মরা ডলু খালের ভাঙা সেতুর দুর্ভোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ–সংলগ্ন মরা ডলু খালের ওপর পাকা সেতু ১৯৯১ সালের বন্যায় বিধ্বস্ত হলে অস্থায়ীভাবে বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার তিন ইউনিয়নের ২০ গ্রামের মানুষ। গত ২৪ বছরেও খালের ওপর স্থায়ী সেতু না হওয়ায় হতাশ এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ২৪ মিটার দীর্ঘ বেইলি সেতুটির বিভিন্ন স্থানে কাঠের পাটাতন ভেঙে গেছে। সেতুটি দিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। তবে যানবাহন সেতুটি কাঁপতে থাকে।
সেতু দিয়ে চলাচলকারী লোকজন জানান, আধুনগরের হরিণা, চুনতির সাতগড় ও দক্ষিণ পুটিবিলাসহ ২০ গ্রামের মানুষের সেতুটি ব্যবহার করে। স্থানীয় কৃষক মো. ইসলাম বলেন, আধুনগর, চুনতি ও পুটিবিলায় সারা বছরই বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও শাকসবজি উৎপন্ন হয়। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে খরচ বেড়ে যাচ্ছে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সেতুটি সংস্কার হওয়ায় যাতায়াতসহ কৃষিপণ্য আনা-নেওয়া, অসুস্থ রোগী পারাপারে সমস্যা সৃষ্টি হচ্ছে।
আধুনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, সেতুর কারণে বর্ষাকালে ওই এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কমে যায়। লোহাগাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রথম আলোকে জানান, ২৪ মিটার দীর্ঘ এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে তিনটি ইউনিয়নের মানুষ চলাচল করে। অবিলম্বে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।