থাকেন। বাবা হবেন, সহজ কথা নয়। এখন তাঁর কত কাজ। ট্রেসি কী খাবে, কী পড়বে—এসব যে তাঁকেই ঠিক করতে হবে। অনাগত সন্তানকে নিয়ে কত কল্পনা। কতই না প্রস্তুতি শিশুটিকে ঘিরে। প্রিয় মানুুষটির এমন পাগলামি ভালোই লাগে ট্রেসির। নিজের ভেতরে থাকা শিশুটিকে পাগল বাবার গল্প শোনান। শিশুটি মায়ের কথা বোঝে কি না, কে জানে? এত সব সুখের মাঝখানে নিজের হূদরোগের কথাটা ভুলেই গিয়েছিল ট্রেসি। চিকিত্সকের কথায় টনক নড়ল সবার। তিনি জানালেন, তাঁদের পক্ষে শুধু একজনকেই প্রাণে বাঁচানো সম্ভব। ঘুণাক্ষরেও তখন কেউ ভাবেনি একজন নয়, কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করা হবে মা ও শিশু দুজনকেই। সত্যিই প্রকৃতির লীলা বোঝা ভার। অপারেশনের দিনটিতে পুরো পরিবারের সবার ভেতরে উত্তেজনা। অস্থির হয়ে উঠেছে হারম্যান। ট্রেসির এসব নিয়ে ভাবনা নেই। তার মুখে হাসি। সে তো মা। উত্তেজিত হলে তার কি চলে। সবাইকে যে দেখে রাখতে হয়। তা ছাড়া উত্তেজনা শিশুটির জন্য ক্ষতির কারণও হতে পারে। সন্তান অস্টিনের কপালে চুমু খায় ট্রেসি। বিদায় নেয় সবার কাছ থেকে। এর পর অপারেশন থিয়েটারে নেওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারায়। কলোরাডো হাসপাতালের চিকিত্সক স্টিফানি মার্টিন তাঁর রোগীকে নিয়ে ভীত। ধীরেগতিতে চলছে ট্রেসির হূদস্পন্দন। এভাবে কিছুক্ষণ চলার পর আচমকাই থেমে যায় সব। জ্ঞান ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টায় থাকেন চিকিত্সকেরা। কিছুতেই কিছু হয় না। শুধুই পণ্ডশ্রম। মার্টিনের ভাষায়, ভেতরে তার জীবণের কোনো চিহ্নই ছিল না। থেমে গিয়েছিল হূদস্পন্দন, রক্তচাপ। নিঃশ্বাস নেওয়ার কোনো লক্ষণই দেখা যায়নি। মা ট্রেসিকে নিয়ে চিকিত্সকদের ব্যস্ততার মধ্যেই সদ্য জন্ম নেওয়া শিশুটিরও হূদস্পন্দন থেমে যায়। মৃত ঘোষণা করা হয় দুজনকে। ঠিক তার চার মিনিট পরই নড়ে ওঠে মা ট্রেসি। শিশুটিও চুপ থাকার পাত্র নয়। সবকিছু ভুলে জোর কান্নায় মেতে ওঠে সে। তবে কি এ যাত্রায় বেঁচে গেল দুজনই! চিকিত্সকেরা ব্যস্ত হয়ে পড়েন। আহারে! বেচারাদের কখনই দম ফেলার ফুরসত হয় না। সারাদিন শুধু কাজ আর কাজ। পানসে জীবন। ‘মা ও শিশুকে হারানোর পরই পুরো জগত্টা আঁধার হয়ে যায় আমার সামনে কিন্তু পরক্ষণেই যেন তা আবার ফিরিয়ে দেওয়া হয়।’ বলছিলেন হারম্যান ফস্টার। লোকটার মুখে হাসি আর ধরে না। সন্তান ও স্ত্রীকে ফিরে পেয়ে আনন্দে পাগল হওয়ার জোগাড়। চিকিত্সক মার্টিনের জীবনে এমন ঘটনা ঘটেছে প্রথমবারের মতো। তিনি বলেছেন, চিকিত্সাবিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই। হূদস্পন্দন পুরোপুরি বন্ধ হওয়ার পর আবার বেঁচে ওঠা, সত্যি অবিশ্বাস্য! এ প্রকৃতির আজব খেয়াল। ট্রেসি অবশ্য ঘটনার কিছুই জানে না। তাকে জিজ্ঞেস করা হলে বলে, ‘আমি তো ঘুমিয়েই ছিলাম। মনে নেই কিছু আমার।’ প্রতিদিনই বাড়িতে কৌতূহলী মানুষের ভিড় জমে। মা ও শিশুকে দেখতে আসে তারা। অবাক হয়। কারও কারও চোখে অবিশ্বাসের ছায়া। সবাইকে দেখে ভালোই লাগে হারম্যান ফস্টারের। গমগম করে বাড়িটা। কাজশেষে বাড়ি ফিরেই সবার আগে বুকে চেপে ধরেন শিশুটিকে। কী যে শান্তি। তখন মা ও শিশু দুজনেই সুস্থ। তবুও চিকিত্সকদের নজরে আছে দুজনই। নিয়মিত চেকআপ করানো হয়। হারম্যানের এবার বিশ্রাম নেওয়ার পালা। তবে উপায় নেই। হাসপাতালের ঝুটঝামেলায় বড়দিনটা ঠিকমতো পালন করা হয়নি। বন্ধুরা চেপে ধরেছে এবার। ঘটা করে পালন করতে হবে বড়দিন। চার দিন পার হয়ে গেল, তাতে কী। চার দিন পরেই না হয় আয়োজন করা হলো এবারের উত্সবটা। দিন-পাখিটির পালক খসে পড়তেই নামে রাত। তখন চারধারে নীরবতা। আকাশে ঠাঁই নেয় অসংখ্য তারা। মা ট্রেসি আর বাবা হারম্যান সন্তানের মুখের দিকে তাকায়। ঘুমিয়ে আছে জড়োসড়ো হয়ে। এই এতটুকুন শরীরটায় কত মায়া। তারা দুজন খেয়ালি প্রকৃতিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেন না। প্রকৃতির খেয়ালিপনা না থাকলে হারম্যানের ফিরে পাওয়া হতো না স্ত্রী আর সস্তানকে। কয়েকদিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্বাস হয় না হারম্যানের। সন্তানের ঘুমন্ত শরীরটাকে কোলে নিয়ে ভাবে—সত্যিই চমকে দেওয়ার মতো একখানা ঘটনা ঘটেছে তাঁর জীবনে। নিঃসন্দেহে কোনো ব্যবসাসফল চলচ্চিত্রের পরিচালক এ গল্প পেলে লুফে নেবেন। হাসি পায় তাঁর। শিশুটিকে আরও জোরে চেপে ধরেন বুকে, যাতে টের পাওয়া যায় হূদস্পন্দন। কিঙ্কর আহ্সানওয়েবসাইট অবলম্বনে