মরণের পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় মল চত্বরের মলিন ঘাসে কত দিন আর বসা হয় না তাঁর! কত দিন তাঁর দেখা মেলে না অপরাজেয় বাংলার কাছে কিনারে! কলাভবনের করিডরে! কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চায়ের দোকানে, ডাকসু ক্যাফেটেরিয়ায় কিংবা মধুর ক্যান্টিনে! এ সবই বোধ করি খুব তুচ্ছ আবেগ। আদতে, কোথাকার কোন আবু বকর মাথায় আঘাত পেয়ে ঘুমিয়ে গেল চিরতরে, তাতে এই বিশ্বব্রহ্মাণ্ডের বাসিন্দাদের কিছুই আসে-যায় না! আসে-যায় না বলেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রের মৃত্যুর সঠিক কারণ আমাদের আর জানা হয়ে ওঠে না। ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতার বলি হয়ে হারিয়ে গেছে এমন কত মুখ! আমরা তাই আবু বকরকে প্রায় ভুলতে বসেছিলাম। ঠিক যেমনটি আমরা সচরাচর করে থাকি। কিন্তু আবু বকর নামের ছেলেটার বুঝি ভীষণ গোঁ। চিরজীবনের মতো বিস্মৃত হয়ে যাওয়ার আগে মৃত আবু বকর বুঝি আরেকবার তাই সটান জেগে ওঠেন। আবু বকরের হয়ে কথা বলে ওঠে তাঁর ফেলে যাওয়া পরীক্ষার খাতা। যথানিয়মে পরীক্ষার ফল বেরোয়! আর বিদেহী আবু বকর অর্জন করে নেন প্রথম স্থান। (প্রথম আলো, ১৭ মার্চ, ২০১০)। মৃত্যুর পর ঠিক কী হয়? মানুষ কোথায় যায়? আবু বকর কি মৃত্যুর পরও দেখতে পান সব? আমরা জানি না। শুধু মনে হয়, আবু বকরের এই প্রথম হওয়াটা আসলে অভূতপূর্ব এক প্রতিবাদ! কে বলে মৃত মানুষ প্রতিবাদ করতে জানেন না? ফলাফলের তালিকায় সবার ওপরে কালো অক্ষরে লেখা আবু বকরের নাম যেন তাঁর জীবন ছিনিয়ে নেওয়া জানোয়ারদের বুকে দগদগে ঘা হয়ে বেঁচে থাকে চিরকাল! — ই. হো. চৌ.