মরমি গানের ব্যতিক্রমী আয়োজন
মরমি সাধকেরা যুগে যুগে সৃষ্টিকর্তার মহিমা তুলে ধরেছেন গানের মধ্য দিয়ে। ভান্ডারি গানেও সৃষ্টিকর্তার প্রতি এমন সমর্পণ ও প্রেমের নিদর্শন দেখতে পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার শরিফ থেকে উৎপত্তি হওয়া ভান্ডারি গান এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ২১-২২ মার্চ দুদিনের ভান্ডারি গানের আসর বসেছিল। ফরাসিদের আগ্রহ প্রমাণ করে দেশকাল ছাপিয়ে এ গানের একটা বৈশ্বিক আবেদন তৈরি হয়েছে। দুদিনের অনুষ্ঠানের প্রথম দিন যন্ত্রানুষঙ্গের মাধ্যমে ভান্ডারি গান পরিবেশন করেন আনোয়ারুল হক ও তাঁর দল আসওয়াদের শিল্পীরা। দ্বিতীয় দিন পদাবলি কীর্তন পরিবেশন করেন অপু বর্মণ ও বাউল গান পরিবেশন করেন কুষ্টিয়ার আবদুর রব ফকির। স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বেরথে।স্যাক্সোফোন, গিটার, বেহালা, হারমোনিয়াম, দোতারা, একতারা, মন্দিরা, মৃদঙ্গ, ঢোল, তবলার মাধ্যমে ফিউশনধর্মী মাইজভান্ডার ও সুফি গান পরিবেশন করেন আসওয়াদের শিল্পীরা। তবে দলের মূল আকর্ষণ ছিল স্যাক্সোফোন। আনোয়ারুল হকের স্যাক্সোফোনবাদন। এ ছাড়া শিল্পীরা পরিবেশন করেন ‘আমার হাড় কালা করলামরে’, ‘ডালেতে লড়ি চড়ি বইও’, ‘সর্বনাশা পদ্মা নদী’ ও ‘এত দুঃখ দিলি বন্ধু রে’। গানের ফাঁকে ফাঁকে মোহাম্মদ মহসিন গানের অর্থ ও সুফিবাদের বিভিন্ন দিক নিয়ে বলেন। অনুষ্ঠানে স্যাক্সোফোন-বাদনে ছিলেন আনোয়ারুল হক, গিটারবাদনে মোহাম্মদ মহসিন, হারমোনিয়াম-বাদনে ইন্তেখাব আল মান্না, দোতারাবাদনে সুনীল কুমার দাশ, বেহালাবাদনে প্রিয়তোষ বড়ুয়া ও ঢোলবাদনে বাবুল হোসেন।অনুষ্ঠানের দ্বিতীয় দিন পদাবলি, ভজন ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন অপু বর্মণ। তিনি পরিবেশন করেন পদাবলি কীর্তন ‘অল্প বয়স মোর শ্যাম রসে জর জর’, ‘কে তোমারে জানতে পারে’ ও ‘হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে’। দ্বিতীয় পর্বে ছিল কুষ্টিয়ার বাউল শিল্পী আবদুর রব ফকির ও তাঁর দলের পরিবেশনা। আবদুর রব ফকির বলেন, ‘লালনে মোট গান আছে ৯৮৪টি, কিন্তু আমরা মনে করি ফরিদা পারভীন যে কয়টি গান গেয়েছেন তার বাইরে কোনো গান নেই।’ফকির বজলু শাহ, ফকির নজরুল ইসলাম, ফকির আনোয়ার শাহ একে একে পরিবেশন করেন ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘জাত গেল জাত গেল’, ‘এমন মানব জনম আর কি হবে’, ‘তিন পাগলে হলো মেলা’, ‘মিলন হবে কত দিনে’ গানগুলো পরিবেশন করেন। এ ছাড়া ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘ধন্য ধন্য বলি তারে’ গানগুলোও পরিবেশন করেন। ‘এমন মানবসমাজ কবে সৃজন হবে’ এ গানের মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো দূর করার আহ্বান জানিয়ে শেষ করেন তাঁদের পরিবেশনা।